আমদানি নিষিদ্ধ, থেমে নেই এয়ারগান বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষ অনুমতি ছাড়া এয়ারগান আমদানি বন্ধ রয়েছে। কিন্তু কোনো রাখঢাক ছাড়াই বাজারে এয়ারগান বিক্রি হচ্ছে। এমনকি বিক্রেতাদের অনেকেই জানেন না যে, এয়ারগান আমদানি নিষিদ্ধ।জীববৈচিত্র্য রক্ষায় ২০১০ সালের ২৬ আগস্ট এয়ারগানের ব্যবহার ও আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তবে তা আদেশ আকারে আজও প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, ব্যবহার নিষিদ্ধ করে আদেশ জারি না হলেও আমদানি বন্ধ রাখা হয়েছে।দেশের পাখিপ্রেমিকেরা এয়ারগানের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছেন। তাঁরা বলছেন, এটা ব্যবহার করতে লাইসেন্স লাগে না, আত্মরক্ষার জন্যও এটা ব্যবহূত হয় না। মূলত পাখি নিধনে এয়ারগান ব্যবহূত হচ্ছে।শীতের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যবহার বেড়েছে। এ সময় হাওর-বাঁওড়, জলাশয়ের পানি কমে আসে, ধান কাটা হয়। শিকারিরা তাই বক, মাছরাঙাসহ বিভিন্ন পাখি শিকারে বেরিয়ে পড়েন।পাখি বিশেষজ্ঞ শরীফ খান বলেন, ‘যে দেশে পাখি মারা শাস্তিযোগ্য অপরাধ, সেখানে এয়ারগান আমদানি, বিক্রি ও ব্যবহারের সুযোগ থাকতে পারে না।’ তিনি আরও বলেন, বন্দুকের গুলির দাম বেড়ে যাওয়ায় একটি বক মারার কাজে একটি গুলি খরচ করলে তা পোষায় না। কিন্তু এয়ারগানের গুলির দাম খুবই কম এবং এটা দিয়ে নিঃশব্দে পাখি শিকার করা যায়।শরীফ খান আরও বলেন, গ্রামাঞ্চলে একজনের এয়ারগান থাকলে তা ধার নিয়ে কয়েকজন ব্যবহার করেন। যুগ যুগ ধরে এই রেওয়াজ চলে আসছে। সরেজমিনে রাজধানীর বিভিন্ন বন্দুকের দোকানে গিয়ে দেখা যায়, এয়ারগানের কার্যকারিতা ও ব্যবহারবিধি টাঙিয়ে রাখা হয়েছে। এয়ারগান কী কী কাজে লাগে, এটা বোঝাতে বিশেষ উপায়ে আকর্ষণীয় করে সাজানো রয়েছে দোকানগুলো। এয়ারগানের নলের সামনে অতিথি পাখি ও বকপাখির আকর্ষণীয় ছবি রয়েছে। এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প প্রণয়নকারী ও সমন্বয়কারী যশোধন প্রামাণিক বলেন, এয়ারগান দিয়ে হাওরাঞ্চলে এবং বিলে-ঝিলে বিচরণ করা পাখি নিধনের কাজ চলে। পুরানা পল্টন মোড়ের কাছে একটি বন্দুকের দোকানে গিয়ে দেখা যায়, ২০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের এয়ারগান। ওই দোকানের মালিক জানান, বেশির ভাগ এয়ারগান আসে চীন থেকে। কিন্তু এয়ারগান আমদানি নিষিদ্ধ, এটা জানানোর পর অনেকটা বিস্ময় প্রকাশ করেন তিনি। একই জায়গার আরেক দোকানের মালিক জানান, চীন ছাড়াও বিভিন্ন দেশ থেকে নানা ধরনের এয়ারগান আমদানি ও বিক্রি করা হয়।মো. জামান আলী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি এয়ারগান দিয়ে জীবিকা নির্বাহ করেন। একটি বোর্ডে বেলুন লাগিয়ে অপেক্ষায় থাকেন কখন আগ্রহী এসে তাঁর এয়ারগানটি ব্যবহার করতে চাইবেন। জামান আলী জানান, এয়ারগানটি পাঁচ বছর আগে তিন হাজার টাকায় কিনেছিলেন তিনি। এখনো পুরোনো এয়ারগান তিন থেকে পাঁচ হাজার টাকায় পাওয়া যায় বলে জানান তিনি। দেশে প্রতিবছর ঠিক কতগুলো এয়ারগান আমদানি হয় এবং কতগুলো বিক্রি হয়, সে বিষয়ে সঠিক তথ্য নেই। এ বিষয়ে বাংলাদেশ আর্মস ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ বলেন, ‘এ তথ্য আসলে কারও কাছেই পাওয়া যাবে না।’যশোধন প্রামাণিক বলেন, তাঁরা এক দশক ধরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে আবেদন করছেন টাকা দিয়ে মানুষের কাছ থেকে সব এয়ারগান তুলে নেওয়ার জন্য। পরিবেশ ও বন মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। গত ২৪ এপ্রিল লেখা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে, কমপক্ষে ২০ হাজার টাকা দামের এয়ারগান এভাবে তুলে নেওয়ার বিষয়টি কতটা যৌক্তিক এবং ক্ষতিপূরণের টাকাটা কোন খাত থেকে আসবে। এ বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব রাফিউদ্দিন জানান, আন্তমন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে দেরি করায় কার্যক্রমটি এখনো প্রক্রিয়াতেই ঝুলে রয়েছে। তিনি আরও বলেন, বাজার থেকে এয়ারগান তুলে নেওয়ার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কাজ চলছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পাখি বিশেষজ্ঞ আ ন ম আমিনুর রহমান বলেন, মানুষের কাছ থেকে এয়ারগান তুলে নেওয়া খুবই জরুরি। অনেক আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। অবশ্য শরীফ খান মনে করেন, শীতের সময় এয়ারগানের ব্যবহার বাড়লেও সারা বছরই এটা দিয়ে পাখি নিধন চলে। গ্রাম থেকে দোয়েল, বুলবুলি, ঘুঘু, শালিক, নীলকণ্ঠ, মাছরাঙা, কুকো, ছোট আমতোতাসহ বিভিন্ন পাখি হারিয়ে যাওয়ার কারণ এই নীরব ঘাতক অস্ত্রটি। তিনি বলেন, শিকারিদের হাত থেকে যেকোনো উপায়ে এয়ারগান ফিরিয়ে নিতে হবে।