আমতলীর ৪৪ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় ৪৪টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয়ই নেই। নয় বছর আগে ২০০১ সালে উপজেলা শিক্ষা অফিস ৪৪টি গ্রামকে ‘বিদ্যালয়বিহীন’ চিহ্নিত করে। উপজেলার শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া, মধ্য ডালাচারা, পশ্চিম গোছখালী ও পূর্ব খেকুয়ানী, কুকুয়া ইউনিয়নের পশ্চিম রায়বালা, চরখালী, কালীপুরা ও কৃষ্ণনগর, চাওড়া ইউনিয়নের বেতমোর, গিলাতলা, দক্ষিণ চন্দ্রা ও পশ্চিম চন্দ্রাসহ আঠারগাছিয়া ইউনিয়নের তিনটি, হলদিয়া ইউনিয়নে ১২টি, আমতলী সদর ইউনিয়নে তিনটি, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দুইটি, পচাকোড়ালিয়া ইউনিয়নের দুইটি, কড়ইবাড়িয়া ইউনিয়নে তিনটি এবং বড়বগী ইউনিয়নের ছয়টি গ্রাম বিদ্যালয়বিহীন অবস্থায় রয়েছে। বিদ্যালয়বিহীন এসব গ্রাম চিহ্নিত করার পর নয় বছর পার হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি শিক্ষা বিভাগ। পূর্ব খেকুয়ানী গ্রামের অভিভাবক আ. লতিফ শিকদার জানান, এ গ্রামের শিশুদের হেঁটে দুই-তিন কিলোমিটার দূরে অন্য গ্রামে বিদ্যালয়ে যেতে হয়। এ কারণে গ্রামের অধিকাংশ শিশু বিদ্যালয়ে পড়তে যায় না। চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিজ উদ্দিন বলেন, ‘সচ্ছল পরিবারগুলো স্কুলের কাছে বাসা ভাড়া করে বাচ্চাদের লেখাপড়া করাচ্ছেন। কিন্তু নিজ গ্রামে বিদ্যালয় না থাকায় কম অবস্থাপন্ন পরিবারের শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত।’ এ ব্যাপারে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। সবকিছু এই মুহূর্তে বলতে পারছি না। তবে যত দূর জানি, আমতলী উপজেলায় পাঁচটি বিদ্যালয়বিহীন গ্রামে শিক্ষা বিভাগ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে।’