আবেদন খারিজ, প্রাণভিক্ষা নাকচ
রাতে ফাঁসির রায় কার্যকর করার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের সঙ্গে সঙ্গে এই মামলার ১৩ বছর ধরে চলা আইনি ও বিচারিক কার্যক্রম শেষ হয়ে যায়। গতকাল বুধবার সকাল নয়টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চারজন বিচারপতির বিশেষ বেঞ্চ এই খারিজ আদেশ দেন। দেশের প্রচলিত আইনে এই বিচার সম্পন্ন হয়।আসামিদের আত্মীয়স্বজন গতকাল বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে দণ্ডপ্রাপ্তদের সঙ্গে দেখা করেছেন। এরই মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। রাতেই রাষ্ট্রপতি তাঁর আবেদন নাকচ করে দেন।গতকাল বিকেলেই আদালতের আদেশের অনুলিপি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে আইনজীবী কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করাটা ছিল আমাদের জাতীয় কর্তব্য। দেরিতে হলেও তা সম্পন্ন হচ্ছে। এর মধ্য দিয়ে আইনের শাসন ও অপরাধীকে যে শাস্তি পেতে হয়, তা প্রতিষ্ঠিত হলো।’আদেশ: প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামসহ চারজন বিচারপতি এজলাসে এসে বসলে আদালতে পিনপতন নীরবতা নেমে আসে। প্রধান বিচারপতির বাঁ দিকে বসেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ডান দিকে প্রথমে বিচারপতি বি কে দাস ও বিচারপতি এস কে সিনহা। আসন গ্রহণের পর আদেশ পড়ে শোনান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। তিনি বলেন, রায় পুনর্বিবেচনার সব কয়টি আবেদনের ওপর আইনজীবীদের বক্তব্য বিশদভাবে শোনা হয়েছে। আইনজীবীরা আপিল শুনানির সময় যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, এবারও শুনানিতে সেগুলো উপস্থাপন করেন। এই আদালত চূড়ান্ত রায়ে (আপিল বিভাগের চূড়ান্ত রায়) সেসব যুক্তি নিষ্পত্তি করে দিয়েছেন। তাই সার্বিক বিষয়বস্তুর ওপর ভিত্তি করে দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য উত্থাপিত এসব যুক্তির আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে পরে বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। পুনর্বিবেচনার আবেদনগুলো খারিজ করা হলো।এজলাসের বাঁ পাশের প্রথম বেঞ্চে ছিলেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী শেখ ফজলে নূর। সঙ্গে ছিলেন এ এফ এম মেজবাহউদ্দিন, তওফিক নেওয়াজ, আব্দুল মতিন খসরু, শ ম রেজাউল করিম ছাড়াও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক, খন্দকার দিলরুজ্জামান প্রমুখ। ডান পাশে প্রথম বেঞ্চে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী আকন্দ ও অ্যাডভোকেট অন রেকর্ড উপস্থিত ছিলেন। আসামিপক্ষের মুখ্য কৌঁসুলিদের কেউ তখন ছিলেন না।রাষ্ট্রপক্ষের সংবাদ ব্রিফিং: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটা পৃথিবীর স্বচ্ছতম বিচারপ্রক্রিয়া। জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারের পরিসমাপ্তি হলো। আসামিপক্ষ যেসব যুক্তি উপস্থাপন করেছে, আদালত তা গ্রহণ করেননি। রায়-পরবর্তী যেসব কার্যক্রম আছে, আইন অনুযায়ী এখন কারা কতৃপক্ষ তা করবে।আদেশে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, ‘শোকর আলহামদুলিল্লাহ। হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। এটি ছিল আইনের শাসন ও ন্যায়বিচারের সংগ্রাম।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩ জানুয়ারি মৃত্যুপরোয়ানা জারির পর থেকে ফাঁসির রায় কার্যকরের দিন গণনা শুরু হয়েছে। এই সময়সীমা ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। তাই যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে। আসামিপক্ষের ব্রিফিং: আসামিপক্ষের আইনজীবী খান সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এই ধরণীতে মানুষের অসহায়ত্তের সময় ধৈর্যই বড় ধর্ম।’ তিনি বলেন, ‘১৯৯৭ সাল থেকে এই মামলায় আমি আইনি লড়াই চালিয়ে আসছি। এখন আমার সেই লড়াই শেষ হলো। এখন আমি মুক্ত বিহঙ্গ। তবে বিবেকের প্রতারণা সমাজের এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা দেখে আমি ব্যথিত।’আসামিপক্ষের অপর আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, সংক্ষুব্ধ হলেও এই আদেশ মেনে নিতে হবে। তিনি বলেন, এই মামলার ঘটনার জীবিত ভুক্তভোগী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি যদি ফাঁসি কার্যকর না করে আসামিদের আজীবন কারাগারে রাখার সুযোগ করে দেন, তাহলে সেটি হবে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত।আসামিপক্ষের অপর আইনজীবী আবদুর রেজাক খান বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য করার আর সুযোগ নেই। হত্যাকাণ্ড সব সময় নিষ্ঠুর, নির্মম ও নিন্দনীয়।মামলার বাদী আ ফ ম মোহিতুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে মামলা দায়ের করেছিলাম, দীর্ঘদিন পরে হলেও সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমি অত্যন্ত খুশি। জাতির সঙ্গে একাত্ম হয়ে আমি সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া আদায় করছি।’দণ্ডপ্রাপ্ত যাঁরা: বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। তাঁদের মধ্যে ছয়জন পলাতক আছেন। একজন আজিজ পাশা ইতিমধ্যে মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার), সুলতান শাহারিয়ার রশিদ খান, সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিন (আর্টিলারি)। আপিল বিভাগে এই পাঁচজন আইনি লড়াই করেছেন। গতকাল পর্যন্ত চারজন সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন, যা রাষ্ট্রপতি নাকচ করেছেন। সুলতান শাহরিয়ার রশিদ খান আবেদন করেননি।আগের চার রায়: পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। কিন্তু এই বর্বর হত্যাকাণ্ডের বিচার পদে পদে বাধার মুখে পড়ে। ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশের কারণে বিচার শুরু করা যায়নি দীর্ঘ সময়। তাই হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল করে আওয়ামী লীগ সরকার। একই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মোহিতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।প্রথম রায়: ১৯৯৮ সালের ৮ নভেম্বর তত্কালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন।দ্বিতীয় রায়: নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। বিচারপতি এম রুহুল আমিন ১৫ আসামির ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন পাঁচজনকে। অপর বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির সবার মৃত্যুদণ্ড বহাল রাখেন।তৃতীয় রায়: এরপর ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন তিনজনকে। এই ১২ জনের মধ্যে একজন মারা গেছেন, ছয়জন পলাতক রয়েছেন। অপর পাঁচজন কারাগারে আটক আছেন।দীর্ঘ ছয় বছর পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপিল বিভাগে একজন বিচারপতি নিয়োগ দেওয়ার পর ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন।চতুর্থ রায়: এর প্রায় দুই বছর পর ২০০৯ সালের ২৪ আগস্ট আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই বছরের ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। আপিল শুনানির জন্য তত্কালীন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন গত ৪ অক্টোবর বর্তমান প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেন। আপিল বিভাগ গত ৫ অক্টোবর থেকে টানা ২৯ কর্মদিবস শুনানি করার পর গত ১৯ নভেম্বর চূড়ান্ত রায় ঘোষণা করেন। এরপর করা পুনর্বিবেচনার আবেদন গতকাল খারিজ করে দেন আপিল বিভাগ।