আমরা ছাত্রদলের দিকে তাকিয়ে আছি: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নিজেদের দুর্নীতি আড়াল করতে নতুন নতুন কলাকৌশল করছে। কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হবে না। এ সরকারের সময় শেষ হয়ে গেছে। যতই ঘুরপাক খাক, কাজ হবে না। জনগণ জেগে উঠেছে।’আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে’ ছাত্রদল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি নয়াপল্টন থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে মতিঝিলে গিয়ে শেষ হয়।মির্জা ফখরুল বলেন, ‘আজ বাংলাদেশ একটি কঠিন সংগ্রাম-লড়াই করছে। এ লড়াই দেশের অস্তিত্বের লড়াই। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই। আমরা ছাত্রদলের দিকে তাকিয়ে আছি। তারা এ আন্দোলনে নেতৃত্ব এবং গণতন্ত্র ফিরিয়ে দেবে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবই করব। শিক্ষাঙ্গণকে সন্ত্রাস ও ছাত্রলীগ মুক্ত করব।’ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ছাত্রদলকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া শাহবাগের আন্দোলনের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, ‘তারুণ্যের আন্দোলনকে আমরা স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘জাগরণ মঞ্চ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠবে বলে আমরা প্রত্যাশা করি।’ আওয়ামী লীগে যারা যুদ্ধাপরাধী আছে তাদের বিচার, সরকারের দুর্নীতি, হত্যা, গুম, বিশ্বজিত হত্যা এবং বরিশালের বিএম কলেজের শিক্ষককে মারধর করার বিরুদ্ধেও শাহবাগের আন্দোলনকারীরা সোচ্চার হবেন বলে ‘প্রত্যাশা’ করেন ছাত্রদলের সভাপতি।সমাবেশে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।