আইন কানুন বিধান সব সমার্থক শব্দ। তাদের উৎস ভিন্ন ভিন্ন ফারসি, আরবি বা সংস্কৃতি। ওই তিনটি শব্দ ও ন্যায়বিচার বলতে ইংরেজি ইকুইটি এখন আমাদের বাংলা শব্দ। সরকারের আইন দরকার শাসন, অপরাধ দমন, কর আদায় ও আরও নানা কাজে। প্রজার আইনের দরকার অধিকার আদায় ও রক্ষা এবং প্রতিকার পাওয়ার জন্য। সম্যকরূপে বিধানই সংবিধান। রাষ্ট্রের বিভিন্ন বিভাগের পারস্পরিক সম্পর্ক, প্রজার অধিকার ও কর্তব্য এবং দেশ-বিদেশের সঙ্গে রাষ্ট্রের ক্ষমতা ও সার্বভৌমত্ব ইত্যাদি বিষয়ে রাষ্ট্রের সংবিধানের প্রয়োজন।সংবিধান প্রণয়নের দীর্ঘসূত্রতার পাকিস্তানি কেলেঙ্কারি আমরা পরিহার করেছিলাম। আমরা গর্ব করে বলি, ‘আমরা নয় মাসে সংবিধান প্রণয়ন করেছি।’ আমেরিকার সংবিধান চার মাসে প্রণীত হয়েছিল।সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। জনগণের পরম অভিব্যক্তিরূপে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোনো আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য হলে সে আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।আমরা গত ৪০ বছরে সাংবিধানিক বিষয়ে অনেক বেদাত করেছি। আমরা একজন মাত্র ব্যক্তির জন্য তিনবার সংবিধান সংশোধন করেছি। আমরা চতুর্থ সংশোধনী পাস করলে দেশের লোক হতবাক ও বিস্মিত হয়। সেই সংশোধনী বিলোপসাধন হলে যারা পূর্বে রাজনীতি করতে পারতেন না, তাঁরা পুলকিত হন। দেশবাসী সংবিধানের ব্যাপারে আর তেমন উৎসাহ দেখায় না।৫৯ ও ৬০ অনুচ্ছেদে যে স্থানীয় শাসনের কথা বলা হয়েছিল, তা চতুর্থ সংশোধনীতে তুলে নেওয়া হয়। দ্বাদশ সংশোধনীতে সেই অনুচ্ছেদদ্বয় ফিরে আসে এবং তা কার্যকর করার জন্য সুপ্রিম কোর্ট একটি রায়ও দেয়। আজও তা বাস্তবায়িত হয়নি।সরকারের কতগুলো বিশেষ একান্ত অধিকার থাকে, যা প্রজ্ঞার সঙ্গে বিরল ও ব্যতিক্রম ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। এখন মামলা প্রত্যাহার আকছার একটি মামুলি ব্যাপার।যদি প্রশাসনের কোনো আমলা ভাবেন যে তিনি সরকারের মন জুগিয়ে ঠিকমতো সেবা করতে পারেন, তবে তিনি উপদেষ্টা হতে পারবেন, অর্থাৎ অনির্বাচিত হয়েও নির্বাচিত মন্ত্রীর সুবিধাদি ও পদমর্যাদার অধিকারী হবেন। প্রশাসনে থাকতে কে কতটা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলের প্রতি আনুগত্য প্রকাশে উৎসাহ দেখাতে পারবেন, তার ওপর নির্ভর করবে তিনি ভবিষ্যতে উপদেষ্টা হতে পারবেন কি না। আজ কখনো-সখনো উপদেষ্টা মন্ত্রীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হন এবং তিনি সরকারের মুখপাত্র হিসেবেও কাজ করেন।মূল সংবিধানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের কোনো লাভজনক কাজে পুনর্নিযুক্ত হওয়ার কোনো বিধান ছিল না। সেই বিধান পরে পরিবর্তন করা হয়। এখন অবসরপ্রাপ্ত বিচারপতিদের সংখ্যার চেয়ে তাঁদের পুনর্নিয়োগ করার সুযোগ খুবই সীমিত। বহুসংখ্যক প্রার্থী স্বল্পসংখ্যক কর্মসংস্থানের পেছনে ধাবিত হলে এক বিষম প্রতিযোগিতার আশঙ্কা থাকে।আমরা জেলাওয়ারি সাংসদের বিধান করেছিলাম। হাইকোর্ট সেই বেদাত নাকচ করে দেন।বাহাত্তরের সংবিধানের অনেক উত্তম দিক রয়েছে। আমরা কতগুলো সংবিধানবিরোধী আইনকে সাংবিধানিক সুরক্ষা দিয়েছি। সেসব আইনকে অন্য কোনো উপায়ে সীমিতভাবে হেফাজত করা সম্ভব ছিল কি না, সেটা খতিয়ে দেখা হয়নি। পাকিস্তানি সামরিক শাসনামলের আইনি মুন্সির ভূত আমাদের ওপর ভর করেছিল।আমরা এখন সংবিধানের মূল ধারায় ফিরে এসেছি। এটা নিয়ে মাতম করে লাভ নেই যে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হলো না। যে স্রোতধারায় একবার পা ডোবানো হয়, সে স্রোতধারায় আবার পা ফেলা মুশকিল বটে।আমরা বাংলাদেশের জনগণ যে সংবিধান রচনা ও বিধিবদ্ধ করে সমবেতভাবে গ্রহণ করেছিলাম, সেই সংবিধান আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা আমাদের প্রত্যেকের নাগরিক কর্তব্য। এই কর্তব্য সঠিকভাবে পালন করলেই দেশে সুস্থ সাংবিধানিকতা দীর্ঘজীবী হবে এবং আমরা স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করব।মুহাম্মদ হাবিবুর রহমান: সাবেক প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা