আমনে কৃষকের জন্য তিনটি নতুন জাতের ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন আমন মৌসুমে তিনটি নতুন জাতের উচ্চ ফলনশীল ধানবীজ কৃষকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই তিনটি জাত হচ্ছে বিআর ৫১, বিআর ৫২ ও বিআর ৪৯। এ ছাড়া, দুই ধরনের হাইব্রিড ধানের বীজও এবার অবমুক্ত করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র জানায়, সরকার বোরো চাষের জন্য বিদ্যুৎ, জ্বালানি, সার ও পানির ওপর চাপ কমাতে আমনের উৎপাদন বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে এ উদ্যোগ তারই অংশ। সরকারের লক্ষ্য হচ্ছে বোরো ও আমনে উৎপাদন সমান সমান করা। এ জন্য আমন চাষে প্রয়োজন হলে কোনো অঞ্চলে বিনা মূল্যে সেচের ব্যবস্থা করা, সার বিতরণ এবং আরও উন্নত জাত উদ্ভাবনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক প্রথম আলোকে বলেন, এ বছর যে তিনটি নতুন জাত বাণিজ্যিক ভিত্তিতে মাঠে যাচ্ছে তার মধ্যে বিআর ৫১ ও ৫২ বন্যাপ্রবণ অঞ্চলের জন্য উদ্ভাবিত। গত দুই বছর ধরে এটির পরীক্ষামূলক চাষ সফল হয়েছে। আর বিআর ৪৯ এবারই প্রথম বাজারে ছাড়া হচ্ছে। এগুলোতে বিআর ১১-এর মতোই উচ্চ ফলন পাওয়া যাবে।আমনের উদ্যোগ: বর্তমানে দেশে মোট উৎপাদিত ধানের মধ্যে ৫৫ শতাংশ বোরো, ৩৫ শতাংশ আমন ও বাকিটা আউশ। সরকারের লক্ষ্য বোরো ও আমনের উৎপাদন ৪৫ শতাংশ করে করা। এ বছর কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ২২ জাতের উচ্চ ফলনশীল আমনের বীজ সরবরাহ করবে। এই বীজের মোট পরিমাণ হবে আমন চাষের মোট জমির প্রায় ৩০ শতাংশে ব্যবহার করার মতো।এ বছর আমন চাষের জন্য জমির পরিমাণ গত বছরের চেয়ে না বাড়িয়ে ৫৮ লাখ ৫০ হাজার হেক্টরই রাখা হয়েছে। এর মধ্যে সাড়ে চার লাখ হেক্টরে বোনা আমন লাগানো হবে। বাকি ৫৪ লাখ হেক্টরে চাষাবাদ হবে রোপা আমন। জমির পরিমাণ না বাড়লেও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গত বছরের চেয়ে অন্তত দুই লাখ টন বেশি। গত বছর আমনের উৎপাদন হয়েছিল এক কোটি ৩১ লাখ টন। এ বছরের লক্ষ্য এক কোটি ৩৩ লাখ টন।আউশে প্রণোদনা: আউশ মৌসুমে উৎপাদন বাড়ানোর জন্য এ বছর দেশের ৫১টি জেলার তিন লাখ ৪৫ হাজার কৃষকের প্রত্যেককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে টিএসপি ও ১০ কেজি করে এমওপি দেওয়া হয়েছে। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ২৬ কোটি টাকা। আর উৎপাদন বাড়বে গত বছরের তুলনায় প্রায় নয় লাখ টন।