‘শুটিং করার পর আর নাটকটি দেখা হয়নি। আর শুটিংয়ের সময় যে অভিজ্ঞতা হয়েছিল, তা মনে হলে এখনো আঁতকে উঠি। যেমন ছিল শীত, তেমনি ছিল গরম। রাতে এত কুয়াশা থাকত যে কয়েক হাত সামনে কিছু দেখা যেত না। আর গরমের সময় গায়ে কাপড় রাখা দায় হয়ে পড়েছিল।’ বললেন সুমন পাটওয়ারী। ধারাবাহিকটির নাম ইশকুল। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন রেদওয়ান রনি। কথা হলো সুমন পাটওয়ারীর সঙ্গে।‘ইশকুল’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমি যেখানেই শুটিং করতে যাই, সেখানেই আগে ভালো খাবারের হোটেল খুঁজে বের করি। আমরা কাজ করেছি পাবনার ভাঙ্গুড়াতে। বেশ প্রত্যন্ত এলাকা। ওখানে খাবারের যে হোটেলটি আছে, সেটি রেলস্টেশনে। তা-ও আবার নামেমাত্র হোটেল। জানতে পারলাম, এই এলাকায় হোটেল না থাকার কারণ সবাই বাড়ি গিয়ে ভাত খায়। পরে অবশ্য প্রোডাকশনের ওপরই নির্ভর করতে হয়েছে।নাটকে আপনার চরিত্রটি কী রকম?স্কুলের হেডমাস্টার। ছাত্রছাত্রীদের স্বাধীনতায় বিশ্বাসী। যেকোনো ধরনের নির্যাতনের পুরোপুরি বিরুদ্ধে আমি। এটিএন বাংলার ‘নট আউট’ ধারাবাহিকের খবর কী?আমরা কয়েকজন মেসে থাকি—আমি, সংগীতশিল্পী শাহেদ, সাজু, বাপ্পি আশরাফ। আমাদের এই মেসের জীবন নিয়ে নাটকের গল্প। পরিচালনা করছেন শাফায়েত মনসুর। অভিনয়ের বাইরে আর কী করছেন?আমরা নতুন ব্যান্ড গড়েছি। নাম দিয়েছি রেট্রো। আমি ছাড়া এই ব্যান্ডের অন্য সদস্যরা হলেন ফুয়াদ ইবনে রাব্বি ও সুমন। সঙ্গে আরও কয়েকজন আছেন। তাঁরা আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকছেন। আমরা এখন নিয়মিত প্র্যাকটিস করছি। শিগগিরই একটি কনসার্টের মধ্য দিয়ে আমরা সবার সামনে আসার পরিকল্পনা করছি।