রংপুরের তারাগঞ্জে আমন খেতে খোলপচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন না হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। গাছের বৃদ্ধির সময় এ রোগ দেখা দেওয়ায় ধানের ফলন কমে যাবে বলে কৃষকেরা আশঙ্কা করছে। উপজেলা কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে নয় হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এবার পানির অভাবে উপজেলার সবখানে দেরিতে আমন লাগানো হয়েছে। এখন ধানগাছের বৃদ্ধির সময়ে হঠাৎ করে গাছের কাণ্ড লাল হয়ে পাতা শুকিয়ে মরে যাচ্ছে। কয়েক হাত পর পর দুই-তিন ফুট জায়গা জুড়ে এ রোগ ছড়িয়ে পড়েছে। কীটনাশক প্রয়োগ করেও কৃষকেরা কোনোভাবে এ রোগ সামাল দিতে পারছে না। ফাজিলপুর গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তারাগঞ্জে গত চার-পাঁচ বছর ধরে আমন মৌসুমে স্বর্ণা জাতের ধান বেশি চাষ হচ্ছে। আগে এ জাতের ধানে কোনো রোগবালাই না থাকলেও এবার এই রোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিচু জমিতে এই রোগের প্রকোপ বেশি। মেনানগর গ্রামের কৃষক মমিনুল ইসলাম ও আমজাদ হোসেন জানান, তাঁদের এক বিঘা করে জমির ১০ ভাগের এক ভাগ ধান এখন খোলপচা রোগে আক্রান্ত। কোনোভাবেই এ রোগ তাঁরা দমন করতে পারছেন না। জলুবর গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ‘আমি দুই বিঘা জমিতে ধান লাগিয়েছি। গাছ দেখে মনে হইছিলো ফলন ভালো হইবে। কিন্তুক ভাইয়া হঠ্যাৎ করি এই রোগ ধরি গাছগুলা দুর্বল হয়া যায়ছে। ঔষধ দিয়াও কাম হয়ছে না।’ বানিয়াপাড়া গ্রামের কৃষক আবু সালাম বলেন, ‘এই রোগ কোনা দেখা দেওয়ার পর পাড়ার এক চাচা বুদ্ধি দিলো, নেড়ানি দিয়া খেতোত সার দেন। রোগ সারি যাইবে। ওর বুদ্ধি শুনি মুই জমি নেড়ানি দিয়া ২৪ শতকে ১৫ কেজি ইউরিয়া দিনু। তাও তো রোগ পালায়ছে না।’ খিয়ারডাঙ্গা গ্রামের কৃষক মনতাজুল বলেন, ‘কৃষি অফিসের লোকেরা মাসে একবার আইসে আর এলাকাত ঘুরি চলি যায়। খেতোত পোকা, মাকড় সারার কোন বুদ্ধি হামাক না দেয়।’ বারোঘরিয়া গ্রামের কৃষক সামছুদ্দিন অভিযোগ করেন, ‘হামার এলাকার বিএস (উপসহকারী কৃষি অফিসার) কোনা হইল ভাই ফাকিবাজ। এলাকাত আইসেও না, হামাক কোনো পরামর্শ দেয় না, বসি থাকি খালি সরকারের বেতন নেয়।’ উজিয়াল গ্রামের কৃষক হাফিজার বলেন, ‘হামার এলাকার কৃষি স্যারও মাসে একদিন আইসে তো ২৯ দিনে নাই। যাক দিয়া হামার কোন উপকার হয় না, তাক সরকার বেতন দেয় কেনে?’ হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘আমার ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে সব সময় অফিসারি ভাব। দু-একজন ছাড়া অন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় আসে না। কৃষকদেরও রোগবালাই দমন সমন্ধে পরামর্শ দেয় না। বাড়িতে বসে প্রতিদিনের কাজের ভুয়া বিবরণ লিখে অফিসে জমা দেয়।’ সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তাদের গাফিলতিতে কৃষকের ফসল পোকায় খাচ্ছে। পরামর্শের অভাবে কৃষকেরা খেতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সার ও কীটনাশক প্রয়োগ করে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আবু বক্কর বলেন, ‘এটা বীজবাহিত রোগ। কৃষকেরা এ রোগে আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করায় খেতেও রোগটি ছড়িয়ে পড়ছে। কীটনাশক প্রয়োগ করে এ রোগ দমন করা সম্ভব নয়। তবে প্রতি ৩৩ শতকের বিঘায় সাত-আট কেজি পটাশ ছিটালে রোগ দমন হয়।’ তিনি আরও বলেন, ‘ভাই, আমি নতুন এসেছি। কয়েক দিন আগে মিটিং করে সব উপসহকারী কৃষি কর্মকর্তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেছি। এরপর কেউ যদি দায়িত্ব অবহেলা করে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’