আমরা কথা রেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সত্তরে আওয়ামী লীগকে ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। ’৯৬-এ ভোট দিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০০৮-এর নির্বাচনে কথা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা কথা রেখেছি। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে।’খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যতই জ্বালাও-পোড়াও, মানুষ খুন করেন, ওদের (যুদ্ধাপরাধী) বাঁচাতে পারবেন না। ওদের বিচার বাংলার মাটিতে হবেই। যেভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়েছে, সেভাবে ওদের বিচার করা হবে।’আজ বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে স্থানীয় আওয়ামী লীগ অয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীদেরও খালেদা জিয়া রক্ষা করতে চেয়েছিলেন। তাই তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিন হরতাল ডেকেছিলেন। জাতির পিতার হত্যাকারীদের তিনি রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করবেন না। দুর্নীতি আর মানুষ খুন, এটাই বিএনপির বড় গুণ। তারা যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষ খুন করে। ২০০১ সালে ক্ষমতায় এসে অত্যাচার-নির্যাতন শুরু করেছিল। তাদের অত্যাচারে কেউ শান্তিতে থাকতে পারত না। ’৯১ সালে কৃষক সার চেয়ে গুলি পেয়েছিল। এটাই তাদের চরিত্র।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। বিএনপির মতো ভোট চুরি করি না। আওয়ামী লীগের আমলে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন ও সংসদের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়নি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছি। এবার চাই অর্থনৈতিক মুক্তি।’ শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমরা কাজ করেছি। ভবিষ্যতে আরও কাজ করব। প্রত্যেকটা মানুষ খেয়ে-পরে সুখে-শান্তিতে থাকবে। ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করব। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ পেট ভরে ভাত খেতে পারে। লেখাপড়া শিখে সুন্দরভাবে বাঁচে। আমরা ক্ষমতায় এসে চার বছরে চার লাখ লোককে সরকারি চাকরিসহ ৭৮ লাখ বেকারের কর্মসংস্থান করেছি। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ঋণ দেওয়া হচ্ছে। গ্রামের কোনো মানুষ দরিদ্র থাকবে না—এটাই আমাদের লক্ষ্য। প্রতিটি মানুষ যাতে আত্মনির্ভরশীল হয়, এ জন্য “একটি বাড়ি একটি খামার” প্রকল্প নেওয়া হয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।এর আগে দুপুরে প্রধানমন্ত্রী ধনবাড়ীতে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এলজিইডি ১৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে। পরে তিনি ধনবাড়ী মডেল থানা ভবন ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।