আমতলী ডিগ্রি কলেজ ও বরগুনা সরকারি কলেজের কৃতিত্ব
এবারের এইচএসসি পরীক্ষায় আমতলী ডিগ্রি কলেজ থেকে ৪৮ জন ও বরগুনা সরকারি কলেজ থেকে ২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হারসহ চারটি মাপকাঠি বিবেচনায় বরিশাল বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে আমতলী ডিগ্রি কলেজ পঞ্চম এবং বরগুনা সরকারি কলেজ অষ্টম স্থান লাভ করে। আমতলী ডিগ্রি কলেজটি জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ডের দশটি সেরা কলেজের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। আমতলী ডিগ্রি কলেজ থেকে ৩৯২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩৪৩ জন কৃতকার্য হন। এ কলেজে পাসের হার ৮৮ দশমিক ৪ ভাগ। অপরদিকে বরগুনা সরকারি কলেজ থেকে ৫৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৪১৩ জন। এ কলেজে পাসের হার ৫৬ দশমিক ৮২ ভাগ।জেলায় এবার ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্য কলেজগুলো হলো বেতাগী ডিগ্রি কলেজ (১৩ জন), পাথরঘাটা ডিগ্রি কলেজ (১১ জন), তালতলী ডিগ্রি কলেজ (ছয়জন), বামনা উপজেলার বেগম ফায়জুন্নেছা মহিলা কলেজ (পাঁচজন), বরগুনা সরকারি মহিলা কলেজ (দুজন), আমতলী বকুল নেসা মহিলা কলেজ (তিনজন), পাথরঘাটা হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ (তিনজন), বামনা ডিগ্রি কলেজ (দুইজন), মিরুখালী কলেজ (তিনজন) ও আমতলী উপজেলার টিয়াখালী কলেজ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।বরগুনা জেলায় এবার ২৪টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২টি কলেজ থেকে ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জেলায় এবার পাসের হার ৭৬ দশমিক ৪৩ ভাগ। বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, বরগুনা সরকারি কলেজে শিক্ষকসংকট চরম। এ ছাড়া সুযোগ-সুবিধার ক্ষেত্রেও এই কলেজটি অনেক অবহেলিত। তারপরও এই কলেজের শিক্ষার্থীরা এবার যে সাফল্য বয়ে এনেছে, তা সত্যি বিরল। অনেক সীমাবদ্ধতা আর সংকটের মধ্যেও শিক্ষার্থীরা যে কৃতিত্ব বয়ে এনেছে তাতে প্রমাণ হয় একাগ্রতা দিয়ে সব বাধা দূর করা সম্ভব।