আমরা পাই পুরস্কার, বিএনপি পায় তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ কিছু পায়। ক্ষমতায় এলে আমরা আন্তর্জাতিক পুরস্কার পাই, বিএনপি পায় তিরস্কার। হত্যা, খুন, জঙ্গিবাদ, বোমা হামলা, বাংলা ভাই ও লুটতরাজ ছাড়া আর কিছুই দিতে পারেনি তারা।’আজ বুধবার বিকেলে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২৫ হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছিল। তারা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আশ্রয় নিয়েছিল। ওদের নির্যাতন থেকে রেহাই পাননি সংবাদকর্মীরাও।নৌযানে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী: নৌযানে অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌপথে নিরাপত্তার জন্য ফিটসেনবিহীন নৌযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌপথে চলাচলকারী অনেক নৌযানের চালকদের প্রশিক্ষণ নেই। তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করতে হবে।আজ বুধবার বেলা পৌনে ১১টায় বরিশাল আধুনিক নৌবন্দর ভবন উদ্বোধন, মেরিন একাডেমি এবং বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চল সব সময় অবহেলিত ছিল। ধান-নদী-খালের বরিশাল আজ বিলুপ্তির পথে। স্বাধীনতার মাসে বরিশালের মানুষের চাহিদা পূরণ করতে একসময়ের শস্যভান্ডার বরিশালের হারানো ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা হবে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের নৌপরিবহনব্যবস্থার আরও উন্নয়ন করা হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে অবৈধ দখল ও নদী যাতে ভরাট করতে না পারে ,সে জন্য আইন করা হয়েছে। এরই মধ্যে ৫৩টি নদীর খননকাজ শুরু হয়েছে। সবচেয়ে অবহেলিত বরিশালকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য উদ্যোগ নেওয়া হবে।শেখ হাসিনা আরও বলেন, ‘জাতিসংঘ ১৯৮৩ সালে সমুদ্র রক্ষা আইন করে। আর বাংলাদেশ ১৯৭৪ সালে সমুদ্র রক্ষা আইন করেছিল। এই মার্চ মাস স্বাধীনতার মাস। এই মার্চ মাসেই আমরা সমুদ্র বিজয় করেছি। এক লক্ষ ১১ হাজার ১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমার ন্যায্য হিস্যা আমরা পেয়েছি। ২০১৪ সালে ভারতের সঙ্গেও সমুদ্র-সমস্যার ন্যায্য সমাধান করতে পারব। এর মাধ্যমে শুধু মত্স্য নয়, খনিজ তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ হব আমরা।’ তিনি বলেন, ‘শুধু রাজধানীকেন্দ্রিক উন্নয়ন নয়, আমরা আঞ্চলিক ও অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ নিয়েছি।’নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল সিটি মেয়র শওকত হোসেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।