আবেদন করেও তথ্য মেলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর ও অগভীর নলকূপের নর্দমা (ড্রেন) পাকা করতে কোনো বরাদ্দ আছে কি না, জানতে চেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন করেছেন এ উপজেলার তাড়াবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম। আর চলতি অর্থবছরে বালিয়াটি ইউনিয়নে নর্দমা নির্মাণে বরাদ্দের পরিমাণ জানতে চেয়ে আবেদন করেছেন ওই ইউনিয়নের খলিলাবাদ গ্রামের মনির হোসেন। শুধু এ দুজনই নন, নানা তথ্য চেয়ে এ ধরনের আবেদন করছেন আরও অনেকে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাজাহান আলী বিশ্বাস জানালেন, গত আড়াই মাসে নানা ধরনের তথ্যের জন্য তাঁর কার্যালয়ে ২৯টি আবেদনপত্র জমা পড়েছে, যার অধিকাংশই সার ও নর্দমা নির্মাণের বরাদ্দসহ ডিজেলের ভর্তুকিসংক্রান্ত। কিন্তু তথ্য প্রদান কর্মকর্তা না থাকায় অধিকাংশ আবেদনকারীকেই তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, তাঁর দপ্তরে তথ্য প্রদানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ কে এম হাসিবুল হাসান। পদোন্নতি পেয়ে গত ১ মার্চ তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। এখন পদটি খালি রয়েছে। প্রশিক্ষণ না থাকায় অন্য কোনো কর্মকর্তাকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। এ ছাড়া বদলি হওয়ার সময় তিনি নিজেও কোনো কর্মকর্তাকে তথ্য প্রদান বিষয়ে ধারণা দিয়ে যাননি।জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে ২০০৯ সালে প্রণীত হয়েছে তথ্য অধিকার আইন। মাঠপর্যায়ে এই আইনের সঠিক বাস্তবায়ন ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে মানিকগঞ্জের সাতটি উপজেলাকে। দপ্তরে দপ্তরে কার্যকর তথ্য ইউনিট প্রতিষ্ঠা, সেবার তালিকা ও সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে মানুষের কাছে বিস্তারিত তথ্য উন্মুক্ত করাসহ সংগত তথ্য পাওয়ার বিষয় নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ মানিকগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫৯ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে।এ ছাড়া জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে জেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে টিএসডিসি, আরব, সিডা ও স্টেফ নামের চারটি বেসরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান আপাতত উপকারভোগীদের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। ফলে বিভিন্ন দপ্তরে তথ্য পাওয়ার আবেদনপত্র পড়ছে ওই সব প্রতিষ্ঠানের উপকারভোগীদের মধ্য থেকেই।সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বয়স্ক ভাতাপ্রাপ্তদের তালিকা চেয়ে আবেদন করেছেন ওই ইউনিয়নের চর ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলী। তাঁকে আবেদন করতে সহায়তা করেছে টিএসডিসি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। মোহাম্মদ আলী টিএসডিসির একজন উপকারভোগী। তাঁর মতো আরও ৩০ জন উপকারভোগীকে নানা ধরনের তথ্য পাওয়ার জন্য আবেদন করতে সহায়তা করেছে টিএসডিসি।সাটুরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে ৩২টি আবেদনপত্র জমা পড়েছে, যার প্রায় সবই বয়স্ক ও মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্তদের তালিকাসংক্রান্ত। কিন্তু তথ্য প্রদানকারী কর্মকর্তা না থাকায় তাদের তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।সাটুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রেজাউর রহমান ২০০৯ সালে প্রেষণে প্রধান কার্যালয়ে বদলি হওয়ার পর থেকে পদটি খালি আছে। বর্তমানে ঘিওর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন ওই অফিসের দায়িত্বে থাকলেও তিনি সাটুরিয়ায় আসেন মাঝেমধ্যে। তাই সব দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয় সহকারী আবদুল বারীকে। কিন্তু অজ্ঞতা আর সময়ের অভাবে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তাঁর পক্ষে আবেদনকারীদের তথ্য দেওয়া সম্ভব হয় না।জেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষার্থীদের সংখ্যা জানার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গিয়েছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী দীপক ঘোষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অজুহাতে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।তথ্য অধিকার আইন কী, তা জানেন না সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাঁর কাছে ২০১০-১১ অর্থবছরের কাবিখা ও কাবিটার বরাদ্দ এবং প্রকল্পের নাম জানতে চেয়ে লিখিত আবেদন করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নেওয়ার পরামর্শ দেন প্রথম আলোর এ প্রতিবেদকে। পরে অবশ্য তথ্য অধিকার আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পর লিখিত আবেদন জমা নেন। কিন্তু তথ্য প্রদানে গড়িমসি করছেন তিনি।উপজেলার খাস ও অর্পিত সম্পত্তির তালিকা চেয়ে প্রথম আলোর এ প্রতিবেদক আবেদন করেছিলেন ধামরাই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কাছে। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তিনি নানা অজুহাতে তথ্য সরবরাহ করা থেকে বিরত রয়েছেন। যোগাযোগ করা হলে ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) সাহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি এ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও ইউএনওর অনুমতি ছাড়া কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’ পরে ইউএনওর শরণাপন্ন হলে তিনিও কার্যকর কোনো পদক্ষেপ নেননি।তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা নিতে প্রশিক্ষণ নিয়েছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহের আলী। কিন্তু তাঁর দপ্তরে এ বিষয়ে কোনো প্রস্তুতিই নেই। তথ্য ইউনিট, সেবার তালিকা ও সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে মানুষের কাছে বিস্তারিত তথ্য উন্মুক্ত করার কোনো কার্যক্রম চোখে পড়েনি এখানে।তথ্য চেয়ে আবেদনপত্র জমা পড়েনি মানিকগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে। আবেদনপত্র জমা পড়েনি জেলা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়েও।তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সাটুরিয়া উপজেলার জনসাধারণকে সচেতন করার দায়িত্বে নিয়োজিত টিএসডিসির নির্বাহী পরিচালক অলোক রায় বলেন, নতুন কোনো বিষয় বাস্তবায়ন করতে অনেক বেগ পেতে হয়। তবে জনগণকে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা চলছে।মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর উপজেলার দায়িত্বে নিয়োজিত বেসরকারি সংস্থা আরবের উপপরিচালক জাহিদুর রহমান বলেন, আপাতত উঠান-বৈঠক করে মানুষকে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করা হচ্ছে।