ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই সড়কে প্রায়ই মালবাহী গাড়ি চুরি-ছিনতাই হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহাসড়কের বিভিন্ন এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র এসব কাজে জড়িত। পরিবহন মালিক সমিতির নেতারা এসব ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ দাবি করেন, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫০টির বেশি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ছিনতাই হয়েছে। অনেকে এ বিষয়ে থানায় অভিযোগ করেন না। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সংঘবদ্ধ চক্র মালবাহী গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গাড়ির প্রকৃত নম্বর বদলে ভুয়া নিবন্ধন দেখিয়ে অনেক সময় মালামাল পরিবহন করা হয়। এ ক্ষেত্রে গাড়ির চালক ও সহকারীর সহযোগিতায় ছিনতাইকারীরা মালামাল গায়েব করে। সম্প্রতি আমরা নগরে অভিযান চালিয়ে ভুয়া নিবন্ধনের গাড়ি আটক ও একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছি।’পুলিশ কমিশনার আরও বলেন, ‘মহাসড়কে মালবাহী গাড়ি ছিনতাই বন্ধ করতে ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিএমইএর নেতাদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করার উদ্যোগ নিয়েছি।’পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয়-সাতটি সংঘবদ্ধ চক্র পণ্যবাহী গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বায়িং হাউসের আড়ালে চট্টগ্রামের একজন নারী মালামাল ছিনতাইয়ে সহযোগিতা করছেন। বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনায় গাড়িচালকেরা জড়িত। তবে রপ্তানিযোগ্য পণ্য বিশেষ করে তৈরি পোশাকবাহী গাড়ি ছিনতাই বাড়ায় বিদেশি ক্রেতার কাছে তা সময়মতো পৌঁছানো যাচ্ছে না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, মালবাহী গাড়ি ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। পুলিশ আন্তরিক হলে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব। বর্তমান পুলিশ প্রশাসন আন্তরিক বলে মনে হচ্ছে। তারা ভুয়া নিবন্ধনের ট্রাকসহ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। বিজিএমইএর নেতা বলেন, ‘পোশাকশিল্পের মালিকেরা রপ্তানির জন্য কার্টনভর্তি করে চট্টগ্রাম বন্দরে মালামাল পাঠাচ্ছে। সড়কপথে ওই কার্টনের ভেতর থেকে তৈরি পোশাক গায়েব হচ্ছে। খালি কার্টন চলে যাচ্ছে বিদেশি ক্রেতার কাছে। এতে ক্রেতারা আমাদের চোর মনে করছে। যারা দেশের সুনাম নষ্ট করছে, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।’পরিবহনমালিক সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী, চৌদ্দগ্রাম, কুমিল্লা, দাউদকান্দি ও কাঁচপুর সেতুর কাছে বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদের অনেকের নাম-ঠিকানা পুলিশ সংগ্রহ করেছে। চট্টগ্রামে গত সপ্তাহে একটি চক্রের তিনজন গ্রেপ্তার হন। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বলেন, পিচ্চি মাসুদ দুর্ধর্ষ ছিনতাইকারী। তৈরি পোশাক ছাড়াও বিভিন্ন ভোগ্যপণ্যবাহী গাড়ি ছিনতাই করে। ছিনতাইয়ের কাজে ব্যবহূত তাঁর একটি ট্রাক আটক করে ডবলমুরিং থানার সামনে রাখা হয়েছে। গত সপ্তাহে পতেঙ্গা এলাকা থেকে দুই সহযোগীসহ ছিনতাইকারী চক্রের নেতা জসিম গ্রেপ্তার হন।সহকারী কমিশনার বলেন, সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ছিনতাই হওয়া মালামাল চট্টগ্রামের হাটহাজারীর একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই ছিনতাইয়ের ঘটনায় এক নারী জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মদ বলেন, ওই নারী একটি বায়িং হাউসের মালিক বলে আমরা শুনেছি। তাঁর নেতৃত্বেও মালামাল ছিনতাই হচ্ছে।জাফর আহম্মদ বলেন, বায়িং হাউস বা পোশাকশিল্পের কিছু মালিকের অনুমোদন নিয়ে চোরাই পোশাক নেপাল ও ভুটানে রপ্তানি হচ্ছে। এ ক্ষেত্রে চোরাই পোশাককে ‘স্টক লট’ হিসেবে দেখিয়ে যেকোনো বায়িং হাউসের মাধ্যমে অনুমোদন নেওয়া হয়।