আমদানি মূল্য বাড়েনি, বাজারে দর বেড়েছে
‘পত্রিকার পাতায় চিনির সরকারি দর বারবার ৬৫ টাকা বলে প্রচার করা হচ্ছে, অথচ দোকানে ৭৫ টাকার কমে চিনি পাওয়া যাচ্ছে না। ভালো মানের ছোলাও রোজার তিন দিন আগে কিনেছি ৭৮ টাকায়। এখন সেই ছোলার দাম ৮৫ টাকা। আপনারা এসব তুলে ধরতে পারেন না?’ গতকাল বুধবার বিকেলে কর্ণফুলী মার্কেটে বাজার করতে এসে এভাবেই ক্ষোভের কথা বললেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শামসুল ইসলাম। চিনির দর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। খোঁজ নিয়ে দেখা গেছে, আমদানি বাড়লেও চিনি, ছোলা, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ছেই। বাজারে এই আমদানির প্রভাব পড়ছে না।কর্ণফুলী মার্কেটের বিক্রেতা মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দোকানের লাইসেন্স দিয়ে খাতুনগঞ্জ থেকে আজ (গতকাল বুধবার) দুই বস্তা চিনি কিনেছি ৭২ টাকা কেজি দরে। এই চিনি দোকানে আনতে কেজিতে এক টাকা খরচ হচ্ছে। আমরা বিক্রি করছি ৭৫ টাকায়।’খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে মিয়ানমারের ছোলার দামও বেড়ে গেছে। এই ছোলা দোকানে আনতে খরচ পড়ছে ৮১ থেকে ৮২ টাকা। এ কারণে ৮৫ টাকায় বিক্রি করতে হচ্ছে তাঁদের। তাঁরা বলেন, সরকারি দরে পাইকারি বাজার থেকে তাঁরা পণ্য কিনতে পারছেন না।গতকাল চট্টগ্রামের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন ক্রেতাদের চাপ কম। তবু ছোলা ও চিনির দাম এখনো চড়া। ভোজ্যতেলের দাম আগের মতোই আছে। কাস্টম হাউসের সর্বশেষ হিসাবে দেখা যায়, বন্দর দিয়ে ছোলা ও চিনির আমদানি বেড়েছে। এসব পণ্যের আমদানি মূল্য বাড়েনি। অথচ পাইকারি ও খুচরা বাজারে দেখা গেছে বিপরীত চিত্র।চিনি: রোজা শুরুর আগে থেকেই দেশীয় পরিশোধন কারখানায় প্রস্তুত চিনির সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়। খুচরা বিক্রেতাদের অভিযোগ, তাঁরা পাইকারি বাজার ও পরিবেশকদের থেকে দুই-তিন বস্তার বেশি চিনি পাচ্ছেন না। সরবরাহ কম থাকার সুযোগে পাইকারি বিক্রেতারাও বেশি দাম হাতিয়ে নিচ্ছেন। এভাবে ভোক্তা পর্যন্ত আসতে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৭৫ টাকা। কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, প্রতি কেজি চিনির আমদানি মূল্য ৫৬ টাকা ৩০ পয়সা। খরচ যোগ করলে মূল্য দাঁড়ায় সর্বোচ্চ ৫৯ থেকে ৬০ টাকা। একইভাবে অপরিশোধিত চিনি পরিশোধন, পরিবহনসহ খরচ পড়ে কেজিতে ৫৮ টাকা। নতুন করে আমদানি করা চিনির দাম না বাড়লেও বাজারে বেড়ে গেছে দাম।চট্টগ্রাম কাস্টম হাউসের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে ৯২ হাজার ৯০১ টন অপরিশোধিত এবং ১৩ হাজার ৩৯৬ টন পরিশোধিত চিনি আমদানি হয়। গত সোমবার সিটি গ্রুপের ৪৯ হাজার ৯৯০ টনের একটি চিনিবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। আগামী সপ্তাহে দুটি জাহাজে আসছে মেঘনা গ্রুপের ৬৬ হাজার টন অপরিশোধিত চিনি। এ ছাড়া মারগারিটা এম জাহাজ থেকে আবদুল মোনেম লিমিটেডের চিনির খালাস চলছে।হিসাব করে দেখা গেছে, এ মাসের দুই সপ্তাহে খালাস হবে সোয়া লাখ টন অপরিশোধিত চিনি। আগের অপরিশোধিত চিনিসহ ঈদের আগে বাজারে থাকছে প্রায় দুই লাখ টন চিনি। ফলে চিনির সাময়িক এই সংকট কেটে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরাই।মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, রোজায় চিনির চাহিদা দুই লাখ টনের বেশি হবে না। যেসব চিনি আসছে, সেগুলো ঈদের আগেই পরিশোধন করে বাজারজাত করা যাবে। তবে চিনি সরবরাহ বাড়ার এমন তথ্যেও বাজারে প্রভাব পড়ছে না। গতকাল বিকেলে রেয়াজউদ্দিন বাজারের বিক্রেতা হারুন-অর রশীদ বলেন, ‘দিনে আট থেকে দশ বস্তা চিনির চাহিদা আছে আমার। অথচ দুই-তিন বস্তার বেশি কিনতে পারছি না।’গতকাল রেয়াজউদ্দিন, কর্ণফুলী মার্কেট ও কাজীর দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানেই চিনি আছে। তবে খুচরা বিক্রেতারা এখন প্রতিদিনই দুই-তিন বস্তা করে পাইকারি বাজার থেকে চিনি কিনছেন। এ কারণে ভোক্তাদের কাছে দুই-তিন কেজির বেশি বিক্রি করছেন না তাঁরা। ছোলা: কাস্টম হাউসের নথিতে দেখা যায়, গত মাসে মিয়ানমার, ইথিওপিয়া ও অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে ১৭ হাজার ৪৬৫ টন ছোলা আমদানি হয়। সাধারণত রোজার আগের মাসে প্রতিবছর যে পরিমাণ ছোলা আমদানি হয়, এবার তার চেয়ে অনেক কম ছোলা দেশে আসে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এবার পর্যাপ্ত ছোলা পাওয়া যায়নি।পরিসংখ্যানে দেখা যায়, গত সাত মাসে প্রায় ৮৭ হাজার টন ছোলা আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। স্বাভাবিক সময়ে মাসে পাঁচ হাজার মেট্রিক টন ছোলার ব্যবহার হয়। সে হিসাবে ছোলার মজুদ থাকার কথা ৫২ হাজার টন। গত তিন দিনে এসেছে প্রায় এক হাজার টন। রোজার মাসে ছোলার চাহিদা ধরা হয় ৬০ থেকে ৬৫ হাজার মেট্রিক টন। সামান্য পরিমাণ ঘাটতিকে বড় করে দেখিয়ে ব্যবসায়ীরা বাজারে ছোলা-সংকটের কথা বলে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও ছোলা আমদানিকারক নুরুল আলম মাস্টার বলেন, সাধারণত প্রতিবছর রোজার আগে যে পরিমাণ ছোলা আমদানি হয়, এবার সেটা হয়নি। এ ছাড়া আমদানি করা ছোলার মানও তেমন ভালো পড়েনি। সরকার যদি নিজ উদ্যোগে সামান্য পরিমাণ ছোলাও আমদানি করত, তাহলে এবার পরিস্থিতি অন্য রকম হয়ে যেত। বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি থেকে খুচরা বাজারে প্রতি কেজি ছোলার দাম বেড়ে গেছে পাঁচ টাকা। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার কার্যদিবসে কাস্টম হাউসে শুল্কায়ন হওয়া ছোলার নথিপত্রে দেখা যায়, এ সময়ে ছোলার ১২টি চালান খালাস হয়েছে।ভোজ্যতেল: এবার রোজার আগে ভোজ্যতেল আমদানি রেকর্ড ছাড়িয়ে গেছে। কাস্টম হাউসের হিসাবে দেখা গেছে, গত মাসে পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেল আমদানি হয়েছে প্রায় দুই লাখ ৩৬ হাজার টন। এর আগের দুই মাসে আমদানি হয় তিন লাখ ৩০ হাজার টন। অপরিশোধিত ভোজ্যতেল কারখানায় পরিশোধন করে বাজারজাত করতে হয়। রোজার মাসে ভোজ্যতেলের চাহিদা ধরা হয় এক লাখ ৬০ হাজার টন। এ হিসাবে চাহিদার চেয়ে বেশি ভোজ্যতেল মজুদ আছে।খুচরা বিক্রেতারা জানান, বাজারে ভোজ্যতেলের দাম এখনো স্থিতিশীল আছে।