আমতলীতে বিআরডিবির দেড় হাজার সমবায়ী ঋণসুবিধা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিত কমিটি না থাকায় বিআরডিবির দেড় হাজার সমবায়ী ঋণসুবিধা পাচ্ছে না।সমবায়ী ব্যক্তি ও বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ২ অক্টোবর কমিটির মেয়াদ শেষ হলে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে স্থানীয় ৯৯টি প্রাথমিক সমিতির নির্বাচন না হওয়ায় ভোটার তালিকার বৈধতাসহ নির্বাচনী তফসিলে বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়ায় ওই সময় নির্বাচন-প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ দৌলাকে সভাপতি করে উপজেলা কেন্দ্রীয় সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। বিধি অনুযায়ী, ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় আবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের ভূঁইয়াকে সভাপতি করে আরেকটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। গত ৫ এপ্রিল এই কমিটি অনুমোদনের জন্য বরিশাল বিভাগীয় দপ্তরে পাঠানো হয়েছে। এসব জটিলতার কারণে আবর্তক কৃষি ও মহিলা উন্নয়ন অনুবিভাগ সমিতির এক হাজার ৪৮৪ জন সমবায়ী ঋণ কার্যক্রমের বাইরে থেকে গেছে। উপজেলা বিআরডিবির কর্মকর্তা সূত্রে জানা যায়, তাঁদের আওতাধীন বিভিন্ন সমিতির মধ্যে ৫৬টি আবর্তক কৃষি সমিতি এবং ৪৩টি মহিলা উন্নয়ন অনুবিভাগ সমিতির সমবায়ী সদস্যের কাছে ৪৩ লাখ তিন হাজার টাকা খেলাপি ঋণ রয়েছে। এই বিপুল পরিমাণ টাকা অনাদায়ি থাকায় খেলাপি সদস্যদের সঙ্গে ঋণ কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব নয়।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন জানান, সমবায় আইন অনুসারে নির্বাচিত কমিটি ছাড়া ঋণ দেওয়া যায় না। তবে সিডর ও আইলায় নিজেদের ক্ষতিগ্রস্ত দাবি করে অনেক সদস্য ঋণের টাকা ফেরত দিচ্ছে না। তা ছাড়া ২০০৩ সালে ঋণ কার্যক্রমে ২৬ লাখ টাকা বরাদ্দ পাওয়ার পর থেকে এ পর্যন্ত আর কোনো বরাদ্দও আসেনি। তাই ঋণ কার্যক্রম স্থবির হয়ে আছে।