আমরা আর তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাসী নই: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘তিন মাসের সময় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার দুই বছর মানুষের উপর নির্যাতন করেছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারে আর বিশ্বাসী নই।’আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানসংলগ্ন জিমনেসিয়ামে কর্মী সমাবেশে সৈয়দ আশরাফ এ কথা বলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াতের অরাজকতা ও অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এ কর্মী সভার আয়োজন করে।তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া নিজে তত্ত্বাবধায়ক সরকার চান না। চাইলে তিনি সংসদে আসতেন। তিনি বলেছিলেন, ‘দেশে পাগল ও শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। আমরা পাগল ও শিশুর কাছে দেশ ছেড়ে দিতে পারি না। বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। এরা গোয়েন্দা সংস্থার কয়েকজন লোকের হয়ে কাজ করেছে।’ তিনি বলেন, ‘১৯৯১ ও ২০০১এ আওয়ামী লীগকে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে পরাজিত করা হয়েছিল। তারা কেউ অবাধ, নিরপেক্ষ নির্বাচন করেনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের নেতাকর্মীদের কেবল নির্যাতন করেই তারা ক্ষান্ত হয়নি। শেখ হাসিনাকে জেলে মেরে ফেলারও ষড়যন্ত্র করেছিল।’জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ স্থানীয় নেতারা।সংবিধান নিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা দীর্ঘ সাত মাস ধরে সংবিধান সংশোধনে কাজ করেছি। সংসদীয় কমিটির অনুমোদিত কমিটি দিয়ে পর্যালোচনা শেষে আইন মন্ত্রণালয়-বিষয়ক কমিটির বিশ্লেষণ শেষে সংসদে ভোটের মাধ্যমে তা পাস করা হয়েছে। এ সংবিধান সংশোধন রাতের অন্ধকারে করা হয়নি। এ সংবিধান সংশোধন চূড়ান্ত নয়। এখনো আলোচনার সুযোগ রয়েছে।’দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে আশরাফ বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণ ভোট দিয়ে আপনাদের চিরস্থায়ী বন্দোবস্ত দেয়নি। জনগণের কাঠগড়ায় আমাদেরকেও উঠতে হবে। ক্ষমতা বারবার আসে না। ময়মনসিংহ আওয়ামী লীগের দুর্গ ছিল। এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। আপনারা ঐক্যবদ্ধ হন।’জাহাঙ্গীর কবীর বলেন, ‘সরকার যে লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করছে, বিএনপি তা ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। আমরা সে বিষয়ে সজাগ রয়েছি।’