আমন খেতের পোকা দমনে ধনচেগাছ
আমন ধানের খেতে মাজরা পোকাসহ অন্যান্য ক্ষতিকারক পোকা দমনে লাইভ পারচিং বা ধনচেগাছ লাগাতে কৃষকেরা ঝুঁকে পড়ছেন। মাঠপর্যায়ে পোকা দমনে কৃষকদের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ধানখেতে মাজরা পোকাসহ অন্যান্য ক্ষতিকর পোকা দমনের জন্য সাধারণত কৃষকেরা জমিতে বাঁশের কঞ্চি বা ডালপালা পুঁতে রাখেন। কৃষিবিজ্ঞানের ভাষায় এ পদ্ধতিকে বলা হয় পারচিং। এসব ডালে বা কঞ্চিতে পাখি বসে। পাখিরা ধানখেতের পোকা খায়। এতে পোকার উপদ্রব ও বংশ বিস্তার সহজেই প্রতিরোধ করা সম্ভব হয়। এসব করতে গিয়ে কৃষকের খরচ হতো। এ পদ্ধতির বিকল্প হিসেবে লাইভ পারচিং পদ্ধতি মাঠপর্যায়ে পরীক্ষা চালানো হয়। এ পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরির সময় ধনচের চারা তৈরি করতে হয়। আমনের চারা রোপণের সময় এক বিঘা জমিতে ২০-২৫টি ধনচের চারা রোপণ করতে হয়। ধনচেগাছ সবুজ ডালপালা ও ছায়া বিস্তার করে। এ গাছে সহজেই পাখি বসে। একটি ধনচেগাছে একসঙ্গে অনেক পাখি বসতে পারে। এতে পোকার বংশ বিস্তার কমে যায়। ফলে ফসল রক্ষা পায়। এ পদ্ধতিতে কৃষকের উত্পাদন খরচ কমে যায় বলে কৃষকেরা লাভবান হন।আমন খেতে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য এ বছর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক ১৬০ হেক্টর আমন ফসলের জমিতে ধনচেগাছ লাগিয়েছেন।বাগজানা ইউনিয়নের কৃষক গোলজার হোসেন, রামচন্দ্রপুর গ্রামের কৃষক মো. মোয়াজ্জেম হোসেন ও কৃষ্ণপুর গ্রামের রণজিত চন্দ্র জানান, এ বছর আমনের জমিতে ধনচে রোপণের কারণে মাজরা পোকার জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল ওয়াদুদ জানান, আমন ধানের জমিতে লাইভ পারচিং (ধনচেগাছ লাগানো) করলে মাজরা পোকার জন্য কোনো কীটনাশক দিতে হবে না।