আব্দুল জলিলের মরদেহ পৌঁছেছে
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিলের মরদেহ বিমানযোগে ঢাকায় পৌঁছেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত আটটার দিকে লাশটি এসে পৌঁছায়।বিমানবন্দরে অবতরণের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁর মরদেহ গ্রহণ করেন। এরপর মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।আগামীকাল শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম এবং সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারে লাশ নওগাঁয় নিয়ে যাওয়া হবে এবং সেখানে বাদ জুমা তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আব্দুল জলিল মারা যান। গত সোমবার বিকেলে তাঁর হূদযন্ত্রে বাইপাস সার্জারি হয়। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার সফল হয় এবং তিনি কথাও বলেন। কিন্তু কিডনিতে ডায়ালাইসিসজনিত জটিলতায় গতকাল ভোর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করেও তাঁকে বাঁচানো যায়নি। ২০০০ সালেও তাঁর হূদযন্ত্রে একবার বাইপাস সার্জারি করা হয়েছিল।আব্দুল জলিলের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর দুই মেয়ে চিকিত্সক। বড় ছেলে লন্ডনে বার-অ্যাট-ল করছেন। ছোট ছেলে স্কুলে পড়াশোনা করছে। আব্দুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজউদ্দিন আহমেদ এবং মায়ের নাম জারিনা ফায়েজ। আব্দুল জলিল ২০০২ থেকে ২০০৯ সালের ২৪ জুলাই পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী ও সংসদীয় বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল জলিল ১৯৭৩, ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।