আমরা ট্রায়াথলনেও চ্যাম্পিয়ন
বাংলাদেশে প্রথম প্রতিযোগিতামূলক ট্রায়াথলন। অপরিচিত এই খেলাকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টুর্নামেন্ট আয়োজন করে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ। এ নিয়ে লিখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম নেপাল অন্নপূর্ণা হিমালয়ে অন্নপূর্ণারা চার বোন। এর মধ্যে অন্নপূর্ণা ৪ পর্বত সবচেয়ে ছোট। মাত্র ২৪,৬৯০ ফুট উঁচু। সেই পর্বতে ২০০৯ সালের ১৪ জুন লাল-সবুজ পতাকা উড়িয়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর দেশে ট্রায়াথলন আয়োজনের ভূত চেপে বসল মাথায়। এটাও ভাবতে বসে গেলাম, এভারেস্ট অভিযানের পালে একটু হাওয়া লাগাতে ট্রায়াথলন আয়োজন করে সবার নজর কাড়লে কেমন হয়? কিন্তু ২০১০ সালের ২৩ মে বাংলাদেশকে ৬৭তম এভারেস্টজয়ী দেশ হিসেবে পরিণত করার আগে সেটা আর করা হয়নি। যদিও পরিকল্পনা ও উদ্যোগ ছিল তুঙ্গে। অথচ মন এভারেস্টমুখী থাকায় ট্রায়াথলন আয়োজন করা আর হয়নি।এভারেস্টেও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হলো। এরপর অনেকটাই ফুরফুরে মেজাজ। একটা চাপ নেমে গেছে মন থেকে। এবার ট্রায়াথলন আয়োজন করতে উঠেপড়ে লাগলাম। বেছে নেওয়া হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের সহযোগিতায় থাকল জাহাঙ্গীরনগর অ্যাডভেঞ্চার ক্লাব। পরীক্ষামূলকভাবে গত বছরের ১ অক্টোবর আয়োজন করলাম ট্রায়াথলন। সেদিনের সাড়ে ১০ কিলোমিটারের সাঁতার, সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতায় মাত্র ১৪ জন প্রতিযোগী ছিল। সেই দলে ছিলাম আমিও। দেখলাম, প্রতিযোগিতাটা কঠিন। কিন্তু অনুশীলন করলে এবং মনের জোর থাকলে তা খুব বেশি কঠিন নয়। ফলে আত্মবিশ্বাস চলে এল। ভাবলাম, এর পরের আসরটাই হবে আন্তবিশ্ববিদ্যালয় ট্রায়াথলন।ক্রমেই বাংলাদেশ থেকে প্রথম এভারেস্ট জয়ের এক বছর পূর্তির দিনটি ঘনিয়ে এল। এ ক্ষণটিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগরে বড় পরিসরে এবং দেশে প্রথমবারের মতো ট্রায়াথলন আয়োজনের উদ্যোগ নিলাম। প্রতিযোগিতামূলক আন্তবিশ্ববিদ্যালয় ট্রায়াথলন আয়োজনের দিন বেছে নেওয়া হলো ২৮ মে। জাহাঙ্গীরনগরে সাজসাজ রব। উদ্দেশ্য, অ্যাডভেঞ্চার সপ্তাহের মধ্য দিয়ে ট্রায়াথলনকে সবার মধ্যে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে বাংলাদেশের অ্যাডভেঞ্চার অঙ্গনে নতুন এক অধ্যায় সংযোজিত হবে। স্লোগান দেওয়া হলো দুটো—নো পেইন, নো সাকসেস এবং বি ফাস্ট, টু বি ফার্স্ট।ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, বুয়েট, তিতুমীর কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের ২৮ জন প্রতিযোগী অংশ নিলেন এবারের আয়োজনে। আয়োজনের দিন বিকেল চারটার দিকে আকাশ বেশ ভার। ট্রায়াথলনের শুরুতেই ঝমঝমিয়ে বৃষ্টি। প্রকৃতি যেন অ্যাডভেঞ্চার-প্রেমীদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইল। সেই পরীক্ষায় অবশ্য সব প্রতিযোগী, নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ ও জাহাঙ্গীরনগর অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজকেরা লেটার মার্কস পেয়ে পাস।২০০ মিটার সাঁতার, ১০ কিলোমিটার সাইক্লিং, ৩.৩ কিলোমিটার দৌড়—এভাবেই একজন প্রতিযোগী ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেরা প্রতিযোগীর সময় লেগেছে মাত্র ৪৮ মিনিট। আমাদের তরুণেরা যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, এর আরেকটা প্রমাণও হয়ে থাকল এটি। দেশব্যাপী ট্রায়াথলন আয়োজনের পরিকল্পনায় এখন নেমে পড়াই যায়।