আমতলী-দাড়িদহ সড়ক বেহাল
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে গত ২৩ আগস্ট দাড়িদহ বাজারে যাচ্ছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী সাব্বির হোসেন। আমতলী-দাড়িদহ সড়কের জুড়িখোলাছিয়া গ্রামের কাছে এসে থামতে হয় তাঁকে। তিনি সড়কটি দেখে বলেন, ‘এই রাস্তায় গাড়ি চলে কীভাবে! সড়কের বেহাল অবস্থা দেখে ভয় লাগছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’দাড়িদহ বাজার থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাচালক হানিফ উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, ‘সড়কের এই স্থানে ভাঙতে ভাঙতে একেবারে খারাপ হয়ে গেছে। খুব সাবধানে গাড়ি চালাতে হয়। প্রতিদিন রাস্তা ভাঙছে। এ অবস্থা চলতে থাকলে যেকোনো সময় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।’ সড়কটির ওই অংশে গিয়ে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বেশির ভাগই উঠে গেছে। দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় ৩০০ ফুট সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি খানাখন্দ ও গর্তে ভরে গেছে। অনেক জায়গায় কার্পেটিং, ইট-পাথর ও সুরকি উঠে সড়কের চিহ্ন পর্যন্ত নেই। যানবাহন চলাচলের সময় নৌকার মতো হেলেদুলে কাত হয়ে উল্টে পড়ার উপক্রম হয়। সামান্য বৃষ্টিতে সড়কের ওপরে পানি জমে কাদার সৃষ্টি হয় এখানে। এলাকাবাসী তাঁদের দুর্ভোগের বিষয়টি জানিয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিলেও সমস্যা থেকে বের হতে পারছেন না। খোলাছিয়া গ্রামের কৃষক আবদুল মান্নান (৪৮) বলেন, ‘এই আস্তাডা ভালোই চালু হচে। টেরাক, ইশকা-ভ্যান, ট্যাম্পুও চলিচ্ছিল। কিন্তুক আস্তাডা ইংকা ধস্যা পড়ায় হামাকেরে যাওয়া-আসার সমেস্যা হচ্চে। কত ট্যাকাই তো কী হয়্যা যাচ্চে শুনি। মিচ্চি এনা এই আস্তাডা ভালো করতে কত ট্যাকা আর লাগবি। কিন্তু কেউ ফিরাও দেকিচ্চেনা এদিকিন।’শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘বড় কষ্টে আছেন এলাকাবাসী। সামান্য পরিমাণ এ সড়কটি একটু সংস্কার করলে চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে পারে অনেক মানুষ। যাত্রীদের চলাচলেও বিড়ম্বনা থাকে না।’ এলাকার চেয়ারম্যান (শিবগঞ্জ ইউনিয়ন) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আসলেই এ এলাকার মানুষ সড়কটির বর্তমান অবস্থার কারণে চরম দুর্ভোগে আছেন। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না।’এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জানেন না। তবে এমন অবস্থা হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।