আমদানি-নীতি বাতিলের দাবিতে এবার মাঠে ইয়ার্ড মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ আমদানির নতুন নীতিমালা বাতিলের দাবিতে শ্রমিকদের পর এবার মাঠে নেমেছেন শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকেরা। গতকাল শনিবার চট্টগ্রামে তাঁরা শ্রমিকদের নিয়ে ‘মালিক-শ্রমিক ঐক্য পরিষদের’ ব্যানারে ট্রাকমিছিল ও সমাবেশ করেছেন। এর আগে মালিকেরা আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।মালিক-শ্রমিকদের মিছিলের কারণে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট চলাচল বন্ধ ছিল। এ সময় সীতাকুণ্ড এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ফৌজদারহাট থেকে ট্রাকমিছিল শুরু হয়ে সোনাইছড়ি গিয়ে শেষ হয়। মাঝপথে ভাটিয়ারি থেকেও শ্রমিকেরা মিছিলে যোগ দেন। এ সময় ভাটিয়ারি বিজয় স্মরণি কলেজে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে পুরোনো জাহাজ আমদানির নতুন নীতিমালা বাতিলের দাবি জানান।জানা গেছে, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ১৭ মার্চ এক রায়ে ২৯ মার্চের (২০০৯) মধ্যে প্রতিটি ইয়ার্ডকে ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা এবং ছাড়পত্রবিহীন ইয়ার্ড বন্ধ করার ব্যবস্থা নিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত ‘আমদানি নীতি আদেশ, ২০০৯-২০১২-এর ৩৭(গ) ধারায় বর্জ্যমুক্ত জাহাজ আমদানি নিশ্চিত করার বিষয়টি যোগ করা হয়।নতুন এ নীতিমালার ফলে পুরোনো জাহাজ আমদানিকারকদের রপ্তানিকারক দেশের বর্জ্যমুক্ত সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। আমদানিকারক ও ইয়ার্ড মালিকেরা অভিযোগ করছেন, দেশে জাহাজ ভাঙার ব্যবসা বন্ধ করতে নতুন এই আমদানি-নীতি করা হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, ভারত, চীন, পাকিস্তান, তুরস্কসহ বিশ্বের যেসব দেশে পুরোনো জাহাজ ভাঙা হয় সেসব দেশে আমদানি পর্যায়ে পুরোনো জাহাজে কোনো ধরনের বিষাক্ত বর্জ্য কিংবা পরিবেশদূষণকারী কোনো ক্ষতিকর পদার্থ আছে কি না, তা কঠোর নজরদারিতে রাখা হয়। কিন্তু ৩০ বছরেও বাংলাদেশে এ ধরনের কোনো বিধিবিধান চালু হয়নি।সরকারের নতুন আমদানি-নীতির প্রতিবাদে ২১ ফেব্রুয়ারি থেকে শিপইয়ার্ড মালিকেরা অনির্দিষ্টকালের জন্য জাহাজকাটা বন্ধ করে দেন। এরপর আমদানি-নীতি বাতিলের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ওই সময় শ্রমিকদের ব্যানারে ট্রাকমিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এ আন্দোলনের পেছনে মালিকেরা ছিলেন বলে অভিযোগ ওঠে। প্রায় ১০ দিন বন্ধ রাখার পর গত বুধবার বন্ধ থাকা ইয়ার্ডগুলোতে আবার জাহাজ ভাঙার কাজ শুরু হয়।নতুন আমদানি-নীতি বাতিলের দাবিতে মালিকপক্ষ মাঠে নামার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ড অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন বলেন, ‘এত দিন মাঠে শ্রমিকেরাই আন্দোলন করেছেন, কিন্তু সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই শ্রমিকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছি। আগামী বৃহস্পতিবার আমরা পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেব।’গতকাল বিভিন্ন ইয়ার্ড থেকে আসা শ্রমিকদের নিয়ে প্রায় ৫০-৬০টি ট্রাকে করে মিছিল করেন মালিকেরা। এ ছাড়া বেশ কিছু মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েকজন ইয়ার্ড মালিক এবং তাঁদের অনুগত লোক অংশ নেন।সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের সার্জেন্ট মো. ফারুক বলেন, মিছিল শুরুর আগে বেলা ১১টা থেকে তাঁরা মিছিল নিয়ে জমায়েত হতে শুরু করেন। এতে করে দুপুর একটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সীতাকুণ্ড এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।