আমরা ধোয়া তুলসিপাতা নই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা ধোয়া তুলসিপাতা নই। সমালোচনাকে সহনশীলতা দিয়ে গ্রহণ করুন। সমালোচনা আমাদের শুদ্ধ করবে। সরকারের ২০ মাস পর পেছনের সরকারের ব্যর্থতার কথা না বলে নিজেদের নির্বাচনী অঙ্গীকার পূরণের ওপর জোর দিতে হবে। অতীতের সরকার জনগণের জন্য ভালো কিছু করেনি বলেই তো মানুষ আমাদের বিশাল ম্যান্ডেট দিয়েছে। মানুষ আমার গুণের জন্য ভোট দেয় না। ওদের মন্দ কাজের জন্যই আমরা নেগেটিভ ভোট পাই। জনগণ যেন পজেটিভ ভোট দেয়, সে দিকে খেয়াল রাখা দরকার।’ আজ রোববার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দেশে সুস্থ রাজনীতির দুর্ভিক্ষ চলছে। জনসংযোগহীন রাজনীতি আর জনসংযোগহীন সাংবাদিকতা দুটোই ভয়ংকর। রাজনীতি ও সাংবাদিকতার মান পড়ে গেছে। উভয় ক্ষেত্রেই এখন যোগ্যতার অভাব প্রকট। সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যা দেখবেন তা লিখবেন, কারও কাছ থেকে শুনে লিখবেন না।’ তিনি বলেন, ‘ভালো মানুষ এখন আর রাজনীতি করতে উত্সাহী হন না। খারাপ লোকেরা যদি মঞ্চ দখল করে রাখে, তাহলে দেশ ভালো চলে না। সব ক্ষেত্রেই বারোটা বেজে গেছে। বহু কাগজ ৫০ কপির বেশি ছাপা হয় না, কিছু লোক ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকতা করে।’ছাত্র রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ছাত্র রাজনীতি হলো জাতীয় রাজনীতির প্রজননকেন্দ্র। নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব থাকতে হয়। ২০ বছর ডাকসু নির্বাচন হয় না। ছাত্র কি অছাত্র, তার বালাই নেই। কারও কাছে ভোট চাইতে হয় না, ফলে জবাবদিহিতা নেই।