আমতলীতে ধানের দর কমছে বেড়েছে চালের দাম
আমতলীর ধান-চালের বাজারগুলোতে হঠাৎ ধানের দাম পড়ে গেছে। বস্তাভর্তি ধান নিয়ে বাজারে এসে কৃষকেরা ক্রেতা খুঁজে পাচ্ছেন না। পাইকারি ক্রেতারাও ধান কিনছেন না। কম দরে ধান কেনার জন্যই এ কৌশল বলে কৃষকেরা অভিযোগ করেছেন। অপরদিকে খুচরা বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এ পরিস্থিতিতে উপজেলার কোথাও খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) এখনো শুরুই হয়নি। কৃষক ও স্বল্প আয়ের মানুষ দারুণ বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন।আমতলী উপজেলার বাজারগুলোতে আউশ ধানের দর মণপ্রতি ১০০ থেকে ১২০ টাকা কমে গেছে। সোম ও মঙ্গলবার আমতলী, বগী, গাজীপুর ও তালুকদারহাট বাজার ঘুরে দেখা গেছে, আউশ ধান বিক্রি হচ্ছে ৬৫০ টাকা প্রতি মণ দরে। স্থানীয় আড়তদাররা জানান, ওই সব বাজারে পাঁচ-ছয় দিন আগে এক মণ আউশ ধান বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৭৭০ টাকায়। হঠাৎ ধানের দাম হ্রাস পাওয়াকে কৃষকেরা ফড়িয়াদের (পাইকারি ক্রেতা) সিন্ডিকেটকেই দায়ী করেছেন। হলদিয়ার কৃষক আ. রশিদ বলেন, ‘বাজারে বস্তায় বস্তায় ধান আইন্না দেহি গাহেক (ক্রেতা) নাই। বিনা নোটিশে হেরা ধান কেনা বন্ধ করছে। উপায় না পাইয়া কৃষকরা কম দামেই তো ধান ছাইড়া দেবে।’ বড় বগী গ্রামের জালাল মৃধা বলেন, ‘সামনে ঈদ। গ্রামের মানুষ ঠেকা আছে। তাই আড়তদার ও ফইরাগুলায় (ফড়িয়া) এই ধান্ধা লইছে।’ আমতলী নতুন বাজারের আড়তদার জাকির হোসেন ধান না কেনার কথা স্বীকার করে বলেন, ‘ট্রাক ইউনিয়নের নেতারা ট্রাক ভাড়া বৃদ্ধি করায় গত দুই দিন আমরা ধান ক্রয় করিনি। ফলে ধানের দাম কমেছে।’গাজীপুরের আড়তদার আবু সালেহ বলেন, ‘মোকামের (যেসব জায়গায় ধান রপ্তানি করা হয়) চাহিদা অনুযায়ী ধান-চাল কেনা হয়। আমরা স্থানীয় ব্যবসায়ীরাও মোকামের সিন্ডিকেটের কাছে অসহায়।’ আমতলীতে অবস্থানকারী চাঁদপুরের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘আমরা চাহিদামতো ধান কিনছি। তবে এ বছর এই এলাকায় ধানের ফলন গত বছরগুলোর তুলনায় বেশি। তাই মোকামগুলোতে কম টানছে।’অপরদিকে খুচরা বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছেন স্থানীয় চাল ব্যবসায়ীরা। বাজারে টেপু (মোটা ইরি) প্রতি কেজি ৩৪ টাকা, চিকন (পলিশ করা ইরি) ৩৫ ও মিনিকেট চাল ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। আমতলী শহরের চাল ক্রেতা আবুল বাশার জানান, মাত্র সাত দিনের ব্যবধানে চাল কেজিপ্রতি দু-তিন টাকা বেড়েছে। বড় বাজারের চাল বিক্রেতা দীপঙ্কর দে বলেন, ‘দিনাজপুর, নাটোর, বরিশালের মোকামগুলোতে চালের দাম বেড়েছে, তাই আমরাও বাড়াতে বাধ্য হয়েছি।’অন্যদিকে উপজেলার কোথাও ওএমএস ডিলাররা চাল বিক্রি শুরু করেননি। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, এখনো খোলাবাজারে চাল বিক্রির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া যায়নি। নির্দেশ এলেই তা কার্যকর করা হবে।