আমনখেতে আলোর ফাঁদ
যেদিকে চোখ যায়, শুধু সবুজের সমারোহ। মাঠজুড়ে নয়নাভিরাম আমন ধানের খেত। সেই খেতে ক্ষতিকর পোকা আছে কি না, তা জানতে রাতে চলছে আলোর ফাঁদ পেতে পোকা শনাক্তকরণ ও নিধনের কাজ। বদরগঞ্জ কৃষি বিভাগের কর্মীরা এ কাজে মাঠে নেমেছেন। পোকার উপস্থিতি টের পেলেই আলোর ফাঁদ পেতে তা নিধনের পাশাপাশি প্রয়োজনে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা। পোকা শনাক্তকরণ ও নিধনের এই পদ্ধতি গোটা উপজেলার কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে।জানা গেছে, বৃষ্টিপাতের অভাবে চলতি মৌসুমে স্থানীয় কৃষকেরা সেচ দিয়ে আমন ধান রোপণ করেন। চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ১০৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে উচ্চফলনশীল আগাম জাতের ধানে শীষ বের হয়েছে। আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে অন্য জাতের ধানের শীষ বের হতে শুরু করবে। কিন্তু এরই মধ্যে উপজেলায় একই সঙ্গে ঠান্ডা ও গরম আবহাওয়া বিরাজ করছে। এ রকম অবহাওয়ায় আমন ধানের খেতে পোকা-মাকড়ের বংশবৃদ্ধি ঘটে। খেতে পোকার আক্রমণ ঘটলে কাঙ্ক্ষিত ফলন ব্যাহত হবে—এমন আশঙ্কায় স্থানীয় কৃষি বিভাগ আগাম পদক্ষেপ নিয়েছে। তাঁরা কৃষকদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে রাতে খেতে আলোর ফাঁদ পেতে পোকা শনাক্তকরণ ও নিধনের কাজ করছেন।উপসহকারী কৃষি কর্মকর্তা কনকচন্দ্র রায় বলেন, ‘ধানের শীষ বের হওয়ার সময়টা অত্যন্ত বিপজ্জনক। খেতে পোকা আক্রমণ করলে সর্বনাশ হয়ে যাবে। তাই আগাম পদক্ষেপ হিসেবে আলোর ফাঁদ পেতে পোকা শনাক্ত ও নিধনের জন্য কাজ করছি। কৃষকদের এই পদ্ধতি কাজে লাগাতে উৎসাহ দিচ্ছি। যে খেতে যে পোকা দেখা যাচ্ছে, কৃষককে সেটা নিধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এতে অর্থের সাশ্রয়সহ কৃষক তাঁর আমনখেত নিয়ে চিন্তামুক্ত থাকতে পারছেন।’ তিনি বলেন, কিছু পানিসহ একটি গামলা বা পাতিল খেতের মাঝখানে রেখে তার ওপর আলোর ব্যবস্থা করলে পোকা ছুটে আসামাত্রই পাত্রে আটকা পড়বে। এভাবে পোকা আটকানোর উপায়কেই আলোর ফাঁদ বলা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক জানান, এখন পর্যন্ত আমন ধানের খেত খুব ভালো রয়েছে। তার পরও এখন উপজেলায় ঠান্ডা ও গরম আবহাওয়া বিরাজ করছে। এ রকম আবহাওয়ায় আমন ধানের খেতে পোকামাকড়ের বিস্তার ঘটে। তাই রাতে আলোর ফাঁদ পেতে পোকা শনাক্তকরণ ও নিধনের কাজ চলছে।