আমদানি-রপ্তানির মালামাল ছিনতাই করে ২৫ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠানের ৪০ লাখ টাকা মূল্যের তৈরি পোশাক গত শুক্রবার সকালে শহরতলির পাহাড়তলী এলাকায় খোয়া যায়। বিদেশে রপ্তানির জন্য ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ওই পোশাক নেওয়া হচ্ছিল। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়।আবার ৫১ লাখ টাকার আমদানি করা ৫১ বেল তুলা নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যাওয়ার পথে ঢাকার উত্তরার কাছাকাছি কাভার্ডভ্যান ছিনতাই হয়। ছিনতাইকারীরা চালক সুজন বড়ুয়াকে খুন করে মরদেহ গাড়ি থেকে ফেলে ওই তুলা ১৫ লাখ টাকায় চীনা কোম্পানির এক প্রতিনিধির কাছে বিক্রি করে দেয়।এভাবে প্রায়ই আমদানি-রপ্তানির পণ্য ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একাধিক সংঘবদ্ধ চক্র আমদানি-রপ্তানির মালামাল ছিনতাই করছে। পুলিশের অভিযানের পরও ছিনতাই কমছে না।পুলিশ সূত্র জানায়, আমদানি-রপ্তানির পণ্য ছিনতাই চক্রের সদস্যসংখ্যা অন্তত ২৫ জন। পুলিশ তাদের নামধাম পেয়েছে। একাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জামিনে বেরিয়ে তারা আবার ছিনতাইয়ের কাজে জড়িয়ে পড়ছে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কয়েকটি চক্র নিয়ন্ত্রণ করে। এসব চক্রের সদস্যসংখ্যা প্রায় ২৫ জন। কখনো গাড়িচালক আবার কখনো সহকারীর সহায়তায় এসব চক্র মালামাল ছিনতাই করছে। আমরা প্রায় সবার নামধাম পেয়েছি। কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এদের সঙ্গে কিছু পরিবহন সংস্থা ও বায়িং হাউসের লোকজনও জড়িত।’পুলিশ সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাড়ে চার মাসে অর্ধশতাধিক আমদানি-রপ্তানির পণ্যবাহী গাড়ি ছিনতাই হয়েছে। মহাসড়কের বিভিন্ন এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র এসব কাজে জড়িত।পরিবহন মালিক সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী, চৌদ্দগ্রাম, কুমিল্লা, দাউদকান্দি ও কাঁচপুর সেতুর কাছে বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব এলাকায় সংঘবদ্ধ চক্রের সদস্যরা সক্রিয়।আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইকারীদের নামধাম পুলিশ জানে। অনেক চালকও এর সঙ্গে জড়িয়ে গেছেন। কিছু বিত্তশালী ব্যক্তির প্ররোচনায় ছিনতাইকারীরা আমদানি-রপ্তানির চোরাই মালামাল কিনছেন। তাঁদের প্ররোচনা না থাকলে চোরাই মালামাল আরেক শিল্পপতি বা ব্যবসায়ীর কাছে যায় কীভাবে? বিষয়টি জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছি।’পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকা পিচ্ছি মাসুদ নিয়ন্ত্রণ করেন। গত বছরের ১৪ নভেম্বর ও গত ২৭ মার্চ তিনি গ্রেপ্তার হন। এখন তিনি ফেনী কারাগারে আছেন। কুমিল্লা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত ছিনতাই হয় তাঁর নিয়ন্ত্রণে। কুমিল্লা ও ফেনীতে তাঁর লোকজন আছে। মালামাল ছিনতাই করে তিনি এখন বিত্তশালী। চট্টগ্রাম নগরের হালিশহরে তাঁর বাড়ি ও প্লট আছে।পুলিশি তদন্তে দেখা গেছে, বায়িং হাউসের আড়ালে চট্টগ্রামের একজন মহিলা মালামাল ছিনতাইয়ে সহযোগিতা করেন। ওই মহিলা গা ঢাকা দিয়েছেন। রপ্তানির পণ্য তথা তৈরি পোশাক ছিনতাই বেড়ে যাওয়ায় বিদেশি ক্রেতার কাছে নির্দিষ্ট সময়ে তা পৌঁছানো যাচ্ছে না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের অভিযান জোরদার হওয়ায় অনেক ছিনতাইকারী গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধার হয়েছে। কিন্তু আসামিরা জামিনে বেরিয়ে সংশোধন হচ্ছে না; বরং দিন দিন ছিনতাই চক্রের সদস্যসংখ্যা বাড়ছে।