বাড়িতে না জানিয়ে আবেদনপত্র কিনেছিলেন মেয়ে, বাড়ি ফিরে দেখেন বাবাও কিনেছেন মেয়ের জন্য একই আবেদনপত্র। এমন মেয়েও যেমন আছে। আবার প্রকৌশলী হবেন, বিমানও চালাবেন—এই স্বপ্ন দেখা নারীও আছেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমানবাহিনীর এমন ছয় নারী কর্মকর্তা জানালেন তাঁদের অভিজ্ঞতার গল্প। এঁদের কেউ জ্যেষ্ঠ কেউ তরুণ। সেনাবাহিনীএকজন মেজর, আরেকজন লেফটেন্যান্ট। দুজনেই ভালোবাসেন চ্যালেঞ্জ নিতে। তাই তাঁরা যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। পরিবারের সমর্থন পেয়েছেন দুজনেই। এবার শোনা যাক মেজর মিশকাত বেগম ও লেফটেন্যান্ট সুতপা জামানের গল্প।মেজর মিশকাত বেগম (অর্ডন্যান্স কোর)পত্রিকায় বিজ্ঞাপন ‘৪৮তম দীর্ঘমেয়াদি কোর্সে সেনাবাহিনীতে যোগ দিন’। বিজ্ঞাপনটি ভালোভাবে দেখলেন এক মেয়ে। এই বিজ্ঞাপনের আকর্ষণীয় দিক ছিল এই কোর্সে নারীরাও যোগ দিতে পারবেন। মনে মনে খুশি হলেন। বাড়িতে না জানিয়ে বন্ধুদের সঙ্গে গিয়ে ২০০ টাকা দিয়ে একটি আবেদনপত্র কিনে আনলেন। মনে মনে ঠিক করেন, বাড়ি ফিরে সবাইকে চমকে দেবেন। কিন্তু বাড়িতে যে তাঁর জন্য আরও বড় চমক অপেক্ষা করছে, তা তিনি জানতেন না। সন্ধ্যায় বাবা তাঁকে ডেকে সেনাবাহিনীর একই কোর্সের আরেকটি আবেদনপত্র হাতে ধরিয়ে দেন। বাবার ইচ্ছা মেয়ে যেন এই পেশা বেছে নেয়। খুশিতে মেয়েটি আত্মহারা। তাঁর মনের কথা বাবা কীভাবে বুঝে ফেললেন! মিশকাত বলেন, ‘কাকতালীয়ভাবে সেদিন আমরা বাবা-মেয়ে দুজনেই আবেদনপত্র কিনেছিলাম। এই ঘটনা থেকে বোঝা যায় কতখানি পরিবারের সমর্থন পেয়েছি। শুধু বাবার বাড়ি নয়, বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির সমান সমর্থন পেয়েছি। তাঁরা আমাকে নিয়ে গর্ববোধ করেন।’ এই মেজর এখন দুই সন্তানের মা। সংসার-সন্তান সামলাতে হিমশিম খেতে হয় না? ‘একদমই না। পরিবারে কোয়ালিটি টাইম দিই। ফলে কাজ সংসারজীবনে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। সংসার ও কাজের ক্ষেত্রেও নয়। আমার স্বামী সেনাবাহিনীতে কর্মরত। একই পেশার হওয়ায় তিনি কাজটাকে বোঝেন।’যেকোনো চ্যালেঞ্জ ও ঝুঁকি নিতে ভালোবাসেন মিশকাত। সে কারণেই সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ১০ বছরের চাকরিজীবনে নিজের ঝুলিতে জমা হয়েছে নানা রকম অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনেও গিয়েছিলেন তিনি। সব ক্ষেত্রেই তাঁর মনে হয়েছে, সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য নেই। সবাই সবাইকে শ্রদ্ধা করে। এখানে সফল হতে হলে কাজের প্রতি দৃঢ়তা থাকতে হবে। আর থাকতে হবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা। লেফটেন্যান্ট সুতপা জামান (আর্মি সার্ভিস কোর)বরাবরই অ্যাডভেঞ্চারপ্রিয় সুতপা। এক আত্মীয় ছিলেন সেনা বহিনীতে। তাঁর কাছে সব সময় গল্প শুনতেন। সেসব গল্প শোনার সময় শিহরিত হতেন তিনি। ভাবলেন, অ্যাডভেঞ্চারের জন্য এর চেয়ে ভালো সুযোগ কোথাও পাবেন না। এরপর পরিবারকে বুঝিয়ে শুরু করলেন জীবনের অ্যাডভেঞ্চার। যোগ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। পেশাজীবনের বয়স আড়াই বছর। তাঁর কাছে এখন পর্যন্ত সেরা মুহূর্ত যেদিন কমিশন লাভ করেন। সেদিন নিজেকে পৃথিবীর রাজা মনে হচ্ছিল। যদিও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্রশিক্ষণের দিনগুলো কষ্টকর ছিল। লেফটেন্যান্ট সুতপা বলেন, মাঝেমধ্যে মনে খুব কষ্ট হতো। তবে হাল ছেড়ে দিতাম না। একটা দিন গেলেই মনে হতো লক্ষ্যের খুব কাছাকাছি এসে গেছি। আরেকটু গেলেই সফল। ব্যস, এভাবেই দুই বছর নিজেই নিজেকে অনুপ্রাণিত করতাম।’সেনাবাহিনীতে সবার মধ্যে খুব একাত্মতা। নিজের পেশার এই দিকটি তাঁর সবচেয়ে ভালো লাগে। যেকোনো কাজে সবাই সবার পাশে থাকে, কাজের ক্ষেত্রে সাহায্য করে। আর নারী বলে তো কেউ মনেই করে না। বিএমএর দুই বছরের প্রশিক্ষণেই সবার মধ্যে একধরনের আন্তরিকতা তৈরি হয়। এটিই পরবর্তী সময়ে কাজে লাগে। সুতপা মনে করেন, এখানে মানসিকভাবে যেমন দৃঢ় হতে হবে আবার শারীরিক ফিটনেসটাও থাকতে হবে। আর ধৈর্য তো সব কাজেই প্রয়োজন। দুই ভাইবোনের মধ্যে সুতপা বড়। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছোট ভাইয়ের তো বোনকে নিয়ে গর্বের শেষ নেই। মা-বাবারও তেমনি। সুতপা চান নিজের কাজ ভালোভাবে করতে। দেশের জন্য কিছু করতে।বিমানবাহিনীস্কোয়াড্রন লিডার রুমানা আকতার ও ফ্লাইট লেফটেন্যান্ট মুনীরা হক। বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের (সেমস) অধ্যক্ষ হিসেবে আছেন রুমানা আকতার। মুনীরা হক বর্তমানে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনস্ট্রাকটর হিসেবে কাজ করছেন। যে স্বপ্ন নিয়ে তাঁরা বিমানবাহিনীতে এসেছিলেন, তা আজ ষোলোকলা পূর্ণ। এবার জানা যাক, এই দুই নারীর নানা কথা।স্কোয়াড্রন লিডার রুমানা আকতার‘প্রথম’ শব্দটা যেন তাঁর নামের সঙ্গে জুড়ে গেছে। এই যেমন বিমানবাহিনীর যে কোর্সে প্রথম নারী নেওয়া হয়, তিনি সেই দলে ছিলেন। আবার প্রথম নারী হিসেবে ঢাকার মিরপুরের সামরিক বাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে সামরিক বিদ্যার ওপর উচ্চতর ডিগ্রি (পিএসসি) লাভ করেন। এরপর আইএসএসবিতে প্রথম নারী মনোরোগবিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তিনি। বর্তমানে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের (সেমস) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হলেন স্কোয়াড্রন লিডার রুমানা আকতার।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি যোগ দেন বিমানবাহিনীতে। সব সময় ইচ্ছা ছিল নতুন কোনো কিছু করা। আর তেমন সুযোগ সামনে এসে গেল। এখানে এসে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছেন। রুমানা আকতার বলেন, ‘সব সময় মনে হতো আমাদের আরও ভালো করতে হবে। যত কষ্টই হোক পিছিয়ে গেলে চলবে না। আমরা ভালো না করতে পারলে ভবিষ্যতে মেয়েদের দিকে সবাই আঙুল তুলবে। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। সেই সুযোগ দেওয়া যাবে না।’ বিমানবাহিনীতে কাজ করতে গিয়ে কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। কাজের পরিবেশ খুব নারীবান্ধব। তাঁদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে দেখা হয়। প্রশিক্ষণ, পেশাগত দায়িত্ব পালনে এখানে নারী-পুরুষনির্বিশেষে কাজ করেন। ফলে রুমানা আকতারকে প্রায় ১০ বছরের কর্মজীবনে কোনো সমস্যায় পড়তে হয়নি। মনের মতো কোনো কিছু না হলেও মানসিকভাবে কখনো ভেঙে পড়তেন না। কেননা তিনি মনে করেন জীবনে খারাপ সময়ের পর ভালো সময় আসে।সময় ব্যবস্থাপনার মাধ্যমে কর্মব্যস্ত এই মানুষ সংসার-সন্তানও সামলান। দুই সন্তান তাঁর স্কুলেই পড়ে। সেখানেও পেশাদারি মনোভাব মেনে চলেন। স্কুলে সন্তানদের কাছে তিনি শুধু শিক্ষক। বাড়িতে তাদের মা। মায়ের দায়িত্ববোধ সন্তানেরাও এখন বোঝে। আর সব সময় পাশে পেয়েছেন পরিবারকে। দেশের জন্য কাজ করতে পেরে গর্ববোধ করেন তিনি। চান আরও মেয়েরা এই পেশায় আসুক। ফ্লাইট লেফটেন্যান্ট মুনীরা হকময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পড়েন তখন। একটা অদ্ভুত স্বপ্ন তাঁর। একই সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়বেন আবার বিমানও চালাবেন। এমন স্বপ্ন কি পূরণ হওয়ার! অনেক সৌভাগ্যবান হলেই হয়তো এমন স্বপ্ন পূরণ হয়। যেমন হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট মুনীরা হকের জীবনে। তবে বিমান না চালালেও হয়েছেন বিমানের প্রকৌশলী।সামরিক বাহিনীর সুশৃঙ্খল জীবন তাঁকে ছোটবেলা থেকেই আকর্ষণ করত। এরপর ক্যাডেট কলেজে পড়ায় সুশৃঙ্খল জীবনকে ভালোবেসে ফেলেন। তাই তো এইচএসসি পাস করে বিমানবাহিনীর ০৬ ইঞ্জিনিয়ারিং কোর্সে তিনি যোগ দেন। এরপর তাঁকে বুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগে পড়তে পাঠানো হয়। সেখানে পড়া শেষে ফিরে আসেন কর্মক্ষেত্রে। মুনীরা বলেন, ‘আমি একই সঙ্গে দুই জীবনের স্বাদ পেয়েছি। এটা এ পেশায় না এলে কোনো দিনই পেতাম না। আর কাজকে ভালোবাসলে, কাজের প্রতি শ্রদ্ধাশীল হলে যে কেউ সফল হবেন।’বিয়ের আগে ছিল মা-বাবার সমর্থন, বিয়ের পরে স্বামী ও শ্বশুরবাড়ির। সবাই সব কাজে তাঁকে সহযোগিতা করেন। তাই তো সংসার-সন্তান সব সামলে চলেছেন দক্ষভাবে। এ জন্য বিমানবাহিনীর প্রতি কৃতজ্ঞ তিনি। সন্তান হওয়ার আগে ও পরে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে সব ধরনের সহযোগিতা করেছেন। একই পেশায় আছেন মুনীরা হকের স্বামীও। কখনো ঝামেলা হয় না? মুনীরা বলেন, ‘কখনোই হয়নি, বরং একই পেশার হওয়ায় সুবিধা অনেক। আমাকে অনুপ্রেরণা দেন। কাজ নিয়ে আলোচনা করা যায়। গর্ববোধ করেন আমাকে নিয়ে।’ ২০০৯ সালের কথা। মুনীরা হককে একটি বিশেষ প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়। এর আগে বিমানবাহিনীর কোনো নারী বিমান প্রকৌশলী এই প্রশিক্ষণে অংশ নেননি। জীবনের অনেক ভালো লাগার ঘটনার মধ্যে তাঁর কাছে এটি একটি। অন্য সবার মতো কমিশনপ্রাপ্তির দিন এখনো তাঁকে আন্দোলিত করে। নৌবাহিনীলেফটেন্যান্ট কমান্ডার (এলবিএন) তানিয়া সওগাত এবং সাব লেফটেন্যান্ট সেহলিনা নাবিলা। নৌবাহিনীর দুই চৌকস কর্মকর্তা। নারী বলে সমুদ্রের হাতছানি থেকে কোনো কিছুই তাঁদের দূরে সরিয়ে রাখতে পারেনি। লেফটেন্যান্ট কমান্ডার (এলবিএন) তানিয়া সওগাতসামরিক বাহিনীর মধ্যে প্রথম নারী নিয়োগ হয় নৌবাহিনীতে। আর সেই প্রথমের দলে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার (এলবিএন) তানিয়া সওগাত। এলবিএন মানে হলো বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল বিভাগে কর্মরত। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে সবে এইচএসসি পাস করেছেন। নৌবাহিনীর নিয়োগ দেখে নিজের স্বপ্ন পূরণের জন্য আর দেরি করেননি। আবেদন করেন। যোগ্যতা প্রমাণ করে সফলও হন। বর্তমানে নৌ-প্রশিক্ষণ পরিদপ্তরে স্টাফ অফিসার (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পেশায় কেন আসতে চাইলেন জিজ্ঞাসা করলে বলেন, ‘ক্যাডেট কলেজে পড়ার সময় শিক্ষাসফরে নেভাল একাডেমি ও নৌবাহিনীর বিভিন্ন জাহাজ পরিদর্শনের সুযোগ হয়। তখন মনে হয়েছিল ইশ্, যদি এখানে কাজ করতে পারতাম। আর প্রথম কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকাও তো কম কথা নয়।’ নৌবাহিনীতে যোগদানের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক হন।একবারের কথা। তখন চারটি দেশে ৩৭ দিনের সফরে যাবে নৌবাহিনীর একটি দল। সেই দলে নারীরা যেতে পারবেন কি না? তাঁরা শারীরিকভাবে টিকতে পারবেন কি না? এই বিষয়ে প্রশ্ন ওঠে। সবার সামনে নিজেদের আরেকবার প্রমাণ করতে তানিয়াসহ নয়জন নারী এই সফরে যান। কোনো রকম সমস্যা ছাড়াই তাঁরা ফিরে আসেন। তানিয়া বলেন, আমাদের ভালোর কথা ভেবেই এটি বলা হয়েছিল। কিন্তু আমরা আগ্রহ দেখানোয় কর্তৃপক্ষ সহযোগিতা করে। নৌবাহিনীতে কাজের ক্ষেত্রে বা পরিবেশে লিঙ্গবৈষম্য নেই। তবে জাহাজে সমুদ্রে যেতে হয়। অনেক সময় সাগর উত্তাল হলে কারও কারও সি-সিকনেস দেখা দেয়। বমি হয়। এটি নারী-পুরুষ যে কারোরই হতে পারে।’যাঁরা পথনির্দেশনার দায়িত্বে থাকেন তাঁদের ওপর দায়িত্বও বেশি থাকে। তানিয়া ছিলেন প্রথম দলের। ফলে সব সময় চেষ্টা করেছেন তাঁরা যেন পুরুষের সমান এখানে কাজ করতে পারেন। যাতে যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে। তা না হলে ভবিষ্যতের নারীদের পথ তো সুগম হবে না। তানিয়া মনে করেন নীতিনির্ধারণে নারীরা থাকলে অন্য নারীদের জন্য অনেক সুবিধা হয়। যেমন নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজে আগে নারীদের জন্য আলাদা কোনো টয়লেট ছিল না। এখন নারীদের জন্য থাকার সুব্যবস্থা ও তাঁদের ব্যবহারের উপযোগী টয়লেট তৈরি করে দেওয়া হয়।নৌবাহিনীতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দেওয়া হয়। ফলে মা হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এটি আসলে কাজের ক্ষেত্রে অন্তরায় নয়। গর্ভধারণ করার পরপরই কর্তৃপক্ষকে জানিয়ে দিলে কোনো ধরনের প্যারেড বা শারীরিক কসরত করতে দেন না তাঁরা। এমনকি পোশাকও পরিবর্তন করে শাড়ি পরার অনুমতি দেন। আর বিরতির পর কাজে ফিরে আসতেও সমস্যা হয় না। সহকর্মীরা খুব সাহায্য করেন। তানিয়ার মা হওয়ার সময়েও এর ব্যতিক্রম হয়নি। দেশের বাইরে পিএইচডি করছেন তানিয়ার স্বামী। তানিয়াকে সব সময় সমর্থন দিয়েছেন। তানিয়ার মতো তিনিও তাঁর কাজকে ভালোবাসেন। আর মা-বাবা, শ্বশুর-শাশুড়িও এখনো সমানতালে সহযোগিতা করছেন। তানিয়া সবকিছুই পরিকল্পনা করে করতে পছন্দ করেন। তাই কর্মজীবন ও পারিবারিক জীবনে কোনো সমস্যা হয়নি। সবচেয়ে বড় কথা, এই পেশা তাঁকে সম্মান, দেশের জন্য কিছু করার সুযোগ আর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।সাব লেফটেন্যান্ট (ইবিএন) সেহলিনা নাবিলাউত্তাল সাগর। জাহাজে চলছে প্রশিক্ষণ। হঠাৎ বমি করা শুরু করলেন নাবিলা। প্রচণ্ড মনের জোর থাকায় সেটি বেশিক্ষণ পাত্তা পেল না তাঁর কাছে। বমি করেও পরক্ষণেই দেখা যেত তিনি কাজে নেমে পড়েছেন। তা না হলে প্রশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। নৌবাহিনীর জাহাজে প্রশিক্ষণের সময়টা এ রকমই কষ্টকর ছিল। নাবিলা জানালেন এ রকম সি সিকনেস জয় করেই ছেলে-মেয়ে সবার টিকে থাকতে হয়। পুরো নাম সেহলিনা নাবিলা। নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট (ইবিএন)। ইবিএন মানে হলো বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত। নাবিলা বর্তমানে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যন্ত্রকৌশল বিষয়ে পড়ছেন। ২০১২ সালের ২৬ মার্চ। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি অতিথিরা গিয়েছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে কর্মরত ছিলেন নাবিলা। এ সবকিছু নাবিলার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ছোটবেলা থেকে নাচে-গানে পারদর্শী। ময়মনসিংহ ক্যাডেট কলেজের চৌকস ক্যাডেট হয়েছিলেন নাবিলা। এইচএসসি পাস করে যোগ দেন নৌবাহিনীতে। বাবার অনুপ্রেরণাতেই এই পেশা বেছে নিয়েছেন। তবে মায়ের চেষ্টাও কম ছিল না। যেকোনো চ্যালেঞ্জিং কাজ ভালো লাগে নাবিলার। তিনি বলেন, ‘দেশের জন্য কিছু করার সুযোগ তো পাচ্ছি। মজার বিষয় হলো, আমার অন্য বন্ধুরা এখনো লেখাপড়া করছে। কিন্তু আমি কাজ করছি। চোখে-মুখে শান্তভাব থাকা মেয়েটি বেশ চঞ্চল। নিজ মুখেই তা জানান। দুই ভাইবোনের মধ্যে নাবিলা ছোট। ফলে আদরও তাঁর খানিকটা বেশি। নাবিলা মনে করেন, এখানে ভালো করতে গেলে শারীরিক ফিটনেস থাকা জরুরি। এটা আসলে সব মানুষেরই থাকা উচিত। তাহলে কর্মশক্তি বেশি পাওয়া যায়।ভবিষ্যতে নিজের কাজ আরও ভালোভাবে করতে চান তিনি। দেশের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। সেটি যেন সঠিকভাবে পালন করতে পারেন—এটাই তাঁর স্বপ্ন।