আমরা যা পারিনি, তোমরা তাই-ই করে দেখাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দঘন পরিবেশে তোমরাই প্রথম ২০০৯ সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিলে। এবার আরেকটি পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে তোমরা যেমন আনন্দিত, তোমাদের এ সুযোগ করে দিতে পেরে আমিও আনন্দিত।২০১০ সালের আগে অষ্টম শ্রেণীতে ও ২০০৯ সালের আগে পঞ্চম শ্রেণীতে সব ছাত্রছাত্রীকে বার্ষিক পরীক্ষা দিতে হতো। আর তুলনামূলকভাবে মেধাবীদের আরও দিতে হতো বৃত্তি পরীক্ষা। স্কুলের সুনাম, মেধাবী ছাত্রছাত্রীদের ব্যক্তিগত অর্জনের পেছনে শিক্ষকেরা তাঁদের সবটুকু মনোযোগ, চেষ্টা ও আন্তরিকতা ঢেলে দিতেন। আর অন্যদের ক্লাসের প্রতি ততটা মনোযোগ না থাকায় তাদের ক্লাসও কম হতো। তারা অবহেলা, বৈষম্য আর বঞ্চনার শিকার হতো। বিপুলসংখ্যক ছাত্রছাত্রী ঝরে যেত।শিক্ষার মান বৃদ্ধি, দেশজুড়ে সমতা অর্জন, সুষ্ঠু প্রতিযোগিতার ব্যাপ্তি সম্প্রসারণ ও শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কমানোর জন্য বর্তমান সরকার নতুন এ পদ্ধতি প্রবর্তন করেছে। রাতারাতি এসব অর্জন সম্ভব হবে, তা আমিও মনে করি না। তবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সব মহলে একটি সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠবে। শিক্ষকেরা আরও দায়িত্বশীল হবে। এ পদ্ধতিতে সারা দেশের সব ছাত্রছাত্রী সমান সুযোগ পাবে। এখন একটি পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া এবং একটি রাষ্ট্রীয় সনদ পাওয়ার জন্য ঝরে যাওয়ার মতো ছাত্রছাত্রীরা প্রথমে পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী ও পরে জেএসসি বা জেডিসি পরীক্ষায় অংশ নিতে সচেষ্ট থাকছে। তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠছে, অনুপ্রাণিত হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে উত্সাহিতও। কমছে ঝরে পড়ার হার। জীবনের প্রথমেই একটি জাতীয় সনদ অর্জন করে এসব ছাত্রছাত্রী নিজেদের একজন গর্বিত নাগরিক ভাবার সুযোগ পাচ্ছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে আমরা পরীক্ষার সংখ্যা বাড়াইনি, বরং আগের দুটি পরীক্ষার স্থলে কমিয়ে এখন একটি পরীক্ষা নিচ্ছি।তোমরাই জাতির ভবিষ্যত্। আমরা তোমাদের সুন্দরভাবে গড়ে তোলার জন্য বছরের প্রথম দিনে বিনা মূল্যে বই দিচ্ছি, প্রথম দিন থেকেই ক্লাস শুরু করছি, সুনির্দিষ্ট দিনে পরীক্ষা শুরু করছি, ফলাফল প্রকাশ করছি, সর্বস্তরে তথ্যপ্রযুক্তিসেবা পৌঁছে দিচ্ছি। তোমরা এসব সুযোগ-সুবিধার সবটুকু গ্রহণ করবে। আমাদের সময়ে আমরা যা পারিনি, তোমরা তা-ই করে দেখাবে। তোমরা আধুনিক প্রযুক্তির যুগের প্রজন্ম। তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের সুন্দর দেশটিকে আরও সুন্দর, উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবে, এ-ই আমাদের প্রত্যাশা।আনন্দময় পরিবেশে খুব ভালো করে পরীক্ষা দেবে তোমরা। নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবে। পরীক্ষার আগে বেশি রাত জাগবে না। তোমাদের সবার সফলতা কামনা করছি।