আমরা প্রটোকল বুঝি না, ছিটমহল বিনিময় চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে। ১২টি ছিটমহলের শতাধিক বাসিন্দা অনশনে অংশ নিয়েছে। অনশনে অংশ নিয়ে ছিটমহলের প্রতিনিধিরা বলেন, ‘আমরা প্রটোকল বুঝি না। ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়ন চাই। বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় চাই।’ প্রতিনিধিরা বলেন, প্রটোকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তাঁরা সুনির্দিষ্ট একটি তারিখ ঘোষণার দাবি করেন। ছিটমহলের বাসিন্দারা জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগমনে তাদের সমস্যা সমাধান হবে বলে আশা করেছিল। কিন্তু তা হয়নি।নাজিরগঞ্জ ছিটমহলের প্রতিনিধি সুরবালা বলেন, ‘হামরা তো বাংলাদেশি হবার চাই। এলা কেনে এনু হই’ (আমরা বাংলাদেশি হতে চাই। কিন্তু এ রকম হলো কেন)। এদিকে অনশনে অংশ নিয়ে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশের অন্যতম নেতা মো. সিরাজুল ইসলাম বলেন, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভারতীয় অংশেও আজ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে।যৌথ গণনায় পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১২টি ছিটমহলে ১৮ হাজার ৮৯১ জন লোকের বসবাস। এর মধ্যে পুরুষ নয় হাজার ৭৯১ জন এবং নারী নয় হাজার ১০০ জন। ছিটমহলগুলো হলো—গাড়াতি, সিংহিমারী, নাটক টোকা, বেহুলা ডাঙ্গা, বালাপাড়া খাস বাড়ি, কোর্ট ভাজনি, দহলা খাগড়া বাড়ি, কাজল দিঘি, পুটিমারী, নাজিরগঞ্জ, দই খাতা ও শালবাড়ি। গতকাল বুধবার গাড়াতি ছিটমহলে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।