আমদানি করা আঙুরে ফরমালিন
আমদানি করা আঙুরে ক্ষতিকর ফরমালিন পাওয়া গেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর বেশ কিছু ফলের দোকানের আঙুর পরীক্ষা করে তাতে ফরমালিন পেয়েছে। বিএসটিআই গত ৬ থেকে ২০ জুনের মধ্যে এসব পরীক্ষা করে। গত মে মাসে উচ্চ আদালতের একটি আদেশে ফল ও খাদ্যে ফরমালিন এবং ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার নিষিদ্ধ করা হয়। বাংলাদেশ পিওর ফুড অর্ডিন্যান্সে খাদ্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহারকে দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে। এই অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল এবং সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা ও তিন বছরের জেল দেওয়ার বিধান রাখা হয়েছে। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় দোকান থেকে আঙুর নিয়ে সেটা ধোয়া পানি রাসায়নিক পরীক্ষা করা হয়। বিএসটিআই ৫২টি দোকান থেকে আঙুর নেয়। এসব আঙুর আমদানি করা। এর মধ্যে ১৭টি দোকানের আঙুরে ফরমালিন পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ফরমালিন শরীরে গিয়ে চোখের রেটিনার ক্ষতি করে। এতে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এ ছাড়া কিডনি ও ফুসফুসের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। আমেরিকান জার্নাল অব ফারমাকোলজি অ্যান্ড টক্সিসিটি সাময়িকীর চতুর্থ বর্ষ তৃতীয় সংখ্যার এক নিবন্ধে বলা হয়েছে, ফরমালিন দেওয়া ফল খেলে পেটব্যথা, বমি, ডায়রিয়া, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। হংকং সরকারের খাদ্য নিরাপত্তাকেন্দ্র তাদের ওয়েবসাইটে বলেছে, ফল বা মাছে অস্বাভাবিক গন্ধ থাকলে তা কেনা উচিত নয়। কেনা ফল বা মাছ প্রচুর পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে হবে। ধোয়া পানি ফেলে দিতে হবে। ভালোভাবে সেদ্ধ করলে তাপে ফরমালিন উবে যায়। সাতক্ষীরা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা ফলের বড় অংশ জেলার ভোমরা বন্দর দিয়ে আসে। বন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহ না হলে এসব আম, আনার বা বেদানা, আপেল, কমলা ও আঙুরের বাক্স খোলেন না। আমদানিকারকদের সংগঠন সূত্রে জানা গেছে, মূলত কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, নাগপুর ও দার্জিলিং থেকে ফল আসে। ভোমরা স্থলবন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশেদ দেলোয়ার বলেন, আমদানির সময় ফলের কার্টন সাধারণত খোলা হয় না। আমদানিকারকেরা ফলে ফরমালিন দেন না বলে তিনি দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আমদানি করা ফলে ক্ষতিকারক রাসায়নিক দেওয়া আছে কি না, তা পরীক্ষা করার জন্য স্থলবন্দরগুলোতে পরীক্ষাগার থাকা উচিত। ফরমালিন বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক নেই—এটা নিশ্চিত হওয়ার পরই ফল দেশে প্রবেশের অনুমতি দিতে হবে।