আমরা বেপরোয়া ড্রাইভারের চেয়েও বেপরোয়া নেতা : কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের রাজনৈতিক দলের নেতারা কোনো ঘটনায় একে অপরের ওপর দোষারোপ করি, বিষোদগার করি। আমরা বেপরোয়া ড্রাইভারের চেয়েও বেপরোয়া নেতা হয়ে যাই।’আজ বুধবার দুপুরে গাজীপুর পৌরসভার হল রুমে আয়োজিত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় ওবায়দুল কাদের ওইসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘কিছু চালক বেপরোয়া, তাঁরা লাশ ফেলছেন রাজপথে। আর কিছু নেতা বেপরোয়া, তাঁরা গণতন্ত্রকে লাশ বানাচ্ছেন সংসদে। আমাদের রাজনৈতিক নেতাদের শালীনতায় ফিরে আসতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। রাজনীতির বেপরোয়া ভাব নিয়ন্ত্রণ করা গেলে বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণ করা যাবে। জাতীয় সংসদে চরিত্রহননের যে কুরুচিপূর্ণ কথা বলা হয়, তা থেকে দেশের শিশু-কিশোররা কী শিখল? বিরোধী দল সংসদে এলেই সংসদ কার্যকর হবে। অথচ গত তিন দিন তারা আমাদের কী শোনাল। পৃথিবীর কোন দেশের সংসদে এত অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, তা কখনো শুনিনি।’যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘পরিবেশ বিপর্যয় হচ্ছে, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু নদী দূষণ হচ্ছে। সুন্দরবন সপ্তাশ্চর্য নির্বাচনে আমাদের হাতছাড়া হয়ে গেল। কোন রাজনৈতিক প্লাটফর্ম থেকে সুন্দরবনকে ভোট দিন—এ কথা কে বলেছে, তা আমার জানা নেই। ‘নিরাপদ সড়ক চাই স্লোগান কি কোনো রাজনৈতিক দল তুলেছে? এটা কি শুধু ইলিয়াস কাঞ্চনের দায়িত্ব? আমাদের কোনো দায়িত্ব নেই?’ওবায়দুল কাদের বলেছেন, ‘শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনে না। আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্যও ভাবতে হবে, কাজ করতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে হলে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। আমি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি। অথচ আমার সড়কে নিরাপত্তা নেই! এ দেশের রাস্তায় প্রতিদিন মাছির মতো, পাখির মতো মানুষ মরে। অনেক ক্ষেত্রে তাদের ভাগ্যে দাফন-কাফন জোটে না। তাদের পরিচয়ও অনেকে জানে না। তবে দুই-একজন বিখ্যাত লোকের মৃত্যু হলে তখন আলোচনার ঝড় বয়ে যায়।’‘নিরাপদ সড়ক চাই’ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, ‘নিরাপদ সড়ক চাই’য়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিববহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী, গাজীপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আব্দুল করিম প্রমুখ। দি আমেরিকান সেন্টার, আমেরিকান অ্যাম্বাসি ও নিসচার যৌথ উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।