আমরা গর্বিত আমরা আনন্দিত
অধ্যাপক প্রাণরসায়ন অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়বর্তমানে জুট জিনোমের যে খসড়া নকশা উদ্ঘাটন করা হয়েছে, তা একটি বড় অর্জনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আমি একে মূল্যায়ন করছি একটি বিশাল প্রাণের কংকাল হিসেবে। এর গায়ে যদি প্রয়োজনীয় মাংস যোগ করা না হয় তাহলে পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের মূল লক্ষ্য কৃষক-পর্যায়ে এ গবেষণার ফল পৌঁছে দেওয়া। সে লক্ষ্য অর্জন করতে আরও অনেকখানি পথ পাড়ি দিতে হবে। এ জন্য অর্থের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিবেদিতপ্রাণ গবেষক এবং নিরবচ্ছিন্ন গবেষণা ও গবেষণার পরিবেশ।‘বর্তমান গবেষণার ফল আমাদের তরুণ বিজ্ঞানীদের জন্য বিরাট আস্থা ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে। আমরাও পারি—এ বোধ আমাদের তরুণ গবেষকেরা অর্জন করতে সক্ষম হবেন এ গবেষণা থেকে। আশা করি, এ আত্মবিশ্বাস এবং সরকার ও সবার সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের গবেষণার ফলকে একসময় আমাদের কৃষক-পর্যায়ে পৌঁছে দিতে পারব।আহমেদ শামসুল ইসলামঅধ্যাপক ও উদ্ভিদতত্ত্ববিদমডারেটর, বাংলাদেশি বায়োটেকনোলজিস্টদের ফোরাম—জিএনওবিবিএকটি উন্নত জাতের পাটের উদ্ভাবন করার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমেরিকায় থাকাকালে ব্রিডিং পদ্ধতিতে নতুন জাতের চেষ্টা করেছি। অনেকখানি এগোলেও শেষ পর্যন্ত তীরে তরী ভেড়াতে পারিনি। আমরা সে সময় উপলব্ধি করেছি, নতুন উন্নত পাটের জন্য আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হবে। ২০০৭ সালে একটি আন্তর্জাতিক কনফারেন্সে আমি প্রস্তাব করি, পাট উৎপাদনকারী দেশগুলো সমন্বিতভাবে যাতে পাটের জিন-নকশা উন্মোচন করে। সবাই রাজি হলেও তেমন অগ্রগতি হয়নি। আমি দেশে ফেরার কিছুদিন পরই ড. মাকসুদের সঙ্গে যোগাযোগ হয়। তিনি তখন সবে পেঁপের জিন-নকশা উন্মোচন করেছেন। এরপর থেকে আমরা অনেকে বাংলাদেশে পাটের জিন-নকশা উন্মোচনের স্বপ্ন দেখেছি। তবে টাকা জোগাড় হচ্ছিল না বলে আমি একসময় ধরে নিয়েছিলাম, আমার জীবদ্দশায় এই কাজ হবে না! আজ আমার জন্য এক অনির্বচনীয় আনন্দের দিন। মাকসুদুল আলম, হাসিনা খানসহ সবাইকে জানাই আমার অভিনন্দন। সরকারের কৃষিমন্ত্রীর কাছে আমার কৃতজ্ঞতা।আমাদের পাটের দুর্বলতা হলো এর লিগানিনের পরিমাণ। কমাতে পারলে সেটা হবে ব্যাপক অর্জন। আবার লিগানিন কম আছে (যেমন ধবধবে প্রজাতি) এমন প্রজাতি সহজে পোকার আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়ে। এগুলো আমাদের সমাধান করতে হবে। এমন পাটের জাত উদ্ভাবন করতে হবে, যা জন্মাবে শীতকালে এবং মেটাবে আমাদের কাগজকলগুলোর মণ্ডের চাহিদা।আমাদের তরুণ-তরুণীরা আবার প্রমাণ করেছে, ইচ্ছে করলে বাঙালির কাছে অসাধ্য কিছুই তো নাই। আমার বিশ্বাস, আমাদের পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে তারা আরও অসাধ্য সম্পাদন করবে।আহমেদ আজাদঅধ্যাপক ও সাবেক সদস্য, কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যাডভাইজার,ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, নয়াদিল্লি, ভারত।একসঙ্গে মিলে কাজ করলে যে একটা বিরাট সাফল্য আসতে পারে, সেটা বহুমুখী বিজ্ঞান গবেষণায় আবারও প্রমাণিত হলো। এর মাধ্যমে শুরু হলো এক নতুন যুগের। এটা মাত্র শুরু এবং আমি আশাবাদী যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির নতুন যুগের ভেতরে আরও অনেক দূর যেতে প্রস্তুত। আমি পুরো দলকে অভিনন্দন জানাচ্ছি। ড. মাকসুদুল আলম, যিনি হাওয়াই ও পেনাংয়ে কাজ করেন, কিন্তু হূদয়টা পড়ে থাকে বাংলাদেশে। ড. হাসিনা খান এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী ড. জেবা সেরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে তাঁদের শিক্ষার্থী এবং সহকর্মী; পাট গবেষণা কেন্দ্র, যাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ও সর্বোৎকৃষ্ট জাত সংগৃহীত আছে। ড. মাহবুব জামান ও ডেটাসফটের কর্মীরা—যাঁরা এই বিশাল কর্মযজ্ঞে সক্রিয় ছিলেন ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন এবং দেখিয়েছেন কীভাবে ব্যক্তিগত পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং সরকারি খাতের সঙ্গে একসঙ্গে কাজ করা যায়। খুবই ঝুঁকিপূর্ণ ও নতুন ধরনের এই প্রকল্পে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে উৎসাহব্যঞ্জক পদক্ষেপ নেওয়ায় বেগম মতিয়া চৌধুরীকে আমার শুভেচ্ছা রইল। জাতীয় সংসদের মাধ্যমে দেশবাসীকে এই সুখবর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ। সবশেষে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস (জিএনওবিবি) এবং এর প্রধান অধ্যাপক আহমেদ শামসুল ইসলামকে বিশেষ ধন্যবাদ। এই সাফল্যে তাঁদের কৃতিত্ব কোনো অংশেই কম নয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টার আমাকে বহুমুখী এবং সমন্বিত প্রকল্পের ব্যাপারে মতামত প্রকাশের সুযোগ করে দিয়েছে। আশা করছি, এটা একটা নতুন যুগের শুরু এবং সরকার এর স্থায়িত্ব ও কার্যকরতা নিশ্চিত করবে।আবেদ চৌধুরীজিন বিজ্ঞানীপাটের জিন-নকশা উন্মোচনের ভেতর দিয়ে আমাদের একটি দীর্ঘদিনের উদ্যোগ সাফল্য পেল। এ জন্য আমি বিজ্ঞানী মাকসুদুল আলম এবং তাঁর সহযোদ্ধাদের আন্তরিক অভিনন্দন জানাই। বছর দুয়েক ধরে এই গুরুত্বপূর্ণ গবেষণা কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য আমরা অনেকের দ্বারে দ্বরে ঘুরেছি, কিন্তু সফল হইনি। বর্তমান সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজটি সমাধা করার জন্য সব সহযোগিতা করেছেন। এ জন্য বাংলাদেশের সব বিজ্ঞানীর পক্ষ থেকে আমি তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সবিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি কেবল এই কর্মকাণ্ডে উৎসাহ জোগাননি, পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত জাতীয় সংসদে এই আবিষ্কারের ঘোষণা দিয়ে বাংলাদেশের বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। একটি বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের বিজ্ঞানী এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। পাশাপাশি আমি দেশের গণমাধ্যমগুলোকে এই সাফল্যের অংশীদারিত্ব দিতে চাই। কারণ, বিগত কয়েক বছর ধরে দেশের গণমাধ্যমগুলো বায়োইনফরমেটিক্সে বিশ্বব্যাপী নতুন চাহিদার সৃষ্টির কথা সবাইকে জানিয়েছেন। পাশাপাশি সেই চাহিদা পূরণে আমাদের করণীয়গুলো তুলেধরেছেন।সেখানে নতুন প্রজন্মকে গড়ে তোলার কথা যেমন ছিল, তেমনই ছিল পাটের জিন-নকশা উন্মোচনের দাবি। আমাদের এখানে থেমে থাকলে চলবে না। জেনোমিক্সের হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে ফাংশনাল জেনোমিক্সের দিকে, যাতে আমরা নতুন প্রজাতির পাটের উদ্ভাবন করতে পারি। পাটের তন্তুকে মিহি ও সরু করতে পারলে সেটি হবে রেশমের সমতুল্য। আবার পাটখড়ি দিয়ে আমরা যা নির্মাণ করি সেগুলোতেও বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে। এ জন্য আমাদের পরীক্ষাগারের গবেষণা এবং মাঠে তার প্রয়োগ এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। দরকার হবে প্রচুর অর্থের, প্রয়োজন হবে আমাদের নতুন প্রজন্মের বায়োটেকনোলজিস্ট আর তথ্যপ্রযুক্তিবিদদের জন্য কাজের সুযোগ তৈরি করার। আশা করি, সংশ্লিষ্ট সবাই এতে নজর দেবেন। রাখহরি সরকারঅধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আমরা যারা পাট নিয়ে গবেষণা করি, তাদের জন্য তো বটেই, সমগ্র বাংলাদেশের জন্যই পাটের জিনোম তথ্য উদ্ঘাটিত হওয়ার বিষয়টি অত্যন্ত উৎসাহের ও গর্বের। বাংলাদেশের ঐতিহ্যের এ তন্তু ফসলটি তার গৌরব হারাতে বসেছিল। এবার এই গবেষণার ফল পাটকে তার হূত গৌরব পুনরুদ্ধার করতে সহযোগিতা করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর উৎস হিসেবে পাট এবার মর্যাদার আসন দখল করে নিতে পারবে। পাটের ব্রিডিংসহ এর প্রকরণ উন্নয়নে উদ্ঘাটিত জিনোম তথ্য দিকদর্শক হিসেবে কাজ করবে। বাংলাদেশ এবং এ দেশের বিজ্ঞানকে এ গবেষণা এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।আমি প্রত্যাশা করি, এ গবেষণার ফল অদূর ভবিষ্যতে কৃষক-পর্যায়ে এ গবেষণার ফল কোনো না কোনো ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। পরিশেষে এ উদ্যোগ এবং গবেষণার সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।আবিদুর রহমানসহযোগী অধ্যাপক, বায়োটেকনোলজিইয়াতে বিশ্ববিদ্যালয়, জাপানএটি একটি অসাধারণ খবর! যাঁরা এই বিশাল সাফল্য বয়ে এনেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। এ ঘটনা প্রমাণ করে দিয়েছে, সম্পদ সীমিত থাকা সত্ত্বেও আমরা সাফল্য পেতে পারি। পুরো জাতি বিজ্ঞানী দলটির কাছে ভীষণ কৃতজ্ঞ। আর মাকসুদুল আলমের প্রতি বিশেষ ধন্যবাদ। এই উদ্ভাবন নিশ্চিতভাবেই বিজ্ঞানের নতুন যুগের সূচনা করবে।তবে মনে রাখতে হবে, শুধু জিনোম-তথ্য কোনো কাজে আসবে না, যদি না আমরা এটি সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে পাটের গবেষণা ও উন্নয়নে ব্যবহূত না করি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বিজ্ঞানীদের বসতে হবে এবং শুনতে হবে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনাও। আমি ভীষণভাবে আশা করছি, বাংলাদেশ সরকার পাট প্রকল্পের উন্নয়নে সব রকমের সহায়তা দেবে। সারা বিশ্বে ‘সবুজ তুমি এগিয়ে যাও’ অভিযানে পাটের সেই সোনালি অতীত ফিরে পাওয়ার বিশাল সম্ভাবনা আছে।নাজমুল আহসানচেয়ারম্যান, জিন প্রকৌশলও জীবপ্রযুক্তি বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়বাংলাদেশের জীবপ্রযুক্তি গবেষণায় এটি একটি মাইলফলক। পাট নিয়ে একটি দীর্ঘ ঐতিহ্য আছে আমাদের। কিন্তু বর্তমান বিশ্বে জীবপ্রযুক্তি গবেষণায় যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে পাট নিয়ে কিছু করতে হলে এর জিনোম সিকোয়েন্স জানা অত্যন্ত জরুরি ছিল। এ আবিষ্কারের কারণে বিশ্বে সোনালি আঁশখ্যাত পাটের ওপর আমাদের মেধাস্বত্ব সংরক্ষিত হবে। পাটের বহুমুখী ব্যবহারের জন্য এ তথ্য কাজে লাগানোটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের উচিত, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটকে দক্ষ জনশক্তি দিয়ে ঢেলে সাজানো এবং বিভিন্ন শিক্ষা ও গবেষণা-প্রতিষ্ঠানের সঙ্গে এর সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া।পরিশেষে এ প্রকল্পের সঙ্গে যুক্ত মাকসুদুল আলম, হাসিনা খান, মাহবুব জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগসহ অন্যান্য বিভাগ এবং প্রতিষ্ঠানের গবেষকদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।