আমন্ত্রণ পেলে আবার আসবেন সাবেলা
সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নটা ছিল, আমন্ত্রণ পেলে আবার বাংলাদেশে আসবেন? এতক্ষণ খুব ফুরফুরে মেজাজে থাকা আলেসান্দ্রো সাবেলা এবার নড়েচড়ে বসলেন, ‘হ্যাঁ, কেন নয়? বাংলাদেশ আমাদের আমন্ত্রণ জানালে আবার আমরা আসতে চাইব।’বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় তখন বিদায়ের সুর। সংবাদ সম্মেলন শেষে আগেই ফিরে গেছেন নাইজেরিয়ার কোচ সিয়াসিয়া এবং অধিনায়ক জন ওবি মিকেল। এবার ফিরছেন সাবেলা। ফেরার সময় চোখেমুখে তৃপ্তি।আর্জেন্টাইন কোচকে সেটি দিয়েছেন তাঁর খেলোয়াড়েরা। মাঠে নাইজেরিয়ার বিপক্ষে ৩-১ জয়। কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে জয়টা ছিল ১-০। আর্জেন্টাইন দলের কোচ হিসেবে আগের ম্যাচেই হয়েছে শুভসূচনা। ঢাকায় সেই যাত্রা এগিয়ে চলল জয় দিয়েই। সাবেলা তো পরিতৃপ্ত হবেনই।এই জয়ের রূপকার লিওনেল মেসি। একটু আগে তাঁকেই ম্যাচের সেরা খেলোয়াড় বলে গেছেন নাইজেরিয়ান কোচ। এবার সাবেলা বললেন, ‘অবশ্যই সে-ই ম্যাচের সেরা।’অনিবার্যভাবেই এল সেই প্রসঙ্গ—বার্সেলোনার হয়ে মেসি নিয়মিত গোল উৎসব করলেও জাতীয় দলের জার্সিতে এই ম্যাচেও তো গোল পেলেন না। গোল করা না-করা দিয়ে সাবেলা এই রাতেও মেসিকে দাঁড়িপাল্লায় তুললেন না, ‘গোল সে পায়নি। কিন্তু তিনটা গোলেই ওর অবদান আছে।’নাইজেরিয়ার কাছে গত জুনের প্রদর্শনী ম্যাচটায় ৪-১ গোলে হার। এবার কি প্রতিশোধ নিল আর্জেন্টিনা? মৃদু হেসে মেসিদের কোচের জবাব, ‘আমি খেলা এবং খেলার ফলাফলে খুশি। তবে এটি প্রতিশোধ বলব না। প্রতিশোধ ব্যাপারটা তো ভালো নয়।’এক প্রশ্নে বললেন, ‘আমি ম্যাচের আগে খেলোয়াড়দের বলেছি, নতুন জায়গায় এসেছ। দর্শকদের জন্য খেলো। নিজের জন্য, দেশের জন্য খেলো। ওরা ভালো খেলেছে।’সংবাদ সম্মেলনে সাবেলাকে প্রথম প্রশ্নটাই ছিল এমন—বাংলাদেশের মাঠ, ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা কেমন? আপনি খুশি? এড়িয়ে গেলেন। পরে অন্য এক প্রশ্নে মাঠ নিয়ে জানালেন নিজের সন্তুষ্টি, ‘মাঠ ঠিকই আছে। এ নিয়ে কিছু বলার নেই।’ এক সাংবাদিকের জিজ্ঞাসা—কলকাতা না ঢাকা, কোথায় বেশি আতিথেয়তা পেলেন। এখানে সাবেলা কৌশলী। সেভাবে কোনো মন্তব্যই করেননি। তবে তাঁকে দেখে মনে হলো, ঢাকার আতিথেয়তায় অখুশি নন। নইলে তো আর আবার আসার ইচ্ছা প্রকাশ করেন না!নাইজেরিয়ার কোচকেও বাংলাদেশে আবার আসার ব্যাপারে আগ্রহী লাগল। বাংলাদেশে অনেক নাইজেরিয়ান ফুটবলার খেলেন, এটা জেনে বললেন, ‘আমি জানি।’ সংবাদ সম্মেলন শেষে যাওয়ার সময় বাংলাদেশের ফুটবলকে সহযোগিতার ব্যাপারে দেখালেন ইতিবাচক মনোভাব।সাবেলার মতো ম্যাচ নিয়ে সন্তুষ্ট সিয়াসিয়াও, ‘ম্যাচ ভালো হয়েছে।’ যদিও ফলাফলে নিশ্চয়ই নন। তবে তা সত্ত্বেও সংবাদ সম্মেলনে তাঁর পাশে বসা ওবি মিকেল না হেসে পারলেন না, ‘এখানে যখনই আর্জেন্টিনা আক্রমণে গেছে, দর্শক তাদেরই সমর্থন করেছে। আমাদের তো করেনি।’ কোনো ক্ষোভ থেকে নয়, খানিক রসিকতাই ঝরল ওবি মিকেলের কণ্ঠে।তিন দিনে খেলতে হলো দুটি ম্যাচ। সিয়াসিয়া সেটিও মনে করিয়ে দিলেন শুরুতেই, ‘ছেলেরা ক্লান্ত ছিল। অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি আমরা।’নতুন পরিবেশ। নতুন মাঠ। সবকিছুতে ক্ষণিকের ছোঁয়া দিয়ে আজ থেকে স্মৃতির পাতায় চলে যাচ্ছেন এই সব তারকা। গত রাত চারটায় মেসিসহ বার্সেলোনার খেলোয়াড়দের বিমানে ওঠার কথা ছিল। দলের বাকি অংশ যাওয়ার কথা আজ সকাল ৮-৪০ মিনিটে। নাইজেরিয়ার আজ সন্ধ্যা সাতটা ও রাত সাড়ে নয়টায়।ছেড়ে তো যাচ্ছেন। কে জানে, আবার এই দুই দল ঢাকায় আসবে না! কে জানে, মেসির পা আবার পড়বে না এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে! দুইয়ে দুইয়ে চার মিলে সাবেলা আবার এসে পড়লে অবাক হওয়ার তো থাকবে না। সালাউদ্দিন তো বলেন, সবে শুরু!