আমতলার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। বাংলাদেশের ইতিহাস এক নতুন যুগে প্রবেশ করে। আগামী একুশে ফেব্রুয়ারি সেই জায়গায়, সেই সময়ে পুনরায় রচনা করা হবে সেই নিয়তি-নির্ধারণী ৩০ মিনিট। ঐতিহাসিক সেই সময়টি বুঝে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন।]একটি ছোট্ট চেয়ার নিয়ে আমতলায় রাখা হলো। ৪ ফেব্রুয়ারি বেলতলায় দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারিতে যে ধর্মঘট এবং মিছিলের আহ্বান জানানো হয়েছিল, একুশে ফেব্রুয়ারিতে বেলা এগারটা-সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা আরম্ভ হলো। সভাপতি হিসেবে আমার নাম প্রস্তাব করলেন এম আর আখতার মুকুল, সমর্থন করলেন কমরুদ্দিন শহুদ।সভাপতি হিসেবে আমি প্রথমে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের পক্ষ থেকে শামসুল হককে তাঁর বক্তব্য দেওয়ার আহ্বান জানাই। কিছু ছাত্র এতে বাধা দিলেও শেষ পর্যন্ত তিনি তাঁর বক্তব্য দেন। জনাব হক বাগ্মী ছিলেন। চমত্কার বলতে পারতেন। ১৪৪ ধারা না ভাঙার পক্ষে তিনি যুক্তি উপস্থাপন করে ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু জনাব হকের কোনো যুক্তিই আমতলায় সমবেত ছাত্ররা মানতে রাজি ছিল না। দুই-একজন অবশ্য তাঁর বক্তব্যকে সমর্থন করতে যাচ্ছিলেন, কিন্তু সম্মিলিত ছাত্রদের উত্তপ্ত বিক্ষোভের জন্য তা সম্ভব হয়নি। এরপর আবদুল মতিনকে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। আবদুল মতিন শান্তভাবে যুক্তি দিয়ে ১৪৪ ধারা ভাঙার পক্ষে বক্তব্য দিলেন।সব শেষে সভাপতি হিসেবে আমি আমার বক্তব্য দিই। আমার মনে পড়ে, আমি বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমার সেদিনের বক্তব্যের সব কথা মনে পড়ে না। যুক্তির চেয়ে আবেগই ছিল বেশি। তবে মোটামুটিভাবে শেষাংশ বোধ হয় এ রকম ছিল: ‘নূরুল আমিন সরকার বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করেছে। ১৪৪ ধারা ভাঙা হলে নাকি গুলি করা হবে—ছাত্রদের গুলি করে হত্যা করা হবে। আমরা নূরুল আমিন সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করছি। ১৪৪ ধারা আমরা ভাঙব। আমরা দেখতে চাই নূরুল আমিন সরকারের বারুদাগারে কত বুলেট জমা আছে।’ আমার বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ধ্বনিত হলো ‘১৪৪ ধারা মানি না, মানি না’। ঠিক এমন সময় আবদুস সামাদ চিত্কার করে বললেন, ‘আমরা সত্যাগ্রহ করব এবং কীভাবে করব—কয়জন করে?’ তিনি একটি প্রস্তাবও আনলেন, ১০ জন ১০ জন করে সত্যাগ্রহ করা হবে, ১৪৪ ধারা ভাঙা হবে। প্রস্তাবটি গৃহীত হলো। সত্যাগ্রহীরা শান্তিপূর্ণভাবে ভাষার দাবিতে স্লোগান দিয়ে পরিষদ ভবনের দিকে যাবে।গাজীউল হক: প্রয়াত আইনজীবী, ভাষা-সংগ্রামী।সূত্র: একুশের পটভূমি, একুশের স্মৃতি, সম্পাদনা: মতিউর রহমান, পার্ল পাবলিকেশন্স ও প্রথম আলো