পাটের জীবনরহস্য উন্মোচন করে দেশবাসীকে সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়েছিলেন জিনবিজ্ঞানী মাকসুদুল আলম। ওই সুসংবাদ শোনার পর দেশবাসী অপেক্ষায় ছিল, এর পরে তিনি কী করতে যাচ্ছেন। গতকাল বুধবার বাংলাদেশকে আবারও একটি সুসংবাদ দিলেন তিনি। পাটসহ বিশ্বের ৫০০টি উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন তাঁর নেতৃত্বে বাংলাদেশি বিজ্ঞানীরা। পাট গবেষণা ইনস্টিটিউটে তাঁর কার্যালয়ে এই সাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার মাহমুদ প্রশ্ন: পাটের পর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করলেন, এই গবেষণার গুরুত্ব ও ধরন সম্পর্কে কিছু বলুন।উত্তর: জেনোম গবেষণা অন্য আর দশটা গবেষণার মতো নয়, এটি একটু ভিন্ন ধরনের। ধরা যাক, কোনো এক নির্জন অন্ধকার রাস্তায় আপনার একটা পয়সা পড়ে গেছে। এখন আপনি কী করবেন? আপনার মোবাইল ফোনের টর্চ জ্বেলে খুঁজতে পারেন। এভাবে খুঁজে পেতে আপনাকে অনেক সময় ও শ্রম ব্যয় করতে হবে। আর যদি রাস্তায় ল্যাম্পপোস্টের সব বাতি জ্বালিয়ে দেখা যায়, তখন পয়সাটি অতি সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে। জেনোম গবেষণা হলো কোনো একটি জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জানার তেমনি এক বিজ্ঞান, যা মুহূর্তেই গবেষণাকে করতে পারে সুনির্দিষ্ট ও সহজলভ্য।প্রশ্ন: আপনারা কীভাবে কাজটি করলেন? উত্তর: গবেষণাটি যখন শুরু করি তখন ভেবেছিলাম পাঁচ বছর সময় লাগবে। আমাদের একজন বিজ্ঞানী প্রশ্ন তুললেন, এক বছরের মাথায় আমরা কেন ছত্রাকের জীবনরহস্য বের করেছি। জীবনরহস্য উন্মোচনের পর তার আন্তর্জাতিক স্বীকৃতি ও আনুষ্ঠানিকতা সারতে সময় লেগে গেল। এটা আমাদের জন্য ছিল অভাবনীয়। অবশ্য এ ধরনের গবেষণার ক্ষেত্রে এমনটাই হয়। দুই বছরের লক্ষ্য নিয়ে শুরু করলে অনেক সময় পাঁচ বছর লেগে যায়। আবার আমরা পাঁচ বছরের কাজ এক বছরে শেষ করে এনেছি। আপনি যদি সূত্রটা একবার ধরে ফেলতে পারেন, তা হলে বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এ ধরনের গবেষণার জন্য কঠোর গোপনীয়তা রাখা বাঞ্ছনীয়। আমরা সফলতার সঙ্গে তা করতে পেরেছি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে এই প্রকল্পের আওতায় একটি গবেষণাকেন্দ্র স্থাপন করা হয়। সেখানে উন্নতমানের আনুষঙ্গিক প্রযুক্তির ব্যবস্থা করা হয়। সেখানেই মূল কাজটি করেছে বাংলাদেশে বিজ্ঞানীরা। এই গবেষণার জন্য মাঠপর্যায় থেকে শুরু করে ল্যাবরেটরি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের গবেষক ও বিশেষজ্ঞরা কাজ করেছেন। তবে গবেষণার প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। ২০০৯ সালে আমরা যখন পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণা শুরু করি, তখন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ডাটাসফট কাজ করেছে।কিন্তু গবেষণার দ্বিতীয় পর্যায়ে যখন আমরা ফলিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি, তখন আমাদের দরকার পড়েছে স্থায়ী ও টেকসই কাঠামো ও জনবলের। সে ক্ষেত্রে সরকারি সংস্থার বিজ্ঞানীরা এবং জনবলের ওপর আমাদের ভরসা করতে হয়েছে। আমরা যখন গবেষণাটি শুরু করি তখন অনেকে বলেছিল, সরকারি লোকেরা অলস ও অদক্ষ। তাঁদের দিয়ে গবেষণাটি সফল করা যাবে না। এ ধারণা আমরা ভুল প্রমাণ করেছি। আমাদের গবেষকেরা এখানে দিন-রাত কাজ করেছেন। কারও কোনো অফিসের সময়সূচি বেঁধে দেওয়া ছিল না।বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের তরুণ বিজ্ঞানীদের যাচাই-বাছাই করে আমরা সঙ্গে নিয়েছি। বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ডের প্রযুক্তিবিদেরা আমাদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি দিকটি দেখভাল করেছেন। তাঁদের আমরা প্রয়োজন অনুযায়ী মালয়েশিয়া, ডেনমার্ক ও চীনে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছি। তাঁরা ওই প্রশিক্ষণ আর মেধা ও দেশপ্রেম দিয়ে কাজ করেছেন। বেতন বা আর্থিক সুবিধার কথা তাঁরা চিন্তা করেননি। কাজের পরিবেশ করে দিতে পারলে এ দেশের তরুণেরা যে বিশ্বমানের কাজ করতে পারবে, তার প্রমাণ হচ্ছে এই গবেষণার ফলাফল। এই গবেষণা করতে গিয়ে এখানকার অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আমাদের এই গবেষণার অন্যতম তত্ত্বাবধানকারী মনজুরুল আলমের স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি যেতে পারেননি। এখানে কাজ করে গেছেন। তাঁর মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে অথচ তাঁকে সারা দিন-রাত গবেষণাকেন্দ্রে পড়ে থাকতে হয়েছে। রাত ১০টার আগে কেউই গবেষণাকেন্দ্রটি ছেড়ে যেতে পারেননি। অনেক সময় মধ্যরাত পর্যন্ত বা সারা রাতও কাজ করতে হয়েছে। সবাই দেশের সাফল্য ও সম্মান আনার জন্য সবকিছু হাসিমুখে মেনে নিয়েছেন।প্রশ্ন: দেশের মানুষ এই গবেষণা থেকে কতটুকু বা কীভাবে উপকার পাবে?উত্তর: আমি তো মনে করি এই গবেষণার ফলাফলকে ব্যবহার করে আমরা বাংলাদেশের ইতিহাসকে বদলে দিতে পারি। কাণ্ডপচা রোগের কারণে আমাদের প্রতিবছরই পাটের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির অভাবে আমরা পাট পচাতে পারছি না। সামনের দিনগুলোতে পানির সংকট আরও বাড়বে।আমরা এখন এমন জাত উদ্ভাবন করতে পারি, যা অল্প পানিতে দ্রুত পচে যাবে, পাটের আঁশও অনেক সুন্দর হবে। তা হলে অনেক সুবিধা হবে। শুধু পাটের ক্ষেত্রে নয়; ধান, গম, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখীসহ অনেক ফসলের জন্য ছত্রাকের আক্রমণ বড় সমস্যা। আমরা ছত্রাক প্রতিরোধক জাত উদ্ভাবন করতে পারব। যেমন ধরুন, আমি যখন হাওয়াই বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা শুরু করি তখন সেখানকার পেঁপেচাষিরা অনেক ধরনের সমস্যার মধ্যে ছিলেন। নানা রোগের কারণে পেঁপেগাছ মারা যেত। উৎপাদন কম হতো। আমরা পেঁপের জীবনরহস্য উন্মোচনের পর হাওয়াই রাজ্য এখন প্রতিবছর পাঁচ কোটি ডলারের পেঁপে রপ্তানি করতে পারছে। পাট থেকে এখন আমরা খুব সামান্য বিদেশি মুদ্রাই অর্জন করি। কিন্তু আমরা যদি পোশাকসহ অন্যান্য শিল্পে ব্যবহারের উপযোগী উন্নতমানের পাটের জাত উদ্ভাবন করি তা হলে তা বাংলাদেশের ভাগ্যও বদলে দেবে। এ দেশের কৃষকেরা উন্নত জাত পেলেই খুশি। পরিশ্রম করে তাঁরা সেই জাত উৎপাদন করে নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রশ্ন: এই গবেষণার আর কী গুরুত্ব আছে?উত্তর: এ তো গেল ফসলের জাতের কথা। এই গবেষণা প্রযুক্তির ক্ষেত্রেও বাংলাদেশকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের গবেষণার মাধ্যমে জৈবতথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের তরুণ বিজ্ঞানীরা যে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করলেন তার গুরুত্বও কম নয়।যেমন ধরুন, বিশ্বজুড়ে জৈবতথ্যপ্রযুক্তি খাত শক্তিশালী ও বড় হচ্ছে। ভারত একাই প্রতিবছর দুই বিলিয়ন ডলার অর্থ আয় করে জৈবতথ্যপ্রযুক্তি সেবা দিয়ে। যুক্তরাষ্ট্রের এই খাতে আয় আরও বেশি। বাংলাদেশও এই খাতে প্রবেশ করতে পারে। আমরা পাট গবেষণা ইনস্টিটিউটে যে অবকাঠামো গড়ে তুলেছি তাকে ব্যবহার করে আমরা জৈবতথ্যপ্রযুক্তি সেবার বিশ্ববাজারে প্রবেশ করতে পারি। অন্য দেশ বা প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন সম্ভব।প্রশ্ন: বৃহৎ পরিসরে জৈবতথ্যপ্রযুক্তি সেবার বাজারে প্রবেশ করার জন্য কি বাংলাদেশের জনবল প্রস্তুত?উত্তর: একসময় তো বাংলাদেশে পোশাকশিল্প ছিল না, এখন তো বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক প্রস্তুতকারী রাষ্ট্র। বিশ্বের যেকোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সাহস ও যোগ্যতা বাংলাদেশের মানুষের আছে। আমি পাট ও ছত্রাকের ওপর কাজ করতে গিয়ে অনেক তরুণের সঙ্গে মিশেছি। তাদের ভেতরে আমি চাপা দেওয়া আগুন দেখেছি। সুযোগ ও পরিবেশের অভাবে সে প্রতিভার আগুনকে আমরা কাজে লাগাতে পারছি না।জেনোম গবেষণার জন্য আমরা এখানে যে অবকাঠামো গড়ে তুলেছি তা বিশ্বমানের। বিশ্বের যেকোনো উন্নত দেশের গবেষণাকেন্দ্রের সঙ্গে আমরা প্রতিযোগিতা দেওয়ার সামর্থ্য রাখি। আমরা এখানকার তরুণদের দক্ষতা তৈরি করেছি, তা নিয়ে জেনোমবিষয়ক যেকোনো গবেষণা ও উদ্যোগ শুরু করা যাবে। আমার স্বপ্ন, এখানে একটি জেনোম গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠবে। দেশের তরুণেরা এখানে প্রশিক্ষণ নেবে। এরাই বাংলাদেশকে বদলে দেবে।প্রশ্ন: আমাদের অনেক সম্ভাবনার কথা আপনি বলছেন, কিন্তু এই দেশ নিয়ে অনেকের হতাশাও আছে।উত্তর: দেখুন, এই দেশকে বদলে ফেলতে হলে আমাদের একটি জাগরণ দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের সময় আমি রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। তিনি বলেছিলেন, আপনারা ঘুষ খাবেন না। এই যে একটা আহ্বান তিনি দিলেন তা সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। আমাদের যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের দেশটাকে বদলে ফেলার প্রতিজ্ঞা করতে হবে।যেমন ধরুন, আমরা যখন ২০০৯ সালে পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণার অর্থ জোগাড় করতে সরকারি বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ আমাদের সাড়া দেয়নি। প্রথম আলোতে আপনারা লিখলেন আমাকে দিয়ে পাটের জীবনরহস্য উন্মোচনের সম্ভাবনার কথা নিয়ে। আমি পেঁপে ও রাবারের জীবনরহস্য উন্মোচন করেছি, এ কথাও আপনাদের পত্রিকার মাধ্যমে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানতে পারলেন। তিনি আমাকে টেলিফোন করে দেশে আসতে বললেন। পাটের জীবনরহস্য উন্মোচনের জন্য অর্থের জোগান দিলেন। দ্বিতীয় পর্যায়ের গবেষণার ক্ষেত্রে তিনি অর্থের ব্যবস্থা করলেন।মতিয়া চৌধুরী একদিন আমাকে একটি সভায় বললেন, ‘প্রথম আলো যদি আপনাকে নিয়ে ওই প্রতিবেদন না লিখত তা হলে আপনাকে আমরা খুঁজে পেতাম না। এই গবেষণা প্রকল্পটিও হতো না।’ আপনি দেখেন আজ যে আমরা পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের সফলতা নিয়ে কথা বলছি তার পেছনে কিন্তু আরেকটি ইতিহাস আছে। সেটা হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পাটের জীবনরহস্য উন্মোচনের আকাঙ্ক্ষার কথা প্রথম আলোতে যে উঠে এল তা একটি সফলতার দিকে আমাদের নিয়ে আসতে সহায়তা করল। এভাবে আমরা সবাই যদি দেশকে এগিয়ে নিতে চাই তা হলে এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রশ্ন: কিন্তু আপনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক। সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশের জেনোম গবেষণায় নতুন প্রজন্ম তৈরি করতে আপনি কি যুক্তরাষ্ট্রের এত সুযোগ-সুবিধা ছেড়ে দেশে আসবেন? উত্তর: দেখুন, সন্তান যত বড়ই হোক, সে কি মাকে ছেড়ে থাকতে পারে। দেশটা তো মায়েরই মতো। এখানে আমার জন্ম। শিক্ষা ও গবেষণার প্রয়োজনে আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি। কিন্তু আমি কখনো দেশকে ভুলে থাকতে পারি না। প্রশ্ন: তার মানে, আপনি দেশে ফিরে আসতে চান?উত্তর: আমি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি তার নির্যাস আমি আমার মাতৃভূমিকে দিতে চাই। আমি যে গবেষক দল তৈরি করেছি তাদের নিয়ে আমি আরও নতুন নতুন গবেষণা ও গবেষক তৈরি করতে চাই। সুযোগ ও কাজের পরিবেশ পেলে যে অনেক কিছু সম্ভব তা আমাদের গবেষকেরা প্রমাণ করে দিয়েছেন। এখানেই বাংলাদেশের ভবিষ্যৎ। এদের নিয়েই আমরা চলুন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আসুন দেশকে মায়ের মতোই ভালোবাসি।