‘আমরা ভালো আছি, তোমরাও ভালো থাকতে পারো। মাদক বর্জন করো, সুস্থ জীবন গড়ে তোলো’ স্লোগান নিয়ে সমুদ্রসৈকত কুয়াকাটায় গতকাল শুক্রবার দুপুরে দীর্ঘ মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী মাদকবিরোধী মিলনমেলা।অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩৫০ জন মাদক নিরাময় যুবক। লাল-নীল টি-শার্ট পরা এই যুবকেরা হাতে হাত রেখে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে দেন মাদকের ভয়াবহতার কথা।বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র (বারাকা) ও মাদক নিরাময়কেন্দ্রগুলোর সমন্বিত সংগঠন ‘নারকব’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে সহায়তা দিচ্ছে বরিশালের মাদক নিরাময় কেন্দ্র ‘হলিকেয়ার’।গতকাল সকালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক নিরাময় ব্যক্তিরা কুয়াকাটায় আসতে শুরু করেন। দুপুরের মধ্যে কুয়াকাটা সৈকত পরিণত হয় তাঁদের মিলনমেলায়। রাজশাহী থেকে আসা শান্ত বলেন, ‘সত্যি, জীবন অনেক সুন্দর, তা আজ উপলব্ধি করছি। আর যেন কেউ মাদক না নেন, আমরা এখান থেকে সেই আহ্বান জানাচ্ছি।’ কুমিল্লা থেকে আসা জুয়েল ও হাসান বলেন, ‘আর যাতে কেউ মাদক সেবন করে নিজের জীবনকে বৃথা না করেন, আমরা এখন থেকে সেই লক্ষ্যে কাজ করব।’ রংপুরের বিপ্লব বলেন, ‘এই মিলনমেলা থেকে আমরা মাদকের ভয়াবহতা সম্পর্কে আরও বেশি সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব।’বর্ণাঢ্য এই আয়োজনের সঙ্গে একাত্মতা জানাতে সেখানে উপস্থিত হন কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. আউয়ালসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।পরে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বারাকার সমন্বয়কারী বকুল ডি কস্তা। তিনি বলেন, ‘বাংলাদেশের যুবশক্তিকে ধ্বংস করে দিচ্ছে মাদক। মাদকের ছোবল থেকে আজ যাঁরা সুস্থ জীবনে ফিরে এসেছেন, তাঁরা প্রতিনিয়ত নিজের মধ্যে অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করছেন। তাঁরা সেই যুদ্ধে জয়ী হয়ে এখনো মাদক থেকে নিজেদের দূরে রেখেছেন। তাঁদের আরও উৎসাহিত করতে আমরা এই মিলনমেলার আয়োজন করেছি। প্রতিবছর এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।’ভারপ্রাপ্ত ইউএনও মো. আ. আউয়াল বলেন, মাদকের বিরুদ্ধে এই জয় দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এ ধরনের মিলনমেলা এ দেশে সত্যিই ব্যতিক্রম।আজ শনিবার মিলনমেলার শেষ দিনে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিরাময়ে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।