বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মরদেহ গতকাল শুক্রবার নওগাঁর চকপ্রাণ মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। গতকাল মরহুমের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে নওগাঁয় নেওয়া হয়।এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল জলিলের জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য, সংসদের সরকারি ও বিরোধীদলীয় হুইপ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সরকারি ও বিরোধী দলের সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তি ও মরহুমের আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন।জানাজার আগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, স্পিকার আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফুল দেয়। এ ছাড়াও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুম আব্দুল জলিলের জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ রাজনৈতিক নেতারা জানাজায় শরিক হন।সকাল নয়টায় মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে মরদেহ নওগাঁয় নেওয়া হয়। নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার অসংখ্য মানুষ এই নেতার মরদেহ শেষবারের মতো দেখতে যান। বিকেল সোয়া পাঁচটায় নওগাঁর এটিম মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জায়গার সংকুলন না হওয়ায় একই মাঠে দুইবার জানাজা হয়। পরে চকপ্রাণ মহল্লায় সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের বড় ছেলে নিজাম উদ্দিন জলিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাজশাহীর মেয়র এ কে এম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন। গত বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ রাজনীতিবিদ মারা যান। আব্দুল জলিলের মৃত্যুতে এফবিসিসিআই, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণঐক্য, সম্মিলিত বঙ্গবন্ধু সমর্থক ঐক্যজোট, জাতীয় শ্রমিক লীগ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।