আমন খেত শুকিয়ে চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমে প্রচণ্ড খরার কারণে ঝিনাইদহে ব্যাপক এলাকার আমন ধানের খেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পানির অভাবে খেতের ধানগাছ শুকিয়ে লাল হয়ে আসছে। কৃষকেরা সেচ উপযোগী জমিতে সেচের ব্যবস্থা করলেও উঁচু জমিতে দিতে পারছেন না। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে ঝিনাইদহের ছয়টি উপজেলায় ৯৪ হাজার ৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৪০ হাজার হেক্টর জমিতে ধানের চাষ করা সম্ভব হয়েছে। যার বেশির ভাগ নিচু জমি। তার পরও সেচের মাধ্যমে এই জমিতে ধান রোপণ করতে হয়েছে। আর উঁচু জমিতে সেচের ব্যবস্থা করতে না পারায় কৃষকেরা ধান রোপণ করতে পারছেন না। নিচু যে জমিতে সেচ দিয়ে ধান রোপণ করা হয়েছিল, বৃষ্টি না হওয়ায় সেখানেও মাটি ফাটতে শুরু করেছে। ধানগাছ লাল হয়ে যাচ্ছে। কৃষকেরা চেষ্টা করছেন সেচ দিয়ে ধানগাছ বাঁচিয়ে রাখার।সাধারণত জুলাইয়ের শুরু থেকে আমন ধানের রোপণকাজ শুরু হয় আর আগস্টে শেষ হয়। এ বছর জুলাইয়ের শুরু থেকে কৃষকেরা পানির অভাবে চাষ করতে পারছেন না।ঝিনাইদহের একাধিক মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ আমন চাষের জমি খালি পড়ে আছে। যেটুকু রোপণ করা সম্ভব হয়েছে সেটুকুও পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। রোপণ করা বেশির ভাগ জমির মাটি ফেটে গেছে। পানির জন্য ধানগাছ মরে যাচ্ছে। সবুজ গাছগুলো লাল হয়ে আসছে। জেলার কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রামের কৃষক বজলুর রহমান জানান, আমনের মৌসুমে বৃষ্টির পানি দিয়ে চাষ করেন। এই মৌসুমে সেচের প্রয়োজন হয় না। ফলে আমন ধান চাষে খরচ কম হয়। এ কারণে আমন মৌসুমে ধানচাষ বেশি হয়। উঁচু জমিতেও ধানচাষ হয়ে থাকে। তিনি নিজেও আমন মৌসুমে ১৮ থেকে ২০ বিঘা জমিতে ধানের চাষ করে থাকেন। কিন্তু এ বছর নিচু এলাকার মাত্র সাড়ে তিন বিঘা চাষ করতে পেরেছেন। সেখানেও সেচ দিতে হয়েছে। বাকি জমি রোপণের অভাবে এখনো পড়ে আছে। বৃষ্টি না হলে সে জমি চাষ করা কোনোভাবেই সম্ভব নয়। সদর উপজেলার গান্না এলাকার কৃষক আবদুল আলিম জানান, ধানচাষে অন্য মৌসুমে সেচ, সার, কীটনাশক ও কামলা খরচ বাদ দিলে খুব বেশি লাভ থাকে না। কিন্তু আমনের মৌসুমে ততটা খরচ হয় না। তাই কৃষক আমন চাষ বেশি করে। তিনি নিজেও ১২ বিঘা জমিতে আমন ধানের চাষ করেন। এবার পানির অভাবে চাষ করতে পারছেন না। সেচ দিয়ে মাত্র চার বিঘা জমিতে ধান রোপণ করেছেন। বর্তমানে পানির অভাবে সেই জমির মাটিও ফেটে গেছে। এখন অতিরিক্ত খরচ করে সেচ দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামের কৃষক অমল নন্দী জানান, তাঁদের গ্রামের মাঠে একটি বিল আছে, নাম হিজলগাড়ি। সেখানে তাঁর ১০ বিঘা জমি আছে। ১৫ বছর আগেও পানি জমে থাকায় এই জমি চাষ করতে পারতেন না। মাঝের সময়টুকু একটু পানি কম থাকায় আমন ধানের চাষ করেছেন। এবার পানি না পেয়ে প্রায় দুই হাজার টাকার তেল খরচ করে সেচ দিয়ে ছয় বিঘা চাষ করেছেন। বাকি চার বিঘা রোপণ করা সম্ভব হচ্ছে না। এখন পানির অভাবে সেই খেতের ধানগাছ শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। সময়মতো বৃষ্টি না হলে তাঁর খেতের ধান বাঁচানো কষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে কৃষি বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন বলেন, ‘সময়মতো বৃষ্টি না হওয়ায় কৃষকেরা ধান রোপণ করতে পারছেন না। যে কারণে লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে বৃষ্টি হলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। কৃষকেরা চেষ্টা করছেন সেচ দিয়ে ধানগাছ বাঁচিয়ে রাখার। বৃষ্টি না হলে নিচু জমির কিছুটা ক্ষতি হবে। তাই সেচের আওতায় থাকা জমির ধানগাছ বাঁচিয়ে রাখার জন্য কৃষকদের নিয়মিত সেচ দেওয়া দরকার।’