আমরা কি পথ পেয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা প্রতিযোগে অংশ নিতে জামালপুর যাওয়ার অভিজ্ঞতাটা বলি। তিস্তা এক্সপ্রেসে যাব। ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছে গেছি। ট্রেন কমলাপুর ছাড়বে সকাল সাতটায়, বিমানবন্দরে আসবে আটটার দিকে। রেলস্টেশনে এসে ঘোষণা শুনলাম, আজ ট্রেন লেট। নয়টার দিকে একটা ট্রেন ঢাকার দিকে যাচ্ছে। শোনা গেল, সেই ট্রেন কমলাপুর পৌঁছানোর পর সেটার পাওয়ার কার খুলে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে সংযুক্ত করা হবে; তারপর সেই ট্রেন আসবে। মানে আরও দুই ঘণ্টার ধাক্কা। তাই তাড়াতাড়ি করে রেলস্টেশন ছেড়ে ময়মনসিংহগামী একটা বাসে উঠে পড়লাম। সেই বাস ময়মনসিংহ শহরে ঢুকছে। এমন সময় একটা রেলক্রসিংয়ে বাসটাকে দাঁড়াতে হলো। ট্রেন যাচ্ছে। তার গায়ে লেখা, তিস্তা এক্সপ্রেস। অর্থাৎ তাড়াতাড়ি আসব বলে যে ট্রেন ত্যাগ করেছি, পকেটে টিকেট থাকা সত্ত্বেও, সেই ট্রেন আমার আগেই ময়মনসিংহ শহরে ঢুকে শহরও ছেড়ে গেছে। ময়মনসিংহে নেমে একটা মাইক্রোবাস ভাড়া করে ছুটলাম জামালপুর। ভাষা প্রতিযোগ শেষ হওয়ার আগেই ওখানে পৌঁছাতে পেরেছিলাম বৈকি। ছেলেমেয়েরা গান গাইছিল, নাটক করছিল। আমার সঙ্গে ছিলেন ক্লোজআপ তারকা পুলক। আমরা দুজনেই স্থানীয় শিক্ষার্থীদের প্রতিভায় মুগ্ধ। সবচেয়ে মুগ্ধ ছেলেমেয়েদের ডাকনামগুলো শুনে। এত সুন্দর সুন্দর বাংলা শব্দ দিয়ে নাম রাখা হয়েছে!জামালপুর থেকে ফেরার সময়ও একটা ভুতুড়ে কাণ্ড ঘটেছিল আমাদের মাইক্রোবাসে। ফেরার পথে ফুলপুরে ভাষা প্রতিযোগের কর্মী যমজ ভাই কল্লোল-হিল্লোলের গ্রামের বাড়ি ফুলপুরে নৈশভোজ সেরেছি। বেশ রাত। আমরা ময়মনসিংহ শহরকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক ধরে চলেছি। কিন্তু ড্রাইভারকে ভূতে পেয়ে বসল। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাড়ি ঢুকিয়ে ফেললেন। রাত ১২টার বেশি। আকাশে চাঁদ নেই। ঘুটঘুটে অন্ধকার। ফসলহীন ধানখেত পড়ে আছে চরাচর জুড়ে। তার মধ্যে দিয়ে কাঁচা সড়ক ধরে আমরা একদিকে যাই। পথ শেষ হয়ে যায়। অতি কষ্টে গাড়ি ঘোরানো হয়। আরেক দিকে যাই। হয়তো একটা রিকশা যাচ্ছে, রিকশাওয়ালা ঘুমিয়ে ঘুমিয়ে রিকশা চালাচ্ছেন। তাকে শুধাই, ঢাকার রাস্তা কোনটা? তিনি একদিকে দেখিয়ে দেন। সেই পথে কিছুদূর যাওয়ার পরে এক গার্ডের দেখা মেলে। তিনি বলেন, এই পথে না, ঢাকা তো অন্য পথে। আবার গাড়ি ঘোরাই। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিখেতের মধ্যে চক্কর খাচ্ছি। ঢাকা ফিরতে পারব কি না জানি না। এখন বলো তো, আমরা কি পথ খুঁজে পেয়েছিলাম। উত্তর হলো, পেয়েছিলাম। না হলে এই লেখাটা লিখছি কী করে! আমাদের যেসব শিক্ষক ভাষা প্রতিযোগের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এমনই কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন। কেন গিয়েছেন? কারণ তাঁরা ভাষাকে ভালোবাসেন, ভালোবাসেন দেশকে, ভালোবাসেন বাংলাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের। তাঁরা তাঁদের স্বপ্নের বীজ ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চান। বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি বাংলা ভাষাকেও। ভালোবাসার নিয়ম হলো, কেবল ভালোবাসলেই হয় না, ভালোবাসার কিছু দায়িত্ব আছে। সেটাও পালন করতে হয়। আমাদের কর্তব্য হলো, বাংলা ভাষা একটু যত্ন করে শেখা, একটু যত্ন করে লেখা, একটু সুন্দর করে বলার চেষ্টা করা। ভাষা প্রতিযোগ আমাদের মধ্যে সেই ভালোবাসাই জাগিয়েই তুলতে চায়।আনিসুল হক: কথাশিল্পী, উপসম্পাদকপ্রথম আলো