ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের আলোচনার প্রতি ইঙ্গিত দিয়ে এর সমালোচনা করেছেন মহাজোট সরকারের দুজন সাংসদ তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন। গতকাল বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় তাঁরা এই সমালোচনা করেন।মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এক দিকে যুদ্ধাপরাধীদের বিচার করছেন, আবার হেফাজতে ইসলামের সঙ্গে ব্ল্যাসফেমি আইন নিয়ে কথা বলছেন। আমরা একবার এদিক যাচ্ছি, আবার ওদিক যাচ্ছি। আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। এতে আমও যাবে, ছালাও যাবে।’রাশেদ খান মেনন আরও বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম সাহস নিয়ে কিছু একটা করেছে। আমরা তাদেরও আক্রমণ করেছি।’ তিনি বলেন, ‘এই বছরটা বেশ গুরুত্বপূর্ণ। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে নিজেরাই উদ্বিগ্ন। মনে হচ্ছে আমরা দিশাহীন চলছি।’রাশেদ খান মেননের সঙ্গে সহমত প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘দুই দিকে পা দিলে কোনোটাই হয় না। একটা লক্ষ্য ঠিক করে আমাদের অগ্রসর হতে হবে।’ তিনি আরও বলেন, দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। চলন্ত গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। রেললাইন উপড়ে ফেলা হচ্ছে। এ ধরনের নাশকতায় সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।আলোচনায় সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। তবে সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে অর্থাৎ চলতি বছরের ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ ভেঙে দেবেন প্রধানমন্ত্রী।