আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দলতন্ত্র নয়: মমতা ব্যানার্জি
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল-কংগ্রেসের ঐতিহাসিক বিজয়ে বামফ্রন্টের দীর্ঘ ৩৪ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে। এ বিজয় উপলক্ষে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি আজ শুক্রবার তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এ বিজয় জনগণের। আমি জনগণকে এ বিজয় উত্সর্গ করছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দলতন্ত্র নয়। আমরা বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব।’ আজ টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত সংবাদে এ কথা বলা হয়েছে।মমতা ব্যানার্জি আরও বলেন, ‘এ বিজয় মা, মাটি ও মানুষের বিজয়। এটা বাংলার দ্বিতীয় বিজয়। এটা বামদের শোষণ, বঞ্চনা ও নিপীড়ন থেকে মুক্তি। আমরা সুশাসন এবং প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করব। আমি বাংলার সব মানুষকে অভিনন্দন জানাচ্ছি।’ তবে তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন।মমতা ব্যানার্জি বলেন, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং আফগানিস্তান থেকে ফোনে আমাকে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীও আমাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা দুজনই খুব খুশি হয়েছেন।’