আমতলীতে নেই আর নেই
আমতলী উপজেলার তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালতলীতে ২০ শয্যার, কুকুয়া, গাজীপুর ও গুলিশাখালীতে আরও তিনটি ১০ শয্যার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এর মধ্যে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের স্থলে রয়েছে চারজন। এ ছাড়া উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই।খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চারদলীয় জোট সরকারের আমলে ৫০ শয্যায় উন্নীত করা হলেও আজও তা কার্যকর হয়নি। এ স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ১০০-১৫০ জন ও আন্তর্বিভাগে ৭০-৮০ জন রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকে। ফলে চিকিৎসা দিতে ও স্থানসংকুলান করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। অনেক সময় রোগীকে বারান্দায় বা মেঝেতে রেখে চিকিৎসা নিতে হয়।এ হাসপাতালে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট), একজন অস্ত্রোপচার বিশেষজ্ঞ, একজন মেডিকেল বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ, একজন ডেন্টাল সার্জনের পদ থাকলেও বর্তমানে মাত্র চারজন চিকিৎসক কর্মরত আছেন, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সমস্ত পদই শূন্য রয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম এ খালেক নিজাম জানান, চারদলীয় জোট সরকার এ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। জনসংখ্যা ও আয়তনের অনুপাতে আমতলী একটি বড় উপজেলা হওয়ায় এখানে ৩১ শয্যার হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন দুরূহ হয়ে পড়েছে। এ ছাড়া চিকিৎসক-সংকটের কারণে সেবা কার্যক্রম নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে।একইভাবে চিকিৎসকের অভাবে কুকুয়া ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের আন্তর্বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রের ভবনের অবস্থা এতই নাজুক যে সেখানে চিকিৎসা কার্যক্রম চালানো খুবই ঝুঁকিপূর্ণ।আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মদন জি পাল জানান, চিকিৎসক, জনবল ও অবকাঠামোগত সমস্যার কারণে উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো করা হয়েছে।