আমতলীতে আহত হয়ে পরীক্ষা দিতে পারল না ৩ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে একটি টমটম উল্টে সড়কের পাশের খাদে পড়ে আটজন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষার প্রথম দিনে আজ সকালে আমতলীর গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের আট পরীক্ষার্থীসহ ১২ জন যাত্রী নিয়ে একটি টমটম আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে যাচ্ছিল। সকাল সোয়া নয়টার দিকে আমতলীর কাছাকাছি ফায়ার সার্ভিস-সংলগ্ন সড়কে টমটমটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহত হওয়া যাত্রীদের মধ্যে আটজনই পরীক্ষার্থী । পরীক্ষার্থীদের মধ্যে গুরুতর আহত শাহিদা, লিজা ও এমিলিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত পরীক্ষার্থী লিপা, সালমা, শিরিন, সঞ্চিতা ও নুপুর আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পরীক্ষায় অংশ নেয়। আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের সচিব আবদুর রশিদ মিয়া ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন। স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। প্রথমবারের মতো শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ, ৫ হাজার ৩৯১ জন। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকি বিষয়গুলোর প্রশ্নপত্র হবে সৃজনশীল পদ্ধতিতে।