আমরা ঝগড়া করিনি, ঝগড়া করেছেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে হিলারির বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যাপারে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।গ্রামীণ ব্যাংক নিয়ে হিলারির বক্তব্যের পর সরকার তার অবস্থান পরিবর্তন করবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে হিলারির বিবৃতির কোনো যুক্তি নেই। উনি বলেছেন ওনার কথা। গ্রামীণ ব্যাংক সরকার দখল করবে—এমন অভিযোগ রাবিশ। আমি দুঃখিত যে রাবিশ শব্দটি ব্যবহার করেছি।’ অর্থমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।একই সঙ্গে অর্থমন্ত্রী নিজেকে গ্রামীণ ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা বলেও দাবি করেন। তাঁর ভাষায়, ‘গ্রামীণ ব্যাংকের আমিও একজন প্রতিষ্ঠাতা।’ ব্যাংকটি প্রতিষ্ঠার সময় যুক্তরাষ্ট্র বা বিশ্বব্যাংক সাহায্য করেনি উল্লেখ করে বলেন, ‘সরকার এটা প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক এতে এক পয়সাও দেয়নি।’ গ্রামীণ ব্যাংক ভালোভাবেই চলছে দাবি করে তিনি বলেন, ‘সরকার কখনোই এতে হস্তক্ষেপ করে না।’অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সার্বিক বিষয়ে তদন্তের জন্য একটি কমিশন হয়েছে। কিছু কাজ এখনো বাকি আছে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে আমরা কোনো ঝগড়া করিনি। ঝগড়া করেছেন ড. ইউনূস।’বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এবং নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রামীণ ব্যাংকের সাফল্যকে খাটো না করতে সরকারকে সতর্ক করে দিয়েছেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে।বাংলাদেশ সফরকালে গত রোববার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করেন হিলারি। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতি তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ ছাড়া ঢাকায় একটি প্রশ্নোত্তর অনুষ্ঠানে হিলারি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের বিরোধের বিষয়টি আমি ওয়াশিংটন থেকেই নজর রাখছি। আমি শুধু আশা করতে পারি, এমন কোনো কিছু করা হবে না, যাতে গ্রামীণ ব্যাংকের সাফল্য খর্বিত হয়।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মুহাম্মদ ইউনূস ও তাঁর কাজকে সম্মান করি। আমি আশা করি, তাঁর কাজ অব্যাহত থাকবে এবং সরকারের কোনো কর্মকাণ্ডে তা ব্যাহত হবে না। যদি তা হয়, তাহলে তা হবে দুঃখজনক।’ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সরকারি বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় সরকার গত বছর মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। ইউনূসের সমর্থকেরা মনে করেন, সরকার ইউনূসের প্রতি বিদ্বেষপরায়ণ হয়েই এ কাজ করেছে।