আমদানি করা ১৯৩ কোটি টাকার সারের মান নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আমদানি করা ১৯৩ কোটি টাকার ৪১ হাজার মেট্রিক টন সারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটির নিজস্ব পরীক্ষায়ই ভালোভাবে উত্তীর্ণ হতে পারেনি এই সার। কিন্তু এর মধ্যে প্রায় ২১ হাজার মেট্রিক টন সার ডিলারদের কাছে বিতরণ করা হয়ে গেছে। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জমাট বাঁধা এই সার গ্রহণ না করতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশও করেছিল। পরে কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি করে এ নিয়ে তদন্ত শুরু করে তারা। এই কমিটি আজ চট্টগ্রামে যাচ্ছে। চট্টগ্রামে একটি গুদামে এখনো পড়ে আছে প্রায় ২১ হাজার মেট্রিক টন সার। চট্টগ্রাম বন্দর দিয়ে সাড়ে ২৪ হাজার মেট্রিক-টন সার আনা হয়েছিল। এখানে মান নিয়ে প্রশ্ন তুলে সার খালাসে ঠিকাদারেরা আপত্তি করলে পরের চালানের সাড়ে ১৬ হাজার মেট্রিক টন সার মংলা বন্দর দিয়ে এনে ডিলারদের কাছে সরবরাহ করা হয়। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান সুইস-সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজের মাধ্যমে ১১৭ কোটি টাকায় এই সার আমদানি করে বিসিআইসি। গত ১৭ নভেম্বর ভিয়েতনামের হাইপোং বন্দরে এগুলো জাহাজে বোঝাই করা হয়। এই সাড়ে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মান নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিল সার পরিবহনকারী বিসিআইসির নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোম্পানি ও পোর্টন ট্রেডার্স। অভিযোগ পেয়ে বিসিআইসি তদন্ত কমিটি গঠন করে। শিল্প মন্ত্রণালয়ের উপসচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটি বলেছে, এই সার ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়া যাবে না। এ ছাড়া বস্তার গায়ে চুক্তির শর্তানুযায়ী ইংরেজি ও বাংলা লেখার পরিবর্তে চীনা ভাষায় লেখা ছিল। শেষে গ্রামসিকো নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি ছোট জাহাজে (লাইটার) করে বাছাই করে এক হাজার ৮৬৮ মেট্রিক টন সার রাজশাহীর গুদামে নিয়ে যায়। জানতে চাইলে নবাব অ্যান্ড কোম্পানির প্রতিনিধি সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘গুদামে তুলে দেওয়ার সময় পুঙ্খানুপুঙ্খভাবে কর্তৃপক্ষকে সার বুঝিয়ে দিতে হয়। কিন্তু বস্তায় ভিন্ন ভাষায় লেখা, ওজনে তারতম্য এবং কিছু বস্তা জমাট বেঁধে যাওয়ায় এই সার গুদাম কর্তৃপক্ষ নেবে না বলে আমাদের মনে হয়েছে। তাই আমরা সার পরিবহন করিনি।’ জানা গেছে, ঠিকাদার পরিবহনে রাজি না হওয়ায় বন্দরে আসার প্রায় দুই মাস পর বিসিআইসির নির্দেশনায় এসব সার কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে খালাস করে সরবরাহকারী প্রতিষ্ঠান। সিইউএফএল জেটির পাশে আকাশের নিচে এই সার রাখা হয়। গত ১১ এপ্রিল এগুলো ড্যাপ ফার্টিলাইজার কোম্পানির গুদামে রাখার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুমতি দেয় বিসিআইসি। সেখানে একবার সারের বস্তার ওপর নতুন মোড়ক দেওয়া হয়। পরে তা বাতিল করে সম্পূর্ণ নতুন বস্তায় ভরা হয়। এ পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন সার নতুন বস্তায় ভরা হয়েছে। এর মধ্যে জমাট বাঁধা সার চূর্ণও করা হয়। নতুন বস্তায় এক হাজার ৭৯২ মেট্রিক টন সার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তরাঞ্চলে পাঠানো হয়। এখন ড্যাপ ফার্টিলাইজার কোম্পানির গুদামে জমাট বাঁধা বস্তাসহ ২০ হাজার ৯১৪ মেট্রিক টন সার পড়ে আছে।জানতে চাইলে সরবরাহকারী প্রতিষ্ঠান সুইস-সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজের বাংলাদেশের কর্মকর্তা গৌতম দাশ দাবি করেন, যতবারই পরীক্ষা করা হয়েছে, এই সারের মান ভালো পাওয়া গেছে। শুধু সারের বস্তার গায়ে চুক্তি অনুযায়ী বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ছিল না। সার শক্ত হয়ে গেলেও মান নষ্ট হয় না দাবি করে তিনি বলেন, এটা চূর্ণ করে ব্যবহার করা যায়।শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, সারের ২০ শতাংশ জমাট বাঁধা ও ছোট দানা হলেও ভেঙে ব্যবহার করা যাবে। এ ছাড়া ৮০ শতাংশ সার বড় দানা ও সরাসরি ব্যবহারের উপযোগী।মংলা বন্দর সূত্র জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর ইরানের পতাকাবাহী জাহাজ মহেশ্বরী বিসিআইসির আমদানি করা সাড়ে ১৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে মংলা বন্দরে ভেড়ে। মহেশ্বরীর স্থানীয় প্রতিনিধি হিসেবে জাহাজ থেকে সার নামিয়েছে প্রাইম শিপিং এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান।প্রাইম শিপিং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাজ থেকে সার নামানোর পর বিসিআইসি এর গুণগত মান পরীক্ষা করে। এরপর তারা ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন জেলায় সার পৌঁছে দিতে শুরু করে। এক মাসে প্রায় আট হাজার মেট্রিক টন সার বিসিআইসির ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর বিসিআইসি সার নেওয়া বন্ধ করে দুই দফায় আবার নমুনা পরীক্ষা করে। এ অবস্থায় প্রাইম শিপিং বাকি সার গুদামজাত করে। ৭ জুলাই থেকে বিসিআইসি আবার সার নিতে শুরু করে। আগস্টের মধ্যে বিসিআইসি বাকি সার বুঝে নেয়। বিসিআইসির মংলা বন্দর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, আমদানি করা সাড়ে ১৬ হাজার মেট্রিক টন সার দুবাই থেকে জাহাজে বোঝাই করা হয়। সংসদীয় কমিটি দাবি করেছে, মংলায় সার নামানো সম্পর্কে কমিটিকে কোনো তথ্য দেয়নি শিল্প মন্ত্রণালয়। তাই সংসদীয় কমিটির তদন্ত দল সিদ্ধান্ত নিয়েছে, চট্টগ্রামের সার ব্যবহারের অনুপযোগী বলে প্রমাণিত হলে মংলা বন্দরে নামানো সারকে একই মানের বলে বিবেচনা করা হবে। মংলায় নামানো সারের আমদানি মূল্য ৭৭ কোটি টাকা।সংসদীয় তদন্ত দলের প্রধান কামাল আহমেদ মজুমদার প্রথম আলোকে বলেন, প্রয়োজনে তদন্ত দল মংলায় নামানো সারের নমুনা পরীক্ষা করতে খুলনায় যাবে।শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো সার বন্দর থেকে সরানো যাবে না। কিন্তু মংলা বন্দরে যে সার নামানো হয়েছে, সে বিষয়ে সংসদীয় কমিটিকে কোনো তথ্যই দেওয়া হয়নি। যেহেতু বিতর্কিত সুইস-সিঙ্গাপুরের মাধ্যমে সার আমদানি করা হয়েছে, সে জন্যই এই সারের গুণগত মান নিয়ে কমিটির প্রশ্ন আছে। জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সার কেনাকাটার দায়িত্ব মন্ত্রণালয়ের নয়। এসব দেখার দায়িত্ব বিসিআইসির। সেখানে একজন চেয়ারম্যান আছেন। তাঁকে ফোন দেন। তিনি ভালো বলতে পারবেন। বিসিআইসির চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘সংসদীয় কমিটি তদন্ত করছে। সুতরাং এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করব না।’[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মংলা প্রতিনিধি সুমেল শারাফাত]