আমদানি-রপ্তানি পণ্য ছিনতাইয়ের নেতৃত্বে এক নারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানি পণ্যবাহী গাড়ি ছিনতাইকারী একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ইতিমধ্যে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরে এক নারী বায়িং হাউস ব্যবসার আড়ালে এই ছিনতাইকারী চক্র গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এখন ওই নারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।পুলিশ দাবি করছে, ছিনতাইকারী চক্র গড়ে তোলা ওই নারীর নাম কলি। চক্রের সদস্যদের কাছে তিনি ‘কলি ম্যাডাম’ হিসেবে পরিচিত। চট্টগ্রামের রহমান নগরে তাঁর একটি বায়িং হাউস আছে। বিদেশি ক্রেতাদের কাছ থেকে তৈরি পোশাকের ফরমায়েশ নিয়ে রপ্তানি করেন তিনি। ছিনতাইকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানি মালামাল ছিনতাই করে তাঁর কাছে পৌঁছে দেয়।সূত্র জানায়, পুলিশ পৃথক দুটি ঘটনায় সম্প্রতি ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানোর সময় তৈরি পোশাকবোঝাই একটি গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই হয়। যুক্তরাষ্ট্র ও ইতালিতে রপ্তানির জন্য এসব মালামাল চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণ করার কথা ছিল। কলির গড়ে তোলা ছিনতাইকারী চক্র তৈরি পোশাকবোঝাই গাড়িটি ছিনতাই করে। পরে পুলিশ ৩৪ লাখ টাকার তৈরি পোশাক উদ্ধার করে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য ঢাকার আশুলিয়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার মালামাল চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণের জন্য পাঠানো হয়। কলির লোকজন ওই পোশাকবোঝাই গাড়িটি ছিনতাই করে। আমরা হাটহাজারীর বুড়িশ্চর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ৩৪ লাখ টাকার পোশাক উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করি।’পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ওই চারজন হলো আসলাম, বাচ্চু, মহিউদ্দিন ও ফরিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, কলি ম্যাডামের হয়ে তারা পোশাক ছিনতাই করে আসছে। এ ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা মামলায় কলিসহ সংশ্লিষ্ট সবাইকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হবে।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসারউদ্দিন চৌধুরী বলেন, কলির হয়ে একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানি মালামাল ছিনতাই করে আসছিল। এতে বিদেশি ক্রেতাদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। গ্রেপ্তার হওয়া চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৈরি পোশাক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।এসআই কাউসার আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া চারজন জানিয়েছে, কলির বাড়ি বাগেরহাটে। তাঁর স্বামীর বাড়ি রাউজানে। ৩৪ লাখ টাকার মালামাল উদ্ধার এবং তাঁর লোকজন গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে তিনি আত্মগোপন করেন।জাহাজীকরণের জন্য তৈরি জ্যাকেটবোঝাই একটি গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে পাঠায় তোশিন নিট ফেব্রিক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ইতালিতে এসব মালামাল রপ্তানির কথা ছিল। সম্প্রতি ছিনতাইকারী চক্রের নেতা পিচ্ছি মাসুদ নগরের বড়পুল এলাকায় জ্যাকেটবাহী গাড়ির বিভিন্ন কার্টন থেকে ছয়-সাতটি করে মোট ৬৯০টি জ্যাকেট গায়েব করে কার্টনগুলো আগের মতো জোড়া লাগিয়ে দেয়। এতে কার্টনের ভেতরে মালামাল আছে কি নেই, তা বোঝার কোনো উপায় নেই। এ অবস্থায় ওই গাড়ির সব কার্টন গত ৩১ অক্টোবর চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণ হয়। ২৯-৩০ নভেম্বরের মধ্যে ওই জ্যাকেট ইতালিতে পৌঁছাতে পারে।নগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ওই ঘটনার পর পুলিশ ওয়াসিম ও কালুকে ৭ নভেম্বর গ্রেপ্তার করে। তারা পুলিশের কাছে নিজেদের কলির লোক বলে স্বীকার করে। এ ব্যাপারে তোশিন নিটের মালিকের সঙ্গে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ নিয়মিত যোগাযোগ করছে।ওয়াসিম ও কালু পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে তৈরি পোশাকবাহী গাড়ি ছিনতাই করে আসছিল। পটিয়া থানায় দায়ের করা প্লাস্টিকসামগ্রীর একটি গাড়ি ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।তোশিন নিটের পরিচালক সৈয়দ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কিছু জ্যাকেট ছিনতাই হয়েছে বলে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের কাছ থেকে জেনেছি। ওই মালামাল উদ্ধারের জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। আসলে কী পরিমাণ মালামাল ছিনতাই হয়েছে, তা আমরা জানি না। ইতালিতে জ্যাকেট পৌঁছার পর ক্রেতা অভিযোগ দিলে আমরা প্রকৃত তথ্য পাব।’ তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে এক বিদেশি ক্রেতার কাছ থেকে মালামাল কম পাঠানোর অভিযোগ পেয়েছিলাম। এখন বুঝতে পারছি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালামাল ছিনতাই হওয়ায় ওই অভিযোগ এসেছিল।’নগর গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, ‘কলির নেতৃত্বে ছিনতাইকারীদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়েও কলিকে গ্রেপ্তার করতে পারিনি। তিনি ভারতে পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। তাঁকে গ্রেপ্তার করা গেলে এই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা যাবে।’ তিনি বলেন, ইতালির ক্রেতার কাছ থেকে তোশিন নিটের মালিক অভিযোগ পেলে কলি, ওয়াসিম ও কালুকে আসামি করে মামলা হবে বলে এসআই আলমগীর জানিয়েছেন।