আবেদনকারীরা কাজের সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায়
মালয়েশিয়া সরকারের কাছে ক্ষমা চেয়ে আবেদন করা প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসী নির্দিষ্ট কিছু কাজের সুযোগ পাবেন। এখন থেকে পাম তেল চাষাবাদ বা নির্মাণ খাতের মতো যেসব জায়গায় মালয়েশিয়ারা কাজ করতে চান না, সেসব খাতে তাঁরা কাজ করতে পারবেন।বিবিসির খবরে বলা হয়, মালয়েশিয়া সরকার আবেদনকারী অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে সবচেয়ে উপকৃত হবেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ফিলিপাইন থেকে ওই দেশে যাওয়া শ্রমিকেরা।কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান বিবিসিকে বলেন, মালয়েশিয়া সরকারের এই বৈধতা কর্মসূচির প্রথম স্তর হচ্ছে নাম নিবন্ধন করা। যাঁরা অবৈধ কর্মী, তাঁরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিবন্ধন করছেন। বিভিন্ন খাতে পর্যায়ক্রমে তাঁদের বৈধতা দেওয়া হবে। আর যাঁরা বৈধ আছেন, তাঁদেরও নিবন্ধন করতে হবে। রাষ্ট্রদূত বলেন, ‘এই ঘোষণায় নতুন কোনো বাংলাদেশির মালয়েশিয়ায় আসার সুযোগ আপাতত নেই। আগে এই প্রক্রিয়াটি শেষ হোক। তারপর আমরা দেখছি, কদ্দুর কী করা যায়।’