আমনের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন ধানের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে উন্নত বীজ ও সেচের ব্যবস্থা করার পাশাপাশি কৃষকদের উদ্বুদ্ধ করা হবে।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, উৎপাদন বাড়িয়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও বোরো মৌসুমে চাষের জন্য বিদ্যুৎ, সারসহ কৃষি উপকরণের ওপর যে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়, তা সহনীয় পর্যায়ে আনাও এর অন্যতম প্রধান লক্ষ্য।কর্মকর্তারা জানিয়েছেন, এই লক্ষ্যে আগামী মৌসুমেই কৃষকের কাছে উন্নত জাতের বীজ পৌঁছানো শুরু করা হবে।ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে ফসল চাষে বৈচিত্র্য আনা সম্ভব হবে। সারা দেশে জমির উর্বরতা বা উৎপাদন সামর্থ্য ব্যবহারেও সমতা আনা যাবে, যা খুবই অসম হয়ে পড়েছে। বর্তমানে বোরো চাষ অত্যধিক গুরুত্ব পাওয়ায় দেশের উত্তরাঞ্চলে জমির উৎপাদন সামর্থ্য ব্যবহূত হচ্ছে ৩০০ শতাংশ। অথচ দক্ষিণাঞ্চলে এই হার মাত্র ১২০ শতাংশ।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কৃষক যাতে বোরোর মতো আমন আবাদেও যত্ন নেন, সে ব্যাপারে তাঁদের সচেতন করা হবে। যেমন সার দেওয়া, অনাবৃষ্টি হলে কিংবা উঁচু জমিতে সেচ দেওয়া। আমনে বিআর-১১ ছাড়া উচ্চফলনশীল জাতের চাষ অনেক কম হয়। এটা বাড়াতে হবে।’ আমনের জন্য আরও উন্নত জাতের বীজ দরকার উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, জলমগ্ন ও লবণাক্তসহিষ্ণু ভালো জাতের বীজের প্রয়োজন। ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এ ধরনের জাত উদ্ভাবনের জন্য কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।মতিয়া চৌধুরী বলেন, দক্ষিণাঞ্চলসহ অন্যান্য জায়গায় বিনাসহ উচ্চফলনশীল জাতের ধানের চাষ বাড়াতে হবে। এ ছাড়া আউশ মৌসুমের জন্য ‘নারিকা’ নামের একটি বিশেষ জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হবে। পানি খুব কম লাগলেও এর ফলন হয় প্রচুর। আফ্রিকায়, বিশেষ করে উগান্ডায় দুর্ভিক্ষ দূর করেছে নারিকা।কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৮৭ লাখ মেট্রিক টন। এই চাষাবাদের জন্য সেচযন্ত্রে প্রতিদিন প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ও পুরো মৌসুমে প্রায় ১০০ কোটি লিটার ডিজেল লাগে। এ বছর বোরো চাষে মোট সার লাগবে প্রায় ১৯ লাখ টন। এই বিপুল পরিমাণ সার ও ডিজেল কৃষক পর্যায়ে সরবরাহে সরকারকে প্রতিবছর ব্যাপক কর্মোদ্যোগ নিতে হয়। ভর্তুকি দিতে হয় বিপুল পরিমাণ অর্থ।অন্যদিকে আমন চাষের জন্য বৃষ্টির পানি পাওয়া যায়। কোথাও অনাবৃষ্টি হলে সেচ দিয়ে চাষ করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কিছুটা হেলাফেলা করে চাষাবাদ করার পরও গত মৌসুমে আমনের উৎপাদন হয়েছে এক কোটি ২৩ লাখ থেকে এক কোটি ৩০ লাখ টনের মধ্যে। এই ফলন বাড়িয়ে দুই কোটি টনের কাছাকাছি তোলা সম্ভব। সে ক্ষেত্রে বোরো আবাদ অনেকখানি কমিয়ে বিদ্যুৎ, ডিজেল ও পানির জন্য জাতীয় উত্কণ্ঠার অবসান ঘটানো সম্ভব।সরকারের এ উদ্যোগের সমন্বয়কারী কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমন আবাদকে শুধু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নয়, বোরোর মতো যত্ন নিয়ে করা হবে। দেশে প্রায় আট লাখ হেক্টর জমি রয়েছে বন্যাপ্রবণ। এই জমিতে আবাদের জন্য জলমগ্নসহিষ্ণু কিছু জাতের বীজ আমাদের আছে। একই সঙ্গে খরা ও লবণাক্তসহিষ্ণুসহ আরও নতুন জাত উদ্ভাবনের কাজ চলছে।’ অতিরিক্ত সচিব বলেন, বর্তমানে মোট আমন আবাদের প্রায় অর্ধেক হয় সাবেকি জাতের বীজ দিয়ে। উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার করে ফলন অনেক বাড়ানো সম্ভব হবে। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।