আমতলীতে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলীতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যে পৌর শহরের বিভিন্ন স্থানে বাহারি পোস্টার লাগিয়ে ঈদ-পূজার শুভেচ্ছা জানিয়ে এবং দোয়া চেয়ে তাঁরা প্রার্থী হওয়ার কথা জানান দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির একাধিক নেতা-কর্মী নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ দলের সমর্থন পাওয়ার জন্য ও নেতা-কর্মীদের নিজের পক্ষে টানার নানা কৌশল অবলম্বন করছেন। প্রার্থীরা কুশল বিনিময় করতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বিভিন্ন শ্রেণীপেশার লোকজনসহ সাধারণ ভোটারদের সঙ্গে দেখা করে দোয়া প্রার্থনা করছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চালাচ্ছেন গণসংযোগ। পৌরসভার হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ও পথঘাটে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা প্রার্থীর পক্ষে নানা যুক্তি তুলে ধরে তর্কবিতর্ক করছেন। বিভিন্ন উৎসব, দিবস ও দলীয় কর্মসূচিতে মোটা অঙ্কের অনুদানও দিচ্ছেন কোনো কোনো প্রার্থী। দান-খয়রাত করছেন সাধ্যমতো। অনেক প্রার্থী এখনই নির্বাচনী কার্যালয় খুলে ভোটার ও সমর্থকদের চা-পান-সিগারেট খাওয়ার ব্যবস্থা করছেন। দান-অনুদানেও অনেক প্রার্থী হাত খুলে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় শ্রেণীর আমতলী পৌরসভায় বর্তমান ভোটারের সংখ্যা প্রায় ১০ হাজার। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা না করলেও এখন থেকেই পৌর এলাকার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য মেয়র তালিকায় এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন বর্তমান পৌর মেয়র নাজমুল আহসান, এম এ কাদের, গাজী সামসুল হক ও মতিয়ার রহমান। এ ছাড়া বিএনপি থেকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন তুহিন মৃধা, নূরুল ইসলাম ও সৈয়দ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিল্লুর রহমান। বর্তমান পৌর মেয়র নাজমুল আহসান বলেন, ‘সামনে নির্বাচন বলে নয়, আগেও জনগণের পাশে ছিলাম, এখনো সার্বক্ষণিক আছি।’ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, ‘দল সমর্থন দিলে নির্বাচনে অংশ নেব। এ জন্য অনেক আগে থেকেই মাঠে কাজ করছি।’ বিএনপি সমর্থিত নূরুল ইসলাম বলেন, ‘বহুদিন ধরে রাজনীতির সুবাদে মানুষের সুখ-দুঃখের সঙ্গে আছি। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এখন সার্বক্ষণিক গণসংযোগ করছি।’সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নম্বর ওয়ার্ডে মঈন পাহলান, নজরুল ইসলাম ও হাবিবুর রহমান; ২ নম্বর ওয়ার্ডে সেলিম পঞ্চায়েত ও মনিরুল ইসলাম পাহলান; ৩ নম্বর ওয়ার্ডে শাহ আলম, জাহিদুল ইসলাম তালুকদার ও খলিলুর রহমান খান; ৪ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম তালুকদার, মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান, গোলাম মোস্তফা মুন্সি, আবু হানিফ, রণজিৎ কুমার শীল, অমল কৃষ্ণ পাল ও রিপন মুন্সি; ৫ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন, খায়রুল হাসান, ফরহাদ মৃধা ও আক্কাস চৌকিদার; ৬ নম্বর ওয়ার্ডে আশ্রাফুজ্জামান, অশোক মজুমদার ও মোস্তাফিজুর রহমান; ৭ নম্বর ওয়ার্ডে নার্গিস বেগম, কামরুজ্জামান তালুকদার, জাকির হোসেন হাওলাদার, হারুন-অর-রশিদ ফকির ও মহিউদ্দিন; ৮ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন চাপরাশি, কালু মিয়া, কামরুল হাসান ও মেনাজ উদ্দিন চৌকিদার এবং ৯ নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন, জি এম মুছা ও ফারুক গাজী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মুকুল বেগম ও মর্জিনা বেগম; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মাসুদা, সামসুন নাহার ও শিউলী রানী মাল এবং ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডে মাকসুদা আক্তার ও সামসুন্নাহার গণসংযোগ শুরু করেছেন।