বুলগেরিয়ার গ্র্যাব্রাভোবাসীর কৃপণতা নিয়ে নানা রকম কথা চালু আছে পৃথিবীজুড়ে। যেমন, ওরা নাকি ম্যাচের একটা কাঠিকে দুই ভাগ করে নেয়। যাতে একটা কাঠি দিয়ে দুবার আগুন জ্বালানো যায়। শুনে ঠোঁট উল্টাচ্ছেন, ‘ব্যাটারা কেমন কিপ্টুস, একটা ম্যাচের কাঠি, কয় পয়সাই বা তার দাম। তাও নাকি দুই ভাগ করে ব্যবহার করে!’ অথচ একবার নিজেদের দিকে তাকান। দেখতে পাবেন, ওরা আমাদের চেয়ে হাজার গুণে ভালো। এটা বুঝতে হলে আপনাকে সামান্য কষ্ট করে ঢুকতে হবে আপনার বাসার রান্নাঘরটায়। দেখুন চুলায় কিচ্ছু চাপানো নেই, তবু জ্বলছে চুলা। ভাবছেন, ওহ! এই ব্যাপার! এ আর এমন কী! প্রতিবেশীর হাঁড়ির খবর নিন, নিদেনপক্ষে টিভি আর পত্রিকার খবর দেখুন-পড়ুন; টের পাবেন এটাই এখন একটা বিরাট ব্যাপার।ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন গ্যাসের সংকট চলছে। রাজধানীর নানা প্রান্ত থেকে প্রতিদিন পত্রিকা অফিসে ফোন, ই-মেইল আর চিঠি আসছে চুলায় গ্যাস না থাকার কথা জানিয়ে। কোথাও কোথাও গ্যাস যদিও পাওয়া যায়, তাতে রান্না করার মতো অবস্থা থাকে না, কারণ টিম টিম করে চুলা জ্বলে। এর কারণ খুঁজতে গিয়ে জানা যায়, দেশে যেসব উত্স থেকে গ্যাস সরবরাহ করা হতো, সেখানে দিন দিন কমে যাচ্ছে গ্যাসের পরিমাণ। ফলে যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ গ্যাস উত্পাদন বা সরবরাহ করা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। এর মধ্যেই আবার যদি গ্যাসের অপচয় করা হয়, তাহলে সেটা হয়ে যাবে বোঝার ওপর শাকের আঁটি চাপানোর মতোই একটা ব্যাপার। সরকারি আর বেসরকারি হিসাব অনুযায়ী এভাবে যদি চলতে থাকে, তাহলে গ্যাসের উত্স ফুরিয়ে যেতে বেশি দিন লাগবে না। আর তখন সারা দেশে নেমে আসবে অচলাবস্থা। আপনি ভাবছেন আপনার বাড়ির এক কোনায় একটা মোটে চুলা, সেটা সারা দিন জ্বললেই বা কী আসে যায়। বিষয়টা বোঝাতে সেই পুরোনো কলসি আর পানিবিষয়ক উদাহরণটাই টেনে আনি। ধরা যাক একটা কলসিতে ১০ জন লোকের জন্য ১০ গ্লাস পানি রাখা আছে। এখন পাঁচজনকে সুযোগ দেওয়া হলো পানি খাওয়ার। সেই পাঁচজন এক গ্লাস করে পানি খেল, আর এক গ্লাস করে ঢেলে ফেলে দিল। তাহলে শেষ পর্যন্ত ঘটল কী? বাকি পাঁচজন আর পানি খেতে পারল না আগের পাঁচজনের অপচয়ের কারণে। গ্যাসের বিষয়টাও ঠিক সে রকম। আপনি যদি গ্যাস ব্যবহারের সুযোগ পেয়ে তার অপচয় করেন, তাহলেও ওই একই ঘটনা ঘটবে। অর্থাত্ আপনার বাড়িতে রান্না হবে ঠিকই, কিন্তু আপনার পড়শির ঘরে আর চুলা জ্বলবে না।আমাদের এই শহরে গ্যাসের অপচয় হয় নানা অছিলায়, নানা উপায়ে। প্রথমে বলি আমাদের বাড়িওয়ালাদের ফাঁকিবাজির কথা। খুঁজলে এ রকম অসংখ্য বাড়ি পাওয়া যাবে, যেখানে একটি চুলার অনুমতি নিয়ে চালানো হচ্ছে দুটি। কেননা যেখানে গ্যাসের বিল দিতে হয় মিটারের বদলে চুলা হিসাবে, সেখানে সুযোগসন্ধানীরা যে একটার জায়গায় দুটি চুলা বসিয়ে নেবে এটাই স্বাভাবিক। এসব দেখার কেউ নেই, অভিযোগ করারও কাউকে পাওয়া যায় না। অথচ হেঁশেলের এই দুর্নীতি শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে জাতীয় পর্যায়ে।এরপর আসা যাক দ্বিতীয় পর্যায়ের অপচয়ে। বাঙালি নাকি মাগনা পেলে আলকাতরাও সাদা লুঙ্গিতে করে নিয়ে নেয়। এর খানিকটা হলেও দেখতে পাবেন আমাদের রান্নাঘরগুলোয়। যেখানে মাত্র একটা ম্যাচের কাঠি বাঁচানোর জন্য রান্নাঘরের কর্ত্রীরা দিন-রাত চুলা জ্বালিয়ে রাখেন। শিক্ষিত গৃহিণী আর অশিক্ষিত কাজের বুয়ারা—কেউ এই পাল্লায় কারও চেয়ে পিছিয়ে পড়বেন না। সেই সঙ্গে সামান্য আলসেমি করে ছাদের বদলে রান্নাঘরে চুলা জ্বালিয়ে কাপড় শুকানোর ঘটনা তো হরহামেশাই ঘটছে। তার চেয়েও বড় কথা, ঘটনাগুলো অহরহ ঘটে আমাদের চোখের সামনেই। এভাবে আমরা প্রতিনিয়ত গ্যাসের অপচয় করে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। অথচ এসব দেখার যেন কেউ নেই। না থাকুক। আমরা কি তাই বলে এমন করতেই থাকব? কারও বাড়িতে ঢুকে আমরা কি টুক করে কোনো একটা জিনিস পকেটে পুরে ফেলি এই ভেবে যে, কেউ তা দেখছে না। তাহলে জাতীয় সম্পদ প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেই বা কেন এমন হবে? আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। আমরা যদি না জাগি, তাহলে সকাল হবে কেমন করে?