এবার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ হয়েছেন তানজীম শরীফ। শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে গত বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানের। কথা হলো তানজীম শরীফের সঙ্গে। এবার আপনি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ হয়েছেন। কেমন লাগছে?অনুভূতিটা নিঃসন্দেহে অনেক আনন্দের। প্রায় সাত মাস আগে সবাই মিলে যে যুদ্ধটা শুরু করেছিলাম, তার পুরো আনন্দটাই এখন আমাকে ঘিরে—এটা ভাবতেই অন্য রকম লাগছে। আমি আব্বু-আম্মুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তা ছাড়া আমার এলাকার মানুষজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন ও দেশবাসী—সবাই মিলে যে সহযোগিতা করেছেন, তার জন্যই এত দূর আসতে পেরেছি। প্রথম আলো বন্ধুসভার ময়মনসিংহের সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ। মজার ব্যাপার হলো, এবার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার প্রথম চারজনের মধ্যে আমি, খেয়ালী আর দীপ্তি প্রথম আলো বন্ধুসভার বন্ধু। তাই আনন্দের মাত্রাটা অনেক গুণ বেড়ে গেছে।আপনার গানের শুরুটা কীভাবে হয়েছিল?আমার নানার পরিবারের সবাই অনেক বেশি সংস্কৃতিমনা। গানে আমার খালা (কোহিনূর খান) জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর কাছেই আমার গানের হাতেখড়ি। এরপর বিভিন্ন শিক্ষকের কাছে তালিম নিয়েছি। আমার যমজ ভাই স্নিগ্ধও এই প্রতিযোগিতায় এবার সেরা ২৫ পর্যন্ত আসতে পেরেছিল। কানে অস্ত্রোপচারের কারণে চিকিৎসকের পরামর্শে প্রতিযোগিতা থেকে ও সরে যায়। গান নিয়ে সামনে কী পরিকল্পনা করছেন?‘সেরা কণ্ঠ’ হওয়ার পর দায়িত্বটা এখন অনেক গুণ বেড়ে গেছে। ভালো শিল্পী হওয়ার জন্য আসলে যা কিছু প্রয়োজন, তার সবই করতে চাই। তবে পড়াশোনাকে অবশ্যই অগ্রাধিকার দেব। আমি এখন নটর ডেম কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্র। ভবিষ্যতে সংগীত পরিচালক হওয়ার ইচ্ছা আছে। গানের বাইরে আর কিছু করছেন?আবৃত্তির সঙ্গেও জড়িত আছি। এ ছাড়া প্রথম আলো গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন এবং একবার রানারআপ হয়েছি। এ ছাড়া ২০১০ সালে প্রথম আলো গণিত অলিম্পিয়াডে ‘সেরাদের সেরা’ হয়েছি।